

আবুল কাশেম,সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কঠোরভাবে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি বলেন, সরকারি বিভিন্ন খাদ্য কর্মসূচিতে নির্ধারিত মূল্যের সঙ্গে প্রকৃত সেবাগ্রহীতাদের প্রাপ্ত অর্থের যে ব্যবধান তৈরি হয়, তার সুফল কোনোভাবেই কোনো সিন্ডিকেটের পকেটে যেতে দেওয়া হবে না।
রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা খাদ্য গুদাম আকস্মিকভাবে পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
সরকারি নির্ধারিত হারের চেয়ে সেবাগ্রহীতারা টনপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা কম পাওয়ার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের অনিয়মের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করা হবে।
দেশের খাদ্য গুদামগুলোতে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সারাদেশে ধারাবাহিক পরিদর্শন চালানো হবে এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গুদামের অবকাঠামোগত সমস্যা নিয়ে খাদ্যমন্ত্রী জানান, গুদামটির দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত নিশ্চিত করা এবং খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে মন্ত্রী গুদামের অবকাঠামো, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, সাটুরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাবেয়া খাতুন লিজা ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল মাহমুদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।