

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় যুবসমাজের সাহসিকতা এবং পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ক গাঁজা গাছ ও মাদক সেবনের সরঞ্জামসহ মনজু আলম (৫৫) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়। আটক মনজু আলম ওই গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।
যুবসমাজ ও শিক্ষকদের প্রশংসনীয় মাদকবিরোধী মিশন
সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে সম্প্রতি বলদিয়া ইউনিয়নের যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে নেমেছে। যুবকদের এই মহৎ মিশনে স্থানীয় শিক্ষক ও সচেতন মহল স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
এলাকার যুবসমাজের এমন সুসংগঠিত ও সাহসী ভূমিকা পুরো ভূরুঙ্গামারী জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
যেভাবে আটক হন মাদক সম্রাট মনজু
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিজিবি যৌথভাবে চর খলিশাকুড়ি এলাকায় মনজু আলমের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় টের পেয়ে মাদক কারবারি মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় সাহসী যুবকরা তাকে বাধা দেন।
এ সময় ক্ষিপ্ত হয়ে মনজু ওই যুবকদের হাতে কামড় দিয়ে রক্তাক্ত জখম করেন। পরবর্তীতে যুবকদের সহযোগিতায় উপস্থিত পুলিশ ও বিজিবি সদস্যরা তাকে সাহসিকতার সাথে কাবু করে আটক করেন। এ সময় তার বাড়ি থেকে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি বিশাল সতেজ গাঁজা গাছ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
মাদকবিরোধী এই যৌথ অভিযানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং সোনাহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম খান।
সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে যুবসমাজের এমন সচেতন ও সাহসী ভূমিকা সত্যিই অনুকরণীয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।