
আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকার নিলুফা আক্তারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির আধাঁপাকা ভবনের চারটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।