
আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি:
দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও যেকোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (১৪ জানুয়ারি) সাভারের বাইপাইল এলাকায় অবস্থিত বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে আয়োজিত বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫–২৬-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, বিএনসিসি অফিসার, প্রফেসর ও টিচার আন্ডার অফিসার এবং ক্যাডেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সেনাবাহিনী প্রধান বলেন, সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের প্রয়োজনে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা সময়ের সঙ্গে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জাতীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সক্রিয় অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে।
তিনি বিএনসিসির সব সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতেও তারা দেশ ও সমাজ গঠনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এটাই জাতির প্রত্যাশা।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া কমান্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএনসিসির কর্মকর্তা-ক্যাডেট এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।