


মোঃ আল-আমিন, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় অষ্টগ্রাম থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রোকনুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি সন্তোষ দেবনাথ, অষ্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি দেবব্রত চক্রবর্তী, অষ্টগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ দাস, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাধা কৃষ্ণ দাস, অষ্টগ্রাম উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি শুক্লা রানী দাস এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ মিয়া।
এ ছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন এবং অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়েজ হাসান বাবু।
সভাটি সঞ্চালনা করেন অষ্টগ্রাম উপজেলা পূজা উদযাপন আহ্বায়ক কমিটির সদস্যসচিব জীবনময় শীল।
সভায় সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তাঁরা পূজামণ্ডপসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অষ্টগ্রাম থানা পুলিশের সহযোগিতা কামনা করেন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের বিষয়ে মতবিনিময় করা হয়। সংশ্লিষ্ট সবার পারস্পরিক সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
Leave a Reply