

স্টাফ রিপোর্টার-ঢাকা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপির নেতৃত্বে মহানগরী দক্ষিণের যুব বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালি আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্ট চত্বর প্রদক্ষিণ করে মৎস্য ভবনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি, আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও মহানগরী যুব-ক্রিড়া বিভাহগর সভাপতি মোহাম্মদ কামাল হোসেন এমপি(ঢাকা-৫),
পাশাপাশি আরো উপস্থিত ছিলেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে ড. মোবারক হোসেন, শাহীন আহমেদ খান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: মঞ্জুরুল ইসলাম । এছাড়াও মহানগরী ও সকল সাংগঠনিক থানার দায়িত্বশীল ও যুব বিভাগের জনশক্তিরা র্যালিতে অংশগ্রহণ করেন।
আলোচনায় নেতৃবিন্দ বলেন, “যুবকরাই জাতির ভবিষ্যৎ। একটি জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অনেকাংশে যুবসমাজের ওপর নির্ভরশীল। তাই যুবকদেরকে সব ধরনের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে হলে তাদের নৈতিক ও আদর্শিক ভিত্তিকে শক্তিশালী করতে হবে। কারণ যুবকদের নৈতিক অবক্ষয় মানেই জাতির ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দেওয়া। কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করলে একটি ইনসাফভিত্তিক, মানবিক, কল্যাণরাষ্ট্র ও মাদকমুক্ত জীবন গঠন করা সম্ভব।
বক্তারা মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রীয় উদ্যোগের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।