
টেকনাফ(কক্সবাজার)সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কানজরপাড়ায় তিন যুবককে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। আটক হওয়া তিন যুবক হলেন উত্তর কানজরপাড়ার আব্দুল জলিলের ছেলে হাবিবুর রহমান, রহমত উল্লাহ এবং ইউসুফ মিয়ার ছেলে মো. রমিজ। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
পরিবারের অভিযোগ, একটি ঘটনার সাক্ষী হিসেবে উপস্থিত থাকার পরও প্রতিপক্ষের ষড়যন্ত্রের কারণে ওই তিন যুবককে অস্ত্র মামলার আসামি করা হয়েছে। অথচ ঘটনার শুরুতে অস্ত্রসহ আটক হওয়া ফরিদ আলম নামের এক ব্যক্তিকে পরবর্তী সময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি তাদের।
আটক মো. রমিজের বাবা ইউসুফ মিয়া অভিযোগ করে বলেন, তাঁর ছেলে রমিজসহ কয়েকজন সহপাঠী গরু দেখাশোনার কাজে গেলে পাহাড়ে অবস্থানরত একটি ডাকাত দলের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। একপর্যায়ে ফরিদ আলম নামের এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ আটক করতে সক্ষম হন এলাকাবাসী।পরে বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। ঘটনার সাক্ষী হিসেবে রাখার কথা বলে তাঁর ছেলেসহ আরও দুই যুবককে সেখানে রাখা হয় বলে দাবি করেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে স্থানীয় বিরোধ ও প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশের কারণে আটক ফরিদ আলমকে ছেড়ে দিয়ে তাঁর ছেলেসহ তিনজনকে মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন ইউসুফ মিয়া।
তিনি আরও বলেন, আমার ছেলে কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়। সে তার সহপাঠীদের সঙ্গে গরু দেখাশোনা করতে গিয়েছিল। একটি ঘটনার সাক্ষী হতে গিয়ে আজ তাকে কারাগারে থাকতে হচ্ছে। আমি আমার ছেলেসহ তার দুই বন্ধুর বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার চাই।
একই অভিযোগ করেছেন আটক রমিজের মা। তাঁর দাবি, নিরপরাধ ছেলেকে ষড়যন্ত্রের মাধ্যমে মামলায় জড়ানো হয়েছে। ছেলের মুক্তি ও ন্যায়বিচারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
রমিজের ভাই সাহাব উদ্দিন বলেন, ঘটনার প্রথম দিকে ফরিদ আলম নামের একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছিল। এ নিয়ে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে তাকে ছেড়ে দিয়ে আমাদের পরিবারের সদস্যসহ তিনজনকে আসামি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা কারও প্রতি অন্যায় চাই না, শুধু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার চাই।
এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, আটক তিন যুবকের মধ্যে হাবিবুর রহমান একজন শারীরিক প্রতিবন্ধী। অন্য দুই যুবকও কৃষিকাজ ও চাষাবাদের মাধ্যমে জীবিকা নির্বাহ করে পরিবারের ভরণপোষণ করেন। তাদের ভাষ্য, এলাকায় তারা সাধারণ জীবনযাপন করতেন। এমন তিনজন যুবককে অস্ত্র মামলায় গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এলাকাবাসীরা বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন না করে নিরপরাধ কাউকে হয়রানি করা উচিত নয়। শুরুতে অস্ত্রসহ যাকে আটক করা হয়েছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা প্রয়োজন। আমরা সরকারের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য ভিন্ন। এসআরবি কর্তৃপক্ষের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং সাকিনে ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে WFPA অফিসের কাঁটাতারের বেড়া সংলগ্ন ইটের সলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং এক রাউন্ড গুলির খোসাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে পরিবারের সদস্যদের অভিযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া বক্তব্যের মধ্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত জরুরি। অস্ত্র উদ্ধারের ঘটনা, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আটকের প্রক্রিয়া এবং মামলার এজাহারে উল্লেখিত তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনা প্রয়োজন।
পরিবারের সদস্যরা বলছেন, তারা কোনো অপরাধীকে রক্ষা করতে চান না। বরং প্রকৃত অপরাধী শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিই তাদের প্রত্যাশা।
তাই সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ বিভাগ ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিন যুবকের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।