বাংলা একাডেমিতে গবেষণা-প্রবন্ধ প্রণয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা – প্রতিনিধি:আজ ১৮ই জুন ২০২৬ বৃহস্পতিবার বাংলা একাডেমির গবেষণা উপবিভাগের আয়োজনে বাংলা একাডেমি প্রবর্তিত তিনমাস মেয়াদি গবেষণা-প্রবন্ধ প্রণয়ন কর্মসূচির তৃতীয় পর্যায়ে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সকালে নিবন্ধন এবং মনোনীত প্রার্থীদের সঙ্গে বাংলা একাডেমির চুক্তিপত্র সম্পাদনের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়।

এরপর প্রথম পর্বে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ‘প্রবন্ধ রচনার পরিকল্পনা ও কৌশল’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি গবেষণা-প্রবন্ধ রচনার ক্ষেত্রে বিষয় নির্বাচন, গবেষণা-পরিকল্পনা, যুক্তি নির্মাণ, তথ্য-উপাত্ত ব্যবহারের পদ্ধতি এবং প্রবন্ধের সামগ্রিক কাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।

দ্বিতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর ‘প্রবন্ধ সম্পাদনা ও বানাননীতি’ বিষয়ে আলোচনা করেন। তিনি প্রবন্ধের ভাষা, শৈলী, সম্পাদনাকৌশল, বানানের শুদ্ধতা এবং একাডেমিক লেখার ক্ষেত্রে ভাষাগত সতর্কতার গুরুত্ব তুলে ধরেন।

তৃতীয় পর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ নিজার ‘গবেষণা প্রবন্ধ লিখন পদ্ধতি’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এ পর্বে গবেষণা-প্রশ্ন নির্ধারণ, তাত্ত্বিক কাঠামো, পদ্ধতিগত শৃঙ্খলা, তথ্য-ব্যবহার এবং প্রবন্ধের বিশ্লেষণধর্মী বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চতুর্থ পর্বে বাংলা একাডেমির গবেষণা উপবিভাগের উপপরিচালক ড. সাইমন জাকারিয়া ‘গবেষণা-প্রবন্ধ বৃত্তির আওতায় প্রবন্ধ রচনার সীমারেখা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি বাংলা একাডেমির গবেষণা-প্রবন্ধ প্রণয়ন কর্মসূচির লক্ষ্য, প্রবন্ধ প্রস্তুতের নিয়মাবলি, গঠনশৈলী, পর্ববিন‍্যাস, শব্দসংখ‍্যার বিষয়ে মনোনীত প্রার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী গবেষকরা বিভিন্ন পর্বে প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং গবেষণা-প্রবন্ধ প্রণয়নের প্রাথমিক ও ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভ করেন। দিনব্যাপী কর্মশালার শেষে মুক্ত আলোচনার আয়োজন করা হয়।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *