নওগাঁর পত্নীতলায় হানিট্রাপ করে এবং ওয়েব পেজ ব্যবহার করে বিশেষ কায়দায় মুক্তিপণ আদায়কারী চক্রের দুই তরুণী সহ ৪ সদস্য গ্রেফতার

Written by

in

নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এবং অফিসার ইন চার্জের নেতৃত্বে ১৪ এপ্রিল রাতে পত্নীতলা থানার বিশেষ অভিযানে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে হানিট্র্যাপ এর মাধ্যমে ভিকটিমকে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এই চক্রটি সর্দারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে এই অপরাধ সংঘটিত করে আসছিল। ফেসবুক পেজ ও ইমো অ্যাপ ব্যবহার করে তারা ভিকটিমদের সাথে যোগাযোগ স্থাপন করতো এবং তাদের বাসায় নিয়ে এসে মারধর করে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করতো। এসকল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভিকটিমের নিকট থেকে টাকা আদায় করতো।

এ সংক্রান্ত তথ্য পেয়ে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও অফিসার ইনচার্জ (পত্নীতলা থানা) এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঐ বাসায় অভিযান চালিয়ে এই অপরাধের সাথে জড়িত ২ জন নারী ও ২ জন পুরুষ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে ১। মাহফুজুর রহমান বাঁধন (২৬), পিতা-মৃত আল হেলাল, মাতা-মোছাঃ মমতা বেগম, সাং-পুইয়া, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ, ২। মোঃ মমিনুর ইসলাম (২২), পিতা-মৃত কামরুজ্জামান, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, সাং-শিবপুর সরদার পাড়া, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ, ৩। মোছাঃ রুমা খাতুন (২০), পিতা-মৃত খোরশেদ আলম, মাতা-মোছাঃ মেরিনা বেগম, স্বামী-মোঃ শান্ত, সাং-হালাট্টী, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট, ৪। মোছাঃ সাদিয়া আক্তার মায়া (১৯), পিতা-মৃত মামুনুর রশিদ, মাতা-আমেনা আক্তার সিমু, স্বামী-মারুফ হাসান মুন্না, সাং-সুতরইল, থানা-পোরশা, জেলা নওগাঁ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।তারা বেশ কিছুদিন যাবত বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে এই ধরনের কাজ করে বেড়াচ্ছে। চক্রের অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য অভিযান চলমান আছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন এই চক্রের আরো সদস্য যারা জড়িত সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তিনি এই ধরনের হানিট্রাপ থেকে তরুণদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *