Category: খেলাধুলা

  • কটিয়াদীতে গোল্ডকাপ ফুটবলের মেগা ফাইনালে প্রতিমন্ত্রী ও এমপির উপস্থিতিতে লক্ষাধিক দর্শকের উপচে পড়া ভিড়


    কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
    কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহ্যবাহী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে এক অভূতপূর্ব ফুটবল উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

    শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এই জমকালো ফাইনাল ম্যাচটি সশরীরে উপস্থিত থেকে উপভোগ করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এবং খেলার উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য মো. জালাল উদ্দিন।

    ভিআইপি অতিথিদের পাশাপাশি এই ম্যাচ ঘিরে সাধারণ মানুষের মাঝে তৈরি হয় ব্যাপক সাড়া। কটিয়াদী ছাড়াও নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় লক্ষাধিক দর্শকের সমাগমে দুপুরের পরপরই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় বহু দর্শককে গাছে উঠেও খেলা উপভোগ করতে দেখা গেছে। মাঠজুড়ে ফুটবলপ্রেমীদের গগনবিদারী উল্লাস আর বিপুল এই ভিড় সামাল দিতে পুলিশ প্রশাসনকেও বেশ হিমশিম খেতে হয়।

    ট্রাইব্রেকারে বোয়ালিয়া চ্যাম্পিয়ন
    আচমিতা ইউনিয়নের অষ্টঘরিয়া পাপ্পু ক্রীড়াচক্রের আয়োজনে মাসব্যাপী চলা ‘৩৩তম লক্ষ টাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর এই ফাইনাল ম্যাচটিতে টানটান উত্তেজনা বিরাজ করছিল। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বোয়ালিয়া ফুটবল একাডেমি ও বেতাল ছুবেজ্জামান একাদশ—উভয় দলই নাইজেরিয়া ও উগান্ডার একঝাঁক বিদেশি ফুটবলার এবং দেশের জাতীয় দলের কয়েকজন তারকা খেলোয়াড়কে দলে ভিড়িয়ে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামে।

    নির্ধারিত ৯০ মিনিটে মাঠের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে ফলাফল নির্ধারণের জন্য ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। চরম উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে বেতাল ছুবেজ্জামান একাদশকে ১-০ গোলে হারিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোয়ালিয়া ফুটবল একাডেমি।

    খেলা শেষে প্রধান অতিথি ও উদ্বোধক বিজয়ী দলের হাতে জমকালো গোল্ডকাপ ও এক লাখ টাকার প্রাইজমানি তুলে দেন।

    প্রধান অতিথির বক্তব্যে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম মাঠে উপস্থিত বিপুলসংখ্যক দর্শকের কষ্ট লাঘবের আশ্বাস দিয়ে বলেন, দর্শকদের সুবিধার্থে ঐতিহাসিক জর্জ ইনস্টিটিউট মাঠটিকে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করা হবে। আগামী বছরের টুর্নামেন্ট শুরুর আগেই এই কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

    প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে খেলাধুলার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। খেলাধুলার মাধ্যমেই একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। নতুন কুঁড়ি ক্লাবের মাধ্যমে দেশজুড়ে উদীয়মান খেলোয়াড় তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলার প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সরকার এ বিষয়ে সবসময় আন্তরিক সহযোগিতা করবে।

  • খাগড়াছড়িতে দীঘিনালা বেতছড়ি যুব সংঘ ক্লাবকে জার্সি বিতরণ


    খাগড়াছড়ি প্রতিনিধি:
    খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিভিন্ন খেলোয়াড় ও তরুণদের মাঝে জার্সি বিতরণ করেছেন দৈনিক নতুন সময়ের পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মো: মোবারক হোসেন।

    বৃহস্পতিবার ৪ জুন দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের বেতছড়ি ৪নং ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে জার্সি তুলে দেন সাংবাদিক মোবারক হোসেন।

    অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের খেলাধুলার প্রতি আরোও আগ্রহী করে তুলতে জেলা স্বেচ্ছাসেবক দলের এ উদ্যোগ প্রশংসনীয়।

    সাংবাদিক মোবারক হোসেন বলেন, ক্রীড়া চর্চা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী বিকাশেও সহায়তা করে। তিনি তরুণদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ গ্রহণের আহ্বান জানান।

    উপকারভোগিরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এমন উদ্যোগ তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। বর্তমান সময়ে যুব সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে।

    খেলোয়াড়রা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ক্রীড়াবান্ধব এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

    জার্সি বিতরণ কালে উপস্তিত ছিলেন, দৈনিক নতুন সময় ও গণকণ্ঠ দীঘিনালা উপজেলা প্রতিনিধি সাংবাদিক লোকমান হোসেনসহ খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • বিসিবি নির্বাচন ঘিরে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    বিসিবি নির্বাচন ঘিরে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
    সাভারে বিকেএসপি পরিদর্শনে গিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)কে অবহিত করার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    দায়িত্ব গ্রহণের পর রোববার (৫এপ্রিল) প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    বিকেলে বিকেএসপি ক্যাম্পাসে পৌঁছালে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।

    পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পরে তা নিয়ে তাৎক্ষণিকভাবে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন আইসিসিকে জানানো হবে। এরপরই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

    বিসিবির তদন্তে সাবেক ক্রীড়া উপদেষ্টার অংশ না নেওয়ার বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়টি প্রতিবেদনে উল্লেখ রয়েছে এবং তা যাচাই-বাছাই করা হয়েছে। আইসিসির সঙ্গে আলোচনার পর বিস্তারিত জানানো হবে।

    এদিকে বিকেএসপিকে ঘিরে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, এখনো দেশের অধিকাংশ পরিবার সন্তানকে খেলাধুলায় এগিয়ে নিতে সাভারের বিকেএসপিকেই প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করে। তবে সরকার চায়, ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা পর্যায়ের বিকেএসপিগুলোতেও একই মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে।

    তিনি বলেন, শুধু ঢাকাকেন্দ্রিক নয়, বিভাগীয় শহর ও জেলা পর্যায়ের বিকেএসপিগুলোতেও সাভারের মতো সুযোগ-সুবিধা বাড়ানো হবে। যাতে শিক্ষার্থীরা নিজ নিজ এলাকাতেই প্রশিক্ষণের সুযোগ পায়।

    প্রতিমন্ত্রী আরও জানান, নতুন করে স্কুল ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম বিভাগীয় পর্যায়ে বিস্তৃত করা হবে। এতে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই প্রশিক্ষণ ও আবাসনের সুবিধা পাবে। চলতি বছরের শেষ নাগাদ সব বিকেএসপিতে সমমানের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

    পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বিকেএসপির চলমান প্রশিক্ষণ কার্যক্রম, আবাসন ও অবকাঠামো ঘুরে দেখেন এবং প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি জিমনেসিয়ামে প্রশিক্ষণার্থীদের শারীরিক কসরত ও বিকেএসপির অধীনে পরিচালিত ২১টি ক্রীড়া বিভাগের গেম ডিসপ্লে উপভোগ করেন।

  • আবারও শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

    আবারও শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

    খেলাধুলা ডেস্ক:   এক সপ্তাহের জন্য স্থগিত থাকার পর আবারও শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ১৭ মে টুর্নামেন্ট শুরুর নতুন সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

    টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন। এছাড়া প্রথম কোয়ালিফায়ার ২৯ মে, এলিমিনেটর ৩০ মে এবং দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ১ জুন। গ্রুপ পর্বের ভেন্যু ঠিক করলেও প্লে-অফের মাঠ এখনও চূড়ান্ত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

    এর আগে ভারত-পাকিস্তান সংঘাতে গেল ৯ মে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছিল বিসিসিআই। ৮ মে পাকিস্তানের হামলার কারণে পাঞ্জাব-দিল্লি ম্যাচে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল ধর্মশালা স্টেডিয়াম। পরদিন জরুরি সভা ডেকে টুর্নামেন্ট স্থগিত করে বোর্ড। আসর শুরু হলেও বিদেশিদের পাওয়া যাবে কি না, সে নিয়ে রয়েছে সংশয়।

    পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র:

    বর্তমানে গুজরাট টাইটানস ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান পয়েন্ট থাকলেও ০.৪৮২ রান রেটে পিছিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। মুম্বাই ইন্ডিয়ান্স ১৪, দিল্লি ক্যাপিটালস ১৩, কলকাতা নাইট রাইডার্স ১১, এবং লখনউ সুপার জায়ান্টস ১০ পয়েন্ট নিয়ে এখনও প্লে-অফ দৌড়ে টিকে আছে।

    অন্যদিকে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস এরইমধ্যে প্লে-অফের রেস থেকে ছিটকে পড়েছে।

    টুর্নামেন্টে এখনও ১২টি লিগ এবং ৪টি প্লে-অফ ম্যাচ বাকি রয়েছে।;

  • অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ক্রিকেটার মোহাম্মদ সালমান হোসেন

    অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ক্রিকেটার মোহাম্মদ সালমান হোসেন

    খেলাধুলা ডেস্ক:  অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা খুলনা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেটার মোহাম্মদ সালমান হোসেন।

    গত ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগেই ইনজুরিতে পড়েন ডানহাতি এই পেসার। তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসকেরা তাকে সার্জারির পরামর্শ দিয়েছেন, যার জন্য প্রয়োজন অন্তত ৪ লক্ষ টাকা। তবে এনসিএলের বেতন কাঠামোর বাইরে থাকা সালমানের পক্ষে এই ব্যয় বহন করা কঠিন। অসহায় অবস্থায় সালমান সাহায্যের আবেদন জানিয়েছেন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে।

    উল্লেখ্য, সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার কথা ছিল তার।;

  • কক্সবাজার মেরিন ড্রাইভে ‘বৈশাখী ট্রায়াথলন’ অনুষ্ঠিত

    কক্সবাজার মেরিন ড্রাইভে ‘বৈশাখী ট্রায়াথলন’ অনুষ্ঠিত

    অনলাইন ডেস্ক:  প্রথমবারের মতো কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী ট্রায়াথলন’। শনিবার সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতায় অংশ নেন দেশি-বিদেশি ২০০ প্রতিযোগী।

    প্রতিযোগিতায় প্রফেশনাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। আর অ্যামেচার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মো. মহিউদ্দিন।

    কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজুখালে ৭৫০ মিটার দূরত্ব সাঁতার প্রতিযোগিতা দিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। এরপর সাইকেল নিয়ে ছুটতে থাকে সাইকেলিস্টরা। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, তার মাঝে দীর্ঘ মেরিন ড্রাইভের ২০ কিলোমিটার দূরত্ব অতিক্রমের লক্ষ্যস্থিও ছিল ২০০ প্রতিযোগির। সর্বশেষ অনুষ্ঠিত হয় ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা।

    সাঁতার, সাইক্লিং ও দৌড় ৩টি প্রতিযোগিতা মোট ১ ঘণ্টা ২৫ সেকেন্ডে শেষ করে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। তিনি জানান, এ রকম প্রতিযোগিতা বাড়ানো হলে খেলোয়াড়রা উৎসাহিত হবে। এ ক্ষেত্রে বিদেশি খেলোয়াড়রা আরও বেশি করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে এবং খেলোয়াড় তৈরি হবে।

    প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর ১০ পতাধিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।

    তিনি বলেন, বৈশাখী ট্রায়াথলন-২০২৫ পর্যটন শহর হিসেবে কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধি করার পাশাপাশি সর্বসাধারণের মনোদৈহিক সুস্থতা বজায় রাখতে যথেষ্ট উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করেছে। এই ট্রায়াথলন স্থানীয় জনগণ এবং পর্যটকদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে।

    বৈশাখী ট্রায়াথলন-২০২৫ প্রতিযোগিতায় ২টি ক্যাটাগরিতে ২ জন নারী এবং ১৯৬ জন পুরুষ অংশগ্রহণ করেছেন। প্রফেশনাল ক্যাটাগরি গ্রুপে নারীদের মধ্যে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন ফেরদৌসী আক্তার মারিয়া। এছাড়াও প্রতিটি শ্রেণির প্রথম ১০ জন অংশগ্রহণকারী স্মারক ক্রেস্ট এবং ট্রায়াথলন সম্পন্নকারী প্রত্যেকে একটি আকর্ষণীয় মেডেল ও একটি ই-সার্টিফিকেট পেয়েছেন।

    প্রতিযোগীতায় অংশ নেওয়া মোহাম্মদ রফিক বলেন, মেরিন ড্রাইভে ট্রায়াথলন অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ এখন কক্সবাজারের তাপমাত্রা ৩৬ ডিগ্রীর ওপরে। এই ট্রায়াথলনের দূরত্ব আরও বেশি হলে কষ্টসাধ্য হয়ে পড়ত।

    কামরুল হাসান বলেন, কক্সবাজারে যে তাপমাত্রায় ট্রায়াথলন হচ্ছে তা অনেক চ্যালেঞ্জিং। কারণ সাঁতার শেষ করে ২০ কিলোমিটার সাইক্লিং, এরপর ৫ কিলোমিটার দৌড়ানো অনেক চ্যালেঞ্জ। তারপরও শেষ করেছি, অনেক ভাল লাগছে।;

  • ফুটবল জগতের অন্যতম এক লড়াই ‘এল ক্লাসিকো’

    ফুটবল জগতের অন্যতম এক লড়াই ‘এল ক্লাসিকো’

    খেলাধুলা ডেস্ক: ১১ মে, ২০২৫ ফুটবল জগতের অন্যতম এক লড়াই ‘এল ক্লাসিকো’। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই লড়াই হতে যাচ্ছে লা লিগা’র টাইটেল ডিসাইডার। কারণ— এখন পর্যন্ত লা লিগায় হয়েছে ৩৪টি ম্যাচ। আগামীকাল ম্যাচ ডে ৩৫। ইতোমধ্যে, পয়েন্ট টেবিলে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

    অন্যদিকে, রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। মানে শীর্ষে থাকা বার্সেলোনা ৪ পয়েন্ট এগিয়ে রিয়ালের চেয়ে। কাল যদি রিয়াল হারে, তাহলে এরপর আর লিগ জয়ের আশা নেই বললেই চলে গ্যালাক্টিকোদের।

    এদিকে, এল ক্লাসিকোতে বারবার হারেই চলেছে রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত তিনবার এই মৌসুমে বার্সার কাছে হেরেছে রিয়াল। কখনো ৪-০, কখনো ৫-২, কখনো আবার ৩-২।

    অন্যদিকে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের কাছে সেমিফাইনালের দ্বিতীয় লেগে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে কাতালানরা। ফ্লিকের দলের কাছে ট্রেবল জেতার সুবর্ণ সুযোগ ছিল। তবে, এখন হিসাব ভিন্ন। চ্যাম্পিয়ন্স লিগে হেরে দলের প্লেয়ারদের মানুষিকভাবে কিছুটা বিপর্যস্ত দেখা গেলেও, দলটির কাছে লা লিগার শিরোপা জেতার সুযোগ রয়েছে। এর থেকে বড় কথা, পরিপক্ষ যদি হয় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, তাহলে লড়াইটা হবে দুর্দান্ত; এমনটাই আশা করছে বার্সা সমর্থকরা।

    এছাড়াও মাদ্রিদের কাছে সুযোগ রয়েছে কোপা দেল রে’র হারের প্রতিশোধ নেয়ার। সেই সাথে লা লিগার পয়েন্ট টেবিলে গ্যাপ কমিয়ে আনার। সব মিলিয়ে বিশেষ এক ম্যাচ দেখার অপেক্ষায় ভক্তরা।;

  • আইপিএলের চলতি আসরের বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত

    আইপিএলের চলতি আসরের বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত

    খেলাধুলা ডেস্ক:   ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে আইপিএলের চলতি আসরের বাকি ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

    শুক্রবার (৯ মে) বিসিসিআই-এর এক জরুরি সভায় ভারত সরকারের পরামর্শে নেয়া হয় এমন সিদ্ধান্ত।

    এর আগে, বৃহস্পতিবার আইপিএলে স্থগিত হয় ধরমশালার দিল্লি-পাঞ্জাবের ম্যাচ। ব্ল্যাকআউট হয়ে যাওয়ায় দ্রুতই মাঠ ছাড়তে বলা হয় দর্শকদেরও। এখানেই শেষ নয়, দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, সম্প্রচারকর্মীসহ সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে আনা নিয়েও দেখা দেয় বিপত্তি। বিমানবন্দর বন্ধ থাকায় বাধ্য হয়েই বিকল্প হিসেবে ব্যবস্থা করা হয় বিশেষ ট্রেনের।

    এই ম্যাচের পর প্রশ্ন ওঠে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে তো? বার্তা সংস্থা পিটিআই বলছিল, আইপিএলের বিদেশি খেলোয়াড়েরা ভারতে অবস্থান করাটা আর নিরাপদ মনে করছেন না। যত দ্রুত সম্ভব, দেশে ফিরতে চান তারা। বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আর কোনো ম্যাচই খেলতে চান না, এমনটাও এসেছে বিভিন্ন মাধ্যমে। শুধু তাই নয় নিরাপত্তা ইস্যুতে বেশিরভাগ দর্শকই চান আপাতত টুর্নামেন্ট স্থগিত করতে। তাতেই দেখা যায় আইপিএলের ভবিষ্যত নিয়ে শঙ্কা।

    শেষ পর্যন্ত, এই আশঙ্কাই সত্য হলো। মাঝপথে স্থগিত হয়ে গেলো লিগটির ১৮তম আসর।

    এদিকে, পাক-ভারত যুদ্ধের প্রভাবে ইতোমধ্যেই পিএসএলের বাকি আট ম্যাচ সরিয়ে নেয়া হয়েছে আরব আমিরাতে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলায় স্থগিত করা হয় পিএসএল ম্যাচ। দ্রুতই জরুরি বৈঠক ডাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের আপত্তিতে রাতেই সিদ্ধান্ত আসে টুর্নামেন্টের বাকি অংশ স্থানান্তর হবে আরব আমিরাতে। শিগগিরই জানিয়ে দেয়া হবে নতুন সূচি, নিশ্চিত করে পিসিবি।;

  • কনফারেন্স লিগের ফাইনালে চেলসি

    কনফারেন্স লিগের ফাইনালে চেলসি

    খেলাধুলা ডেস্ক:   ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে জুরগার্ডেনকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। প্রথম লেগে ৪-১ গোলের জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-১ এর ব্যবধানে ফাইনালে উঠলো এনজো মারেস্কার শিষ্যরা।

    স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামে চেলসি। ম্যাচের ৩৮ মিনিটে কিয়েরনান ডিউসবুরি হলের গোলে লিড নেয় তারা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

    এরপর ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও আর গোলের দেখা পায়নি দুদলের কেউই। সহজ জয়ে ফেভারিট হিসেবেই ফাইনাল নিশ্চিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে পঞ্চম স্থানে থাকা দলটি।

    এদিকে, আরেক সেমিতে ফিওরেন্তিনাকে হারিয়ে ফাইনালে স্প্যানিশ দল রিয়াল বেতিস। ২৮ মে পোল্যান্ডের রকলোতে ফাইনালে বেতিসের বিপক্ষে লড়বে চেলসি।;

  • বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন পেয়েছেন শমিত সোম

    বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন পেয়েছেন শমিত সোম

    খেলাধুলা ডেস্ক:  বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন পেয়েছেন শমিত সোম। এখন শুধু মাঠে নামার অপেক্ষা। সেই অপেক্ষার পালা ফুরোবার আগেই দেশের ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানালেন কানাডা প্রবাসী এই ফুটবলার।

    বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ভক্তদের ধন্যবাদ জানান।

    ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

    ৬ মে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়েছেন শমিত। এর আগে, ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান। এরপর ৫ মে বাংলাদেশের পাসপোর্ট হাতে পান।

    অল্প সময়ে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়ে শমিত উচ্ছ্বাস প্রকাশ করেন, ‘যারা এই প্রক্রিয়াকে দ্রুত সময়ে শেষ করতে সাহায্য করেছেন, তাদেরও ধন্যবাদ জানাই।’

    শমিত সোমের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় তবে তার মা-বাবা বাংলাদেশি। ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে ২টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন তিনি।

    সব ঠিক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে শমিতের। সেই ম্যাচ দিয়ে আবারও ফুটবলে ফিরছে সংস্কারের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা জাতীয় স্টেডিয়াম।

    গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এরপর থেকে প্রবাসী ফুটবলারদের লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগ্রহ বেড়েছে।;