নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজি চালকের মৃত্যু 

Written by

in

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজি চালকের মৃত্যু হয়েছে। জানা যায়, রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এই ঘটনা ঘটে। অন্যদিকে সকালে আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামে বজ্রপাতে জামাল মুন্সি (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায়ের পর ভোর সাড়ে ৬টার দিকে গ্রামের আরও চার কৃষকের সঙ্গে বাড়ির পাশের আইঞ্চার বিল এলাকায় মাছ ধরতে যান জামাল মুন্সি। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। পরে সঙ্গে থাকা অন্য কৃষকেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ভোরে বৃষ্টির মধ্যে জামাল মুন্সি বিলে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ারও সুযোগ পাওয়া যায়নি।অপরদিকে, সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজিচালক সবুজ মিয়াও বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, সকালে পার্শ্ববর্তী বাজারে টেলিভিশনে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ফুটবল বিশ্বকাপের খেলা দেখে বাড়ি ফেরেন সবুজ মিয়া। পরে গ্রামের সামনে পানিতে ডুবে থাকা জমিতে জাল নিয়ে মাছ ধরতে গেলে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

এ বিষয়ে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *