Author: DBC

  • নওগাঁয় নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু


    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
    নওগাঁর নিয়ামতপুরে দিলীপ মিনজ (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (২৯ জুলাই) রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুম থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়ার পর মৃত্যু হয় তাঁর।

    নিহত দিলীপ উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের গৈল গ্রামের শুকরা মিনজের ছেলে।

    পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে দরজা বন্ধ করে ঘুমাতে যান দিলীপ। বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে তার মা শ্রীমতি পালানি তাকে ডাকতে গেলে ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

    সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার প্রস্তুতিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে তিনি কীটনাশক জাতীয় কিছু খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানান চিকিৎসক।

    এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান পিপিএম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

  • কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, প্রত্যাখ্যান ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর


    কুবি প্রতিনিধি:
    নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কমিটি ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন। তাদের দাবি, প্রশাসনিক বিচারহীনতার কারণেই নিষিদ্ধ সংগঠনটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

    মঙ্গলবার (২৯ জুলাই) নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
    বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আমিনুর বিশ্বাসকে সভাপতি এবং পার্থ সরকারকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কার্যত নিষ্ক্রিয় ছিল। নতুন কমিটি ঘোষণার পর বিষয়টিকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রসংগঠন জানিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রম পরিচালনার যে কোনো চেষ্টা প্রতিহত করবে।

    সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, কুবি শাখার সংগঠক মারুফ শেখ বলেন, “ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ইতোমধ্যেই ঘৃণিত সংগঠনে পরিণত হয়েছে। এই কমিটি ঘোষণাও সেই ঘৃণা ও বিভাজনের রাজনীতি টিকিয়ে রাখারই চেষ্টা। আমরা এটিকে জুলাইয়ের মতোই ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে শিক্ষার্থীদের ছাত্রলীগের বিচার নিশ্চিতের দাবিতে সোচ্চার থাকার আহ্বান জানাই।”

    কুবি শাখা ছাত্র শক্তির সংগঠক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র শক্তির আহ্বায়ক নাঈম ভূঁইয়া বলেন, “ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন। আমরা যতদিন এই ক্যাম্পাসে আছি, ততদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।”

    কুবি শাখা ছাত্র শিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ শিক্ষাঙ্গনে দলীয় আধিপত্য, সন্ত্রাস ও ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অতীতের ঘটনার বিচার ও জবাবদিহি নিশ্চিত না করেই ছাত্রলীগের পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা শিক্ষার্থীরা মেনে নেবে না।”
    তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে এখনো প্রশাসনের দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিচারহীনতাই এমন পরিস্থিতির সৃষ্টি করেছে।”

    কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই কমিটিকে সাধারণ শিক্ষার্থীসহ সব ছাত্রসংগঠন প্রত্যাখ্যান করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবেই এই কমিটিকে গ্রহণ করবে না। আমাদের কাছে তথ্য রয়েছে, কমিটিতে স্থান পাওয়া ব্যক্তিদের কেউই বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছেন না। তাই এ ধরনের কমিটি সম্পূর্ণ হাস্যকর।”

    তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে ছাত্রদল সতর্ক অবস্থানে থাকবে।”

  • সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বিলম্ব করা উচিত নয়: আহমেদ আবু জাফর

    কক্সবাজার প্রতিনিধি:
    সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের আর বিলম্ব করা উচিত নয়। এটি এখন সাংবাদিকদের ন্যায্য অধিকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

    বুধবার বিকেলে বান্দরবানের লামা উপজেলার কুমারীস্থ সার্ভ বাংলোর হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া শাখার সাধারণ সভা ও সাংবাদিকদের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বাধীনতার ৫৫ বছরেও সাংবাদিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর আইন প্রণয়ন হয়নি। একই সঙ্গে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে একটি মহল এ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি এম জাহেদ চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া এবং চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন।

    চকরিয়া উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনসুর মো. মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল উপস্থিত ছিলেন।

    এ সময় কেন্দ্রীয় সভাপতি ও উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ইবনে আমিন ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে আবুল মনসুর মো. মহসিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইউসুফ বিন হোছাইন নির্বাচিত হন।

    অনুষ্ঠানের শেষে চকরিয়া উপজেলায় কর্মরত ৪০ জন সাংবাদিকের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

  • সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭দিনের কারাদণ্ড


    মৌলভীবাজার প্রতিনিধি:
    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় অভিযান পরিচালনা করে একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    বৃহস্পতিবার (২৯শে জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিক্রেতা জামাল মিয়া (৪০), পিতা: মৃত ঈমান আলী, কুলাউড়া পৌরসভার বাসিন্দাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাতে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি ট্যাগযুক্ত বীজ খোলা বাজারে বিক্রি করার দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় জামাল মিয়াকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    অভিযানকালে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ জব্দ করা হয়। জব্দকৃত বীজ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

    এছাড়া প্রাথমিক তদন্তে জানা যায়, আটক বিক্রেতা স্থানীয় বীজ ডিলার মো. নিজাম মিয়া পরিচালিত নিজাম ট্রেডার্স থেকে এসব বীজ সংগ্রহ করেছেন। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ডিলারের গুদাম পরিদর্শন এবং সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন,
    “সরকারি ভর্তুকিপ্রাপ্ত কৃষকের বা সরকারি ট্যাগযুক্ত কৃষি উপকরণ কোনোভাবেই অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করা যাবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন।”

  • বরিশাল জেলা পুলিশের নতুন ট্রলার সংযোজন এবং বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন


    বরিশাল প্রতিনিধিঃ
    বরিশাল একটি ঐতিহ্যবাহী নদীমাতৃক জেলা। জালের মতো ছড়িয়ে থাকা অসংখ্য নদ-নদী, খাল-বিল নিয়ে বরিশাল জেলা গঠিত এই জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, নদীপথের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পানির ওপর পুলিশের দ্রুত ও কার্যকর উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়।

    নদীমাতৃক বরিশালের ভৌগোলিক বাস্তবতা বিবেচনা করে বরিশাল জেলা পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, দূরদর্শী নেতৃত্বে এবং জেলা পুলিশের অর্থায়নে একটি নতুন ট্রলার ক্রয় করা হয়েছে। বুধবার ২৯ জুলাই দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার ফিতা কেটে নতুন এই ট্রলারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি ট্রলারের বিভিন্ন কারিগরি দিক ঘুরে দেখেন এবং সার্বিক কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। নদীপথে পুলিশ সদস্যদের পারদর্শিতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহান উদ্যোগে এই ট্রলার দিয়ে ২১ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে।

    এই বিশেষ কর্মসূচির আওতায় বরিশাল জেলা পুলিশের ০৮ জন নির্বাচিত পুলিশ সদস্যকে ট্রলার এবং স্পিডবোট চালানোর বাস্তবমুখী ও নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে নদীপথে টহল প্রদান, জরুরি উদ্ধার কাজ পরিচালনা এবং দূরবর্তী চরাঞ্চলে দ্রুততম সময়ে পৌঁছানোর ক্ষেত্রে তারা পেশাদারিত্ব লাভ করবেন। বর্তমানে জেলা পুলিশ বরিশাল ট্রলারটি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমের কাজে ব্যবহার করবে। প্রশিক্ষণ সমাপ্তির পর ট্রলারটি বরিশাল জেলার প্রত্যন্ত ও নদী কেন্দ্রিক থানায় পাঠিয়ে দেওয়া হবে। জলপথে সন্ত্রাস, ডাকাতি, অবৈধ বালু উত্তোলন এবং চোরাচালান দমনে পুলিশ সদস্যরা আগের চেয়ে অনেক বেশি তৎপরতা দেখাতে পারবেন।

    নদীমাতৃক অঞ্চলের সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বরিশাল জেলা পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল ও সুদৃঢ় হবে। দক্ষ ও আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে বরিশাল বাসীকে নিরাপদ ও অপরাধমুক্ত নদীপথ উপহার দিতে জেলা পুলিশের এই আন্তরিক প্রয়াস অব্যাহত থাকবে।

  • চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
    চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের (২৪ মাস) নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    ​বুধবার (২৯ জুলাই ২০২৬ খ্রি.) সন্ধ্যা ৭.৩০ মিনিট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর মডেল মসজিদ সভা কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতি কর্মচারী ইউনিয়ন।

    ​অনুষ্ঠানে উপস্থিতি ও সভাপতিত্ব
    ​সংগঠনের সভাপতি দানিউল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
    ​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন:
    ​খাইরুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি)
    ​তাজিবুর রহমান (সহ-সভাপতি)
    হামিদুল রহমান নান্নু (সাধারণ সম্পাদক)
    মনোতোষ কুমার রায় (যুগ্ম সম্পাদক)
    রবিউল ইসলাম রবি (সহ-সাধারণ সম্পাদক)
    ​এছাড়া কর্মচারী ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

    ​অনুষ্ঠান মূল আকর্ষণ ও আলোচনা
    ​অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়। বক্তারা তাদের বক্তব্যে পরিবহন খাতের শৃঙ্খলা রক্ষা, মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখা এবং যাত্রীদের সেবার মান আরও বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। নব-নির্বাচিত কমিটি আগামী ২৪ মাস চাঁপাইনবাবগঞ্জের পরিবহন খাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

  • বরগুনায় আমতলীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


    আমতলী (বরগুনা) প্রতিনিধি:
    আমতলীতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ। বুধবার সন্ধ্যা ছয়টায় উপজেলার আর পাংগাসিয়া ইউনিয়নের মধ্য আরবাঙ্গাসিয়া গ্রামের পশুর বুনিয়া খালের উপর স্লুইজ গেটের সামনে থেকে লাস উদ্ধার করা হয়।

    আমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব হোসেন জানান,, ” টলার যুগে যাওয়ার সময় যাত্রীরা দেখতে পান একটি লাশ বস্তাবন্দি অবস্থায় খালে ভাসছে।এলাকার চৌকিদার রিয়াজ হোসেনকে জানালে, রিয়াজ থানাকে অবহিত করে।

    পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে এক সপ্তাহ পূর্বে কে বা কারা খুন করে লাশ প্লাস্টিকের বস্তা বন্দী করে নদীতে ভাসিয়ে দেয়। অজ্ঞাতনামা যুবকের বয়স ৩০ বছর হতে পারে। ময়না তদন্তের জন্য লাশ বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।

  • রাঙ্গুনিয়ায় হত্যা ও বন মামলার আসামী গ্রেপ্তার


    ‎
    ‎রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
    ‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যা ও বন মামলার গ্রেপ্তারী পরোয়ানার তিন মামলার আসামী গিয়াস উদ্দিন (৫৫) কে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধায় পদুয়া রাজারহাট থেকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
    ‎
    ‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একটি হত্যা ও দুইটি বন আইনের মামলায় গ্রেপ্তারী পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।
    ‎
    ‎সে পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জয়নগর এলাকার ফয়েজ আহমদের ছেলে।
    ‎
    ‎এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হিলাল উদ্দিন আহমেদ বলেন, একটি হত্যা ও দুইটি বন আইনের মামলায় গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    জেলা সরকারি গণগ্রন্থাগার, চাঁপাইনবাবগঞ্জের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহীতে সহকারী পরিচালক পদে বদলি হওয়ায় তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    বুধবার (২৯ জুলাই) সকাল ১০ ঘটিকায় জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা সাজিয়া আফরিনের কর্মদক্ষতা, আন্তরিকতা ও গ্রন্থাগারের উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সার্বিক সাফল্য কামনা করেন।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. জুলফিকার মতিন, জুনিয়র লাইব্রেরিয়ান মোসা. মাহফুজা খাতুন, ডাটা এন্ট্রি অপারেটর মো. আব্দুস সালেকসহ গ্রন্থাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানের শেষে সাজিয়া আফরিনকে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করা হয়।

  • রাঙ্গুনিয়ায় শ্রদ্ধা নিবেদনকালে মাহবুবের রহমান শামীম বলেন শহীদ জিয়ার প্রথম সমাধিকে শেরেবাংলা নগরস্থ সমাধির আদলে করা হবে

    রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
    চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বিএনপি কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম এর রাঙ্গুনিয়াস্থ প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মুনাজাত করেছেন।

    মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর ২৯ জুলাই দুপুরে রাঙ্গুনিয়া আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান স্বাগত জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সমাজসেবা অধিদফতর পরিচালিত জিয়ানগর প্রশিক্ষণ কমপ্লেক্স পরিদর্শন করেন। কমপ্লেক্সের উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

    সমাধিস্তম্ভে মাহবুবের রহমান শামীম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর প্রথম সমাধিস্থলকে শেরেবাংলা নগরস্থ জিয়ার সমাধিস্থলের আদলে গড়ার পরিকল্পনা রয়েছে। এ সমাধিস্থল ও একাডেমিক কমপ্লেক্সেের কাঙ্ক্ষিত উন্নয়ন করা গেলে রাঙ্গুনিয়ার ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ হবে।

    এসময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম এ কালাম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য শওকত আলী নূর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী আব্বাস, সাতকানিয়া বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমীন, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এসএ মরাদ চৌধুরী, জাতীয়তাবাদী নাগরিক সমাজের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আজিম তালুকদার, উত্তর জেলা জিয়া মঞ্চ সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য বাবুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল হক হারুন, সদস্য সচিব আলী নূর তালুকদার মনি, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মহসিন প্রমুখ।
    অনুষ্ঠান শেষে সরফভাটাস্থ জেলা পরিষদের জায়গা পরিদর্শনে যান তিনি।