জ্যৈষ্ঠের দাবদাহে তালের শাঁসের কদর জমজমাট ব্যবসা চরভদ্রাসনে

চরভদ্রাসন প্রতিনিধি:তীব্র গরম আর জ্যৈষ্ঠের দাবদাহে স্বস্তি খুঁজতে চরভদ্রাসন উপজেলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে তালের শাঁস। প্রচণ্ড গরমে শরীরকে শীতল রাখতে অনেকেই ভিড় করছেন তালের শাঁসের দোকানে। ফলে এ বছর উপজেলার বিভিন্ন এলাকায় তালের শাঁসের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কাঁচা তাল সংগ্রহ করে সড়কের পাশে, হাট-বাজারে এবং অলিগলিতে বিক্রি করা হচ্ছে তালের শাঁস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকছে। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে এর চাহিদা বেশি দেখা যাচ্ছে।

 

ব্যবসায়ীরা বলেন, গরম যত বাড়ছে, তালের শাঁসের বিক্রিও তত বাড়ছে। প্রতিদিন শত শত তাল বিক্রি হচ্ছে। এতে একদিকে যেমন ক্রেতারা স্বস্তি পাচ্ছেন, অন্যদিকে ব্যবসায়ীরাও ভালো আয় করছেন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, তালের শাঁস প্রাকৃতিকভাবে শরীর ঠান্ডা রাখে এবং গরমে প্রশান্তি দেয়। তাই জ্যৈষ্ঠ মাস এলেই এর চাহিদা বেড়ে যায়। এ বছর অতিরিক্ত তাপদাহের কারণে চাহিদা আরও বেশি বেড়েছে।

 

তালকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় ব্যবসায়িক কর্মকাণ্ডও গড়ে উঠেছে। অনেকেই মৌসুমি ব্যবসা হিসেবে তালের শাঁস বিক্রি করছেন। ফলে জ্যৈষ্ঠের বাজারে এখন দাপিয়ে বেড়াচ্ছে তালের শাঁস, যা গরমে মানুষের কাছে হয়ে উঠেছে অন্যতম পছন্দের প্রাকৃতিক খাবার।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *