Author: DBC

  • মায়ের দুধই শিশুর জীবনের প্রথম সুরক্ষা: রাঙ্গুনিয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

    কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
    ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধকরি পান, টেকসই উন্নয়ন করি বেগবান। — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ (১-৭ আগস্ট) উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রধান কর্মকর্তা ডাক্তার জয়নাব জমিলা। অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

    আলোচনা সভায় মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা, নবজাতকের সুস্থ বৃদ্ধি এবং মায়ের দুধের উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রীতা দাশ, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আবিদুর শাহেদিন চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পলাশ বনিক এবং পরিবেশবাদী সংগঠন
    গ্রীন ফর সোসাইটির প্রতিনিধি ও চট্টগ্রাম রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দীন।

    বক্তারা বলেন, জন্মের পরপরই শিশুকে শালদুধ (কলোস্ট্রাম) পান করানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো প্রতিটি শিশুর মৌলিক অধিকার। একজন নবজাতকের শারীরিক গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মেধা ও মানসিক বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই। অপ্রয়োজনে ফর্মুলা ফিডিংয়ের ওপর নির্ভরশীলতা শিশুর স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই পরিবার ও সমাজের সবাইকে মায়েদের স্তন্যপান করানোর জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।

    সভাপতির বক্তব্যে ডা. জয়নাব জমিলা বলেন, “ফর্মুলা ফিডিং নয়, মায়ের দুধই সন্তানের জন্য সবচেয়ে উপকারী। মায়ের দুধ শুধু শিশুর পুষ্টির চাহিদা পূরণ করে না, এটি শিশুকে বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে সুরক্ষা দেয় এবং সুস্থভাবে বেড়ে উঠতে সহায়তা করে।”

    তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মায়েদের জন্য বেস্ট ফিডিং রুম চালু করা হয়েছে। পাশাপাশি মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মাতৃদুগ্ধের গুরুত্ব পৌঁছে দিতে স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর।

    অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

  • বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

    মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
    চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশা চালককে ধাক্কা দিলে অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুর ১২ টায় শান্তি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম মেট্রো-চ-১১-৪৮৪৪ নম্বরের একটি টয়োটা সুপার জিএল মাইক্রোবাসের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেটি শান্তি মোড়ে একটি অটোরিকশা চালককে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক রুহুল আলী (বয়স অজ্ঞাত)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।

    সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, তার জ্ঞান এখন ফেরেছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, মাইক্রোবাসে থাকা বিয়ের যাত্রীদের কেউ আহত হননি। স্থানীয় কয়েকজন জানান, মাইক্রোবাসটির টায়ার অনেক পুরোনো ও দুর্বল ছিল। তাদের ধারণা, টায়ারের সমস্যার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

  • চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি


    মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা রেলব্রিজের কাছে রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মহাডাঙ্গা রেলব্রিজ থেকে প্রায় ২০০ ফুট আগে রেললাইনের পাশের একটি পুকুরের ধারে মরদেহটি পড়ে ছিল। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে।

    ব্যাগে কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী পাওয়া গেছে।খবর পেয়ে রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সাত থেকে আট দিন আগের। এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

    তিনি আরও জানান, রাজশাহী সিআইডির প্রতিনিধি ঘটনাস্থল পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। আলামতের বৈজ্ঞানিক বিশ্লেষণ শেষে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যাবে। ওসি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। আবার রেললাইনে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও হতে পারে। তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।” এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • রায়গঞ্জে সাবেক এমপি মান্নান তালুকদারের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
    সিরাজগঞ্জের সলঙ্গায় ৪ বাবের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১ আগস্ট) বিকেল ৫ টার দিকে ধুবিল স্কুল মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন, এমপি পুত্র রাহিদ মান্নান লেলিন, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপনের সঞ্চালনায়, বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম মাষ্টার, এস এম বাবর আলী খোকন, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, মরহুম আব্দুল মান্নান তালুকদারের মেয়ে লুবনা তালুকদার , সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক সহ আরও অনেকে।

    এ সময় আব্দুল মান্নান তালুকদারের রাজনৈতিক কর্মময় জীবনের উপর আলোচনা করেন বক্তব্যরা। উল্লেখ্য গত বছর ১৮ জুলাই ২০২৫ সালে হৃিদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। অনুষ্ঠান শেষে সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

  • রায়গঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা শুরু, দুই পদে ১ হাজার ৭৭ জনের আবেদন


    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
    সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও ফিল্ড সুপারভাইজার নিয়োগের ভাইভা পরীক্ষা শুরু হয়েছে।

    শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ ভবনে এ ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ধামাইনগর, ধুবিল ও ধানগড়া ইউনিয়নের পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এ সময় প্রার্থীদের মৌখিক যোগ্যতার পাশাপাশি ট্যাব ব্যবহারসংক্রান্ত বাস্তব দক্ষতাও যাচাই করা হয়।

    উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারিতে রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তথ্য সংগ্রহকারী পদে ৯৫৬ জন এবং ফিল্ড সুপারভাইজার পদে ১২১ জন নারী-পুরুষ আবেদন করেছেন।

    নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২ আগস্ট ব্রহ্মগাছা, চান্দাইকোনা ও পাঙ্গাসী ইউনিয়নের তথ্য সংগ্রহকারী পদের আবেদনকারীদের, ৩ আগস্ট ঘুড়কা, নলকা ও সোনাখাড়া ইউনিয়নের আবেদনকারীদের এবং ৪ আগস্ট সব ইউনিয়ন ও পৌরসভার ফিল্ড সুপারভাইজার পদে আবেদনকারীদের ভাইভা অনুষ্ঠিত হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা তথ্য সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি মো. আবদুল খালেক পাটোয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ভাইভা বোর্ডে উপস্থিত হতে হবে। আবেদনপত্রে উল্লেখিত সব সনদের মূল কপি ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। এছাড়া ভাইভা চলাকালে শৃঙ্খলা ভঙ্গ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

    শনিবার (১ আগস্ট) রাত ১টার দিকে ব্যাটালিয়নের ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

    বিজিবি সূত্র জানায়, জব্দকৃত সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ৪০০ টাকা। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    এদিকে, ৫৩ বিজিবির তথ্য অনুযায়ী, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গত জুলাই মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ১ জনকে আটক করা হয়। একই সময়ে ৬৯৯ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, মাদক ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাহিনী সর্বদা সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে।

  • শ্রীমঙ্গল ও ভানুগাছ স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক

    মৌলভীবাজার প্রতিনিধি:
    মৌলভীবাজারের অন্যতম ব্যস্ততম শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন সরজমিনে পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সম্প্রতি তিনি এ পরিদর্শনে গিয়ে স্টেশন দুটির সার্বিক পরিবেশ ও যাত্রীসেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
    পরিদর্শনকালে মন্ত্রী টিকিটসংকট, চাহিদার তুলনায় ট্রেনের অপ্রতুলতা, জরাজীর্ণ রেললাইন এবং নিম্নমানের যাত্রীসেবাসহ নানা সমস্যার বিষয়ে উপস্থিত স্টেশন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিস্তারিত কথা বলেন। এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দায়িত্বশীলদের তাগিদ দেন তিনি।
    এ সময় স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা ট্রেনের শিডিউল বিপর্যয় এবং টিকিট না পাওয়ার অভিযোগ তুলে ধরলে মন্ত্রী তা মনোযোগ সহকারে শোনেন। যাত্রীদের এই দুর্ভোগ নিরসনে ও রেলের সার্বিক অব্যবস্থাপনা কাটাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দৃঢ় আশ্বাস দেন আরিফুল হক চৌধুরী।

  • মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক


    মোহাম্মদ হোসাইন,টেকনাফ,কক্সবাজার প্রতিনিধি:
    শনিবার ০১ আগস্ট ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

    তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় গত ৩১ জুলাই ২০২৬ শুক্রবার সকাল ৭ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জন পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।

    পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, একই দিন সকাল ১০ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক পতেঙ্গা ১৫ নাম্বার ঘাট সংলগ্ন এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি (DAP) সার এবং পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয়।

    জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা,আহত ১ থানায় অভিযোগ দায়ের


    কুড়িগ্রাম প্রতিনিধি:
    কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় একজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার সকালে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    গত শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ‘এলাকাবাসী ও সুধিসমাজ’-এর উদ্যোগে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকারপাড়া মাদ্রাসা মোড়ে একটি মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে আয়োজিত এই ক্যাম্পেইনে এলাকার শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

    এ সময় তারা এলাকার মাদকসেবনকারী ও বিক্রেতাদের বাড়ি বাড়ি গিয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন।
    কর্মসূচি চলাকালীন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মাদকবিরোধী ক্যাম্পেইনের সাথে যুক্ত থাকা একই এলাকার মৃত রফাতউল্লার ছেলে গোলজার হোসেন (৪৭) রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

    অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য:
    এ ঘটনায় শুক্রবার রাতেই আহত গোলজার হোসেন চারজনকে অভিযুক্ত করে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন— নাছির উদ্দিন (৫২) এবং তার তিন ছেলে রমজান আলী (৩২), হযরত আলী (২৮) ও কফিল উদ্দিন (২০)।

    প্রত্যক্ষদর্শী আমিনুর, আলম, মাসুদ ও আলতাফ জানান, অভিযুক্ত এই পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদকবিরোধী শান্তিপূর্ণ ক্যাম্পেইনে মাদক ব্যবসায়ীদের এই ধৃষ্টতাপূর্ণ হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসী অনতিবিলম্বে এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
    এ বিষয়ে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, মাদকবিরোধী ক্যাম্পেইন থেকে ফেরার পথেই তার সামনে এই হামলার ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি ভুক্তভোগীকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

    ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ভালো লেখক হতে হলে আগে ভালো পাঠক হতে হবে সম্পাদক মোস্তফা মামুন

    তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
    দৈনিক আগামীর সময়’র সম্পাদক মোস্তফা মামুন বলেছেন, যে বেশি জানে, সে বেশি পড়ে। বই মানুষের জ্ঞান, চিন্তা ও ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে বড় মাধ্যম। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থার কারণে অনেক সময় বই পড়াকেই বিরক্তিকর মনে হয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

    শুক্রবার (৩১শে জুলাই) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ায় আদর্শ পাঠাগার আয়োজিত বইপড়া উৎসবের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    নিজের শৈশব ও সংগ্রামের স্মৃতিচারণ করে মোস্তফা মামুন বলেন, একসময় লাইব্রেরিতে বসে ঘণ্টার পর ঘণ্টা বই পড়তাম। নতুন কোনো বই এলেই পড়ে ফেলতাম। তখন জীবন অনেক কঠিন ছিলো, কিন্তু বই আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস ও শক্তি দিয়েছে।

    লেখালেখির অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমি কোনো লেখা শেষ করার পর প্রথমে নিজেই পাঠক হিসেবে পড়ি। আমার নিজের যদি ভালো না লাগে, তাহলে পাঠকের ভালো লাগবে কীভাবে? আমি আমার সাংবাদিকদেরও বলি, লেখা শুরু করার আগে এক কাপ চা খেয়ে মনোযোগ দিয়ে বসো। তিনি আরও বলেন, আমি মূলত দুটি বিষয় নিয়ে কাজ করি খেলা ও সাহিত্য। এই দুই অঙ্গনের মানুষের সঙ্গে এতোটাই সম্পৃক্ত যে, অনেক সময় কাজের চাপ সামলাতে ফোন পর্যন্ত বন্ধ রাখতে হয়।

    সামাজিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা এমন একটি সমাজ চাই, যেখানে সন্ধ্যার পর বন্ধুর সঙ্গে নিশ্চিন্তে বের হওয়া যাবে। কোথাও অন্যায় হলে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে প্রতিবাদ করতে হবে। পরিবর্তন কখনো একা করা সম্ভব নয়, সম্মিলিত উদ্যোগেই তা আসে।

    নিজ এলাকা কুলাউড়ার প্রসঙ্গ টেনে মোস্তফা মামুন বলেন, আমি বিশ্বাস করি কুলাউড়া অনেক দূর এগিয়ে যাবে। ঢাকায় গেলেও আমি কুলাউড়ার সম্ভাবনার কথা বলি। তবে আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো, নিজেদের ভালো কাজগুলো আমরা যথাযথভাবে প্রচার করতে পারি না।

    দৈনিক আগামীর সময় সম্পর্কে তিনি বলেন, পত্রিকাটি মাত্র তিন মাস আগে যাত্রা শুরু করেছে। ইতোমধ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে এমন একটি বিশেষ পাতা প্রকাশ করা হয়েছে, যেখানে শুধু ইতিবাচক ও অনুপ্রেরণামূলক সংবাদ প্রকাশিত হবে। মানুষ প্রতিদিন অনেক নেতিবাচক খবর দেখে। আমরা চাই ভালো খবরও গুরুত্ব পাক, কারণ ইতিবাচক সংবাদ সমাজকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

    অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কুলাউড়া গোল্ড ক্লাবের সদস্য আব্দুর রহমান খান রেনুর সভাপতিত্বে এবং আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও দৈনিক আগামীর সময়’র কুলাউড়া প্রতিনিধি মো. খালিক উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হয়ে উপস্থিত ছিলেন মোস্তফা মামুনের সহধর্মিণী ও ইউএসএ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হুমায়রা ফেরদৌস, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এম. লুৎফুল হক, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তফা মহসিন, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার নুরুল ইসলাম, দৈনিক আগামীর সময়’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী, তরুণ সমাজসেবক আব্দুর রহমান শিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    উল্লেখ্য, বইপড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে কুলাউড়া উপজেলা শহরে আদর্শ পাঠাগার প্রতিষ্ঠা করেন মো. খালিক উদ্দিন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে এ পর্যন্ত আড়াই হাজারেরও বেশি পাঠককে বইপড়ার মাঝে উদ্বুদ্ধ করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চলমান থাকবে।