রাখাইনের বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের নাফ নদে ও বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে আটক ৪১ জন জেলেকে ফেরত দিয়েছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তারা বিভিন্ন সময়ে সাগরে মাছ শিকারে যাওয়া আসার সময় আরাকান আর্মির হাতে নৌকাসহ আটক হয়েছিলেন। তবে আরাকান আর্মির দাবি, মাছ শিকারে গিয়ে জেলেরা মায়ানমার সীমানায় ঢুকে পড়ায় তাদের আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে তারা টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিতে পৌঁছান। এর আগে নাফনদের শূণ্যরেখায় জেলেদের গ্রহণ করে বিজিবি। তবে ৪১ জন জেলেকে ফেরত দিলেও নৌকাগুলো ফেরত দেয়নি আরাকান আর্মি।
শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ জলিল বলেন, নৌকা নিয়ে নাফনদে মাছ শিকারে গিয়েছিলাম পাঁচ মাস আগে। আমাদের নৌকাটি রাখাইনের নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি থাকতে আরাকান আর্মির একটি স্পিডবোট আমাদের ধাওয়া করে আটক করে। পরে আমাদের রাখাইন রাজ্যের বিভিন্ন ক্যাম্পে আমাদের রাখা হয়েছিল। তারা আমাদের দৈনিক ১০ ঘণ্টা কাজ করাতেন। অসুস্থতায় কেউ কাজ করতে না চাইলে মারধর করতেন এবং খাবার বন্ধ রাখতেন।
টেকনাফ শামলাপুর এলাকার বাসিন্দা আলী হোসেন বলেন, ২০২৩ সালের নভেম্বর মাসে আমরা সাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে আমাদের ইঞ্জিন বিকল হয়ে পড়লে প্রায় ১২ দিন আমাদের মাছ ধরার ট্রলার সাগরে ভেসে মায়ানমার জলসীমায় চলে যায়। এসময় আরাকান আর্মির স্পীডবোট আমাদের বোটসহ আটক করে রাখাইনের চারমাইল এলাকার জেলে বন্দি রাখে। প্রায় তিন বছর পর আমরা দেশে ফিরতে পারায় বিজিবিসহ সরকারের কাছে কৃতজ্ঞতা জানায়।
আরাকান আর্মির বন্দিদশা থেকে ফেরত আসা শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ ফাইসেল বলেন, প্রায় ছয়মাস আসে নাফ নদে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হয়েছিলাম। আসলে আমরা জানতামনা কোনটা বাংলাদেশের সীমা আর কোনটা মায়ানমারের সীমা। নাফ নদে বাংলাদেশের সীমারেখার কোন চিহ্ন নেই, যে নৌকায় ভাসতে ভাসতে আমরা কখন যে মায়ানমার জলসীমায় চলে গেছি জানি না। ছয়মাস বন্দি থাকার পরও দেশে ফিররে পেরে ভালো লাগছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে নাফনদ ও বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে গমনকৃত বেশকিছু বাংলাদেশী জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদেরকে মায়ানমারের আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। পরবর্তীতে, আটককৃত জেলেদের মায়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত স্থানে অথবা জেলখানায় সাজা দিয়ে আটক অবস্থায় রাখা হয়। উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি মানবিক বিবেচনাকে অগ্রাধিকার দিয়ে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উদ্যোগ নেয়। এ প্রেক্ষিতে, আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যলাইন হতে আরাকান আর্মির নিকট থেকে ৪১ জন জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে ফিরিয়ে নিয়ে আসে।
লে. কর্নেল মো. তাজুল ইসলাম আরো বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবেলায় বিজিবি’র পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে বিজিবি’র পক্ষ হতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি তথ্যমতে, প্রত্যাবর্তনকৃত ৪১ জনসহ চলতি ২০২৬ সালে এ পর্যন্ত সর্বমোট ৩২৩ জন আটক জেলেকে বিজিবির উদ্যোগ ও প্রচেষ্টায় মায়ানমার থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। উল্লেখ্য, ইতোপূর্বে আটককৃত ৩২৩ জনের মধ্যে অধিকাংশ জেলে গভীর সমুদ্র থেকে ফেরার পথে আটক হয় এবং পরবর্তীতে বিজিবি তাদের ফিরিয়ে নিয়ে আসে। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *