Author: swadeshdarpon

  • ভারতের ওপর খারাপ দৃষ্টি কারিদের উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার রাজনাথ সিং এর

    ভারতের ওপর খারাপ দৃষ্টি কারিদের উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার রাজনাথ সিং এর

    আন্তর্জাতিক ডেস্ক:   ভারতের ওপর যারা খারাপ দৃষ্টি দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি নরেন্দ্র মোদির ওপর আস্থা রাখতে দেশটির জনগণের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। খবর, দ্য টাইমস অব ইন্ডিয়া’র।

    রোববার (৪ মে) নয়াদিল্লিতে সংস্কৃতি জাগরণ মহোৎসবের ভাষণে এ কথা বলেন তিনি।

    রাজনাথ সিং বলেন, পেহেলগাম সন্ত্রাসী হামলার জবাব দিতে সামরিক বাহিনীর সাথে সব ধরণের আলাপ-আলোচনা চলছে। ভারতের সার্বভৌমত্ব বিনষ্টকারীদের দ্রুতই উপযুক্ত জবাব দেয়া হবে।

    তিনি বলেন, যারা আমাদের দেশের প্রতি খারাপ নজর দিয়েছে, সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাদের একটি উপযুক্ত জবাব দেয়া আমার দায়িত্ব।

    পেহেলগাম হামলার ঘটনায় ভারতীয়রা পাকিস্তানে পাল্টা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজনীয়তার বিষয়ে যে কথা বলছেন সেদিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আপনারা যা চান তা অবশ্যই ঘটবে।

    গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাইসারন উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও ১ নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনায় জড়িতদের সঙ্গে পাকিস্তানের আন্তঃসীমান্ত সংযোগ রয়েছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। যদিও বরাবরের মতো এই হামলার সঙ্গে যেকোনও ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।

    উল্লেখ্য, এ হামলার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা নিষিদ্ধ ও সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত। এর পাল্টায় পাকিস্তানও ভারতের বিরুদ্ধে প্রায় একই ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আবহে আরও নেতিবাচকতা লক্ষ্য করা যাচ্ছে।;

  • হাসনাত আবদুল্লাহর ওপর গাজীপুরে হামলার ঘটনায় অন্তত ৭০ জন আটক

    হাসনাত আবদুল্লাহর ওপর গাজীপুরে হামলার ঘটনায় অন্তত ৭০ জন আটক

    নিউজ ডেস্ক:    এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর গাজীপুরে হামলার ঘটনায় অন্তত ৭০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ মে) দিবাগত রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এখনও অভিযান চলছে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

    রোববার (৫ মে) সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় ৪ থেকে ৫টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

    এদিকে, হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে অনেক জেলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা।

    এই হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কিছু শিক্ষার্থী।;

  • ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে তিন সেনা নিহত

    ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে তিন সেনা নিহত

    আন্তর্জাতিক ডেস্ক:  ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে তিন সেনা নিহত হয়েছেন। রোববার (৪ মে) স্থানীয় সময় সকালে অঞ্চলটির রামবান জেলায় এ দুর্ঘটনা ঘটে।

    সংবাদ সংস্থা পিটিআই জানায়, জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল গাড়িটি। এ সময় শ্রীনগর মহাসড়কের ব্যাটারি চশমামূল নামক এলাকায় দুর্ঘটনার কবলের পড়ে সেনাবাহিনীর গাড়িটি। মূল সড়ক থেকে ছিটকে পড়ে পাশের ৭শ’ ফুট গভীর খাদে।

    কর্মকর্তারা জানান, দুর্ঘটনার ফলে গাড়িটি সম্পূর্ণরূপে ছিন্নভিন্ন হয়ে যায়। সেনাবাহিনী, পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি যৌথ উদ্ধার অভিযান তাৎক্ষণিকভাবে শুরু হয়। ঘটনাস্থলেই গাড়ির ভেতরে থাকা তিন সৈন্যকে মৃত অবস্থায় পাওয়া যায়।

    পিটিআই’র তথ্য অনুসারে, নিহত তিন সেনা হলেন অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর। তাদের মৃতদেহ খাদ থেকে উদ্ধার করা হয় বলে জানানো হয়।;

  • পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার করমর্দন, ভারতীয় মিডিয়ায় অপপ্রচার

    পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার করমর্দন, ভারতীয় মিডিয়ায় অপপ্রচার

    নিউজ ডেস্ক:  বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের করমর্দনের ছবিকে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ড. ইউনূসের করমর্দনের ছবি বলে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘আজতক বাংলা’। তবে দাবিটি মিথ্যা বলে জানায় তথ্য যাচাইকারী (ফ্যাক্ট চেকার) সংস্থা রিউমার স্ক্যানার।

    গত ৩ মে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, ছবিতে ড. ইউনূসের সঙ্গে করমর্দন (হ্যান্ডশেক) করা ব্যক্তিরা পাকিস্তানি সেনা কর্মকর্তা হতে পারেন।

    আজতক বাংলার ভিডিও প্রতিবেদনে উপস্থাপক দাবি করেন, ‘তবে পোশাক দেখে মনে হচ্ছে না, তারা কেউ বাংলাদেশের সেনা। কেননা, বাংলাদেশের সেনার পোশাক এইরকম নয়। ..এরা কি তাহলে অন্য কোনো দেশের সেনা আধিকারিক? তাহলে বাংলাদেশে কী করছেন? এরা কি পাকিস্তানি সেনা আধিকারিক?’

    তবে দাবিটি সত্য নয় বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা গেছে, ছবিতে ড. ইউনূসের সঙ্গে হ্যান্ডশেক করা ব্যক্তিদের কেউই পাকিস্তান বা বাংলাদেশের সেনা কর্মকর্তা নয় বরং এরা সকলেই বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা।

    রিউমার স্ক্যানার জানায়, গত ২৯ এপ্রিল পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনের সময়ের ছবি এটি। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) গ্রহণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ ছিবগাত উল্লাহ, পিপিএম।

    এ বিষয়ে অনুসন্ধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে গত ২৯ এপ্রিল প্রকাশিত একই ছবি পাওয়া যায়।

     

    পরবর্তী অনুসন্ধানে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে একইদিনের একাধিক ছবিতেও একই পোশাকে পুলিশ কর্মকর্তাদের দেখা যায়। এমনকি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকেও একই পোশাকে ড. ইউনূসের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

    এ বিষয়ে আরও জানতে পুলিশ সদর দফতরে যোগাযোগ করা হলে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর রিউমার স্ক্যানারকে জানান, এখানে সকলেই বাংলাদেশ পুলিশের সদস্য। এটা আমাদের সেরেমোনিয়াল ড্রেস যা ‘সামার টিউনিক’ নামে পরিচিত। পুলিশ সপ্তাহে আমরা সেরেমোনিয়াল ড্রেস পরে থাকি।

    অর্থাৎ, যে ছবিটিকে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে ড. ইউনূসের হ্যান্ডশেক বলে দাবি করা হচ্ছে, সেটি আসলে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে একটি আনুষ্ঠানিক মুহূর্তের ছবি, কোনো পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সঙ্গে নয়।;

  • হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

    হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

     নিউজ ডেস্ক:   গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৪ মে) গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এ হামলার ঘটনা ঘটে।

    ঘটনা জানাজানির সঙ্গে সঙ্গেই যমুনা টেলিভিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় হাসনাতের সাথে। তিনিও হামলার বিষয়টি নিশ্চিত করেন।

    এর কিছুক্ষণের মধ্যেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

    পোস্টে তিনি লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।’

    অন্যদিকে এনসিপির আরেক নেতা হান্নান মাসউদ তার পোস্টে লিখেছেন, ‘গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশেপাশে যারা আছেন, দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।’

    গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান বলেন, গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরছিলেন। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহর জ্যামে আটকে থাকাবস্থায় ৪/৫টি মোটরসাইকেলে তার গাড়ি হামলা করে। হামলায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হন এবং গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়া হয়েছে।

    তিনি আরও বলেন, হামলাকারীদের খুঁজে বের করতে এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এদিকে এ বিষয়ে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে রাতেই ব্রিফ করবে দলটি।;

  • কোচেই সমাধান দেখছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু

    কোচেই সমাধান দেখছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু

    খেলাধুলা ডেস্ক:    কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষা করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন (সিবিএফ)। এদিকে ২৫ মে’র আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে নারাজ রিয়াল মাদ্রিদ বস। তবে আনচেলত্তির প্রশংসা করলেও আপাতত স্থানীয় কোচেই সমাধান দেখছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু। পাশাপাশি দেশি কোচ নিয়েই ৫ বার বিশ্বকাপ জয়ের কথাও মনে করিয়ে দিলেন সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

    সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই ইউরোপিয়ান কোচের সন্ধানে নেমেছে ব্রাজিল। রোনালদো নাজারিও ও অনেকে বিদেশি কোচের পক্ষে থাকলেও রিভালদোর মতো অনেকে আবার বিপক্ষেও ছিলেন। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির দিকে বিশেষ নজর ছিল সেলেসাওদের। আনচেলত্তির কোচ হওয়ার কথা থাকলেও পরে সেটি হয়নি। কিন্তু এখন আবার দৃশ্যপটে আনচেলত্তি।

    লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায় তারা। তবে কোচ আনচেলত্তির প্রশংসা করলেও আপাতত স্থানীয় কোচেই সমাধান দেখছেন কাফু।

    তিনি বলেন, যদি আনচেলত্তিকে নির্বাচন করা হয়, তবে আমরা তাঁকে স্বাগত জানাব। কিন্তু আমরা একমাত্র দল হিসেবে পাঁচবার বিশ্বকাপ জিতেছি বিদেশি কোচ ছাড়াই। আমাদের সব সময় দেশি কোচই ছিল, এটাই ব্যাপার। ব্যাপারটা এমন না যে একজন বিদেশি কোচের জাতীয় দলে আসা উচিত। কিন্তু আমি এই বিশ্বকাপের জন্য ব্রাজিলিয়ান কোচের ওপরই বাজি ধরব।

    এদিকে, সময়ের সাথে সাথে বাড়ছে রিয়াল মাদ্রিদ থেকে আনচেলত্তির সম্ভাব্য বিদায়ের। একই সঙ্গে তার ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেয়ার সম্ভাবনাও যেন বাড়ছে। তবে এসব নিয়ে একেবারেই নিশ্চুপ অভিজ্ঞ এই কোচ। লা লিগা শেষের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কোন কিছু বলতে নারাজ এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

    আনচেলত্তি বলেন, এই ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের আমি খুব ভালোবাসি। তাদের প্রতি আমার যথেষ্ট সম্মানও আছে। আমি আমার ভবিষ্যৎ নিয়ে চলতি মাসের ২৫ তারিখের পর কথা বলব, তার আগে নয়।

    লা লিগায় রিয়াল নিজেদের শেষ ম্যাচ খেলবে ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

    এখন দেখার বিষয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ডাগআউটে কাকে দেখা যায়। বিগত ২ দশক ধরে হেক্সা শিরোপার স্বপ্ন দেখে যাচ্ছে সেলেসাওরা।;

  • গাঁজা চাষ ও সেবনের বৈধতায় বিশাল র‍্যালি মেক্সিকোতে

    গাঁজা চাষ ও সেবনের বৈধতায় বিশাল র‍্যালি মেক্সিকোতে

    আন্তর্জাতিক ডেস্ক:  গাঁজা চাষ ও সেবনের বৈধতা চেয়ে বিশাল র‍্যালির আয়োজন করেছে মেক্সিকানরা। শনিবার (৩ মে) দেশটির রাজধানী মেক্সিকো সিটির প্রধান সড়কে জড়ো হয় সবাই।

    এসময় গাঁজা সেবনে আইনত জটিলতায় ক্ষোভ ঝাড়েন তারা। সরকারের কাছে অনুমতি চান ব্যক্তিগতভাবে গাঁজা চাষ ও সেবনের জন্য।

    ২০১৭ সাল থেকে চিকিৎসাক্ষেত্রে গাঁজার ব্যবহারকে অনুমোদন দিয়েছিল মেক্সিকো সরকার। পরে ২০২১ সালে শুধু মাত্র প্রাপ্ত বয়স্কদের এই নেশাদ্রব্যটি প্রকাশ্যে সেবনে স্বীকৃতি দেয়া হয়। তবে ব্যক্তিগত ব্যবহারে এখনও রয়েছে আইনত জটিলতা। এদিকে বাণিজ্যিক উদ্দেশ্যে গাঁজার বিক্রয় এখনও নিষিদ্ধ মেক্সিকোতে।;

  • তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনির ইউএনএসডব্লিউ

    তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনির ইউএনএসডব্লিউ

    নিউজ ডেস্ক:   আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ)।

    রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তুরিন আফরোজের পারিবারিক সম্পত্তি সংক্রান্ত মামলায় দাখিল করা এক নথিতে উঠে আসে এ তথ্য। আইনজীবী ব্যারিস্টার এ এস এম সাজ্জাদ হায়দার বিষয়টি জানিয়েছেন।

    তিনি বলেন, তুরিন আফরোজ যে অধ্যাপকের অধীনে সিডনির বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পন্ন করেছেন বলে দাবি করেন, সেই অধ্যাপক ই-মেইলে জানিয়েছেন তিনি পিএইচডি পর্বটি শেষ করতে পারেননি।

    রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে, তুরিন আফরোজের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছিল। উত্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ বিষয়ে তাদের কাছে কোনো রেকর্ড নেই। তথ্যটি প্রকাশ্যে আসার পর বিষয়টি ঘিরে আইন অঙ্গনে চলছে তুমুল আলোচনা।

    এর আগে, ১৩ মার্চ আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। তখন সে ছিল পরাক্রমশালী। এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

    প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় পাঁচতলা বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম এবং তার ভাই শিশির আহমেদ শাহনেওয়াজের বসবাস করা নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে দেন হাইকোর্ট। এর ফলে ওই বাড়িতে শামসুন্নাহার বেগম ও শাহনেওয়াজের বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।;

  • মানবিক করিডর ইস্যুতে কোনও চুক্তি করেনি বাংলাদেশ : নিরাপত্তা উপদেষ্টা

    মানবিক করিডর ইস্যুতে কোনও চুক্তি করেনি বাংলাদেশ : নিরাপত্তা উপদেষ্টা

    নিউজ ডেস্ক: মানবিক করিডর ইস্যুতে কোনও চুক্তি বা সমঝোতা করেনি বাংলাদেশ।এমন তথ্য জানিয়েছন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

    রোববার (৪ মে) রোহিঙ্গা ইস্যুতে এক সেমিনারে তিনি একথা জানান।

    তিনি বলেন, বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক সহায়তা করিডরের জন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হয়েছে। জাতিসংঘ এটি পরিচালনা করবে। এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে, কোনও অস্ত্র নয়। এই যোগাযোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে জানান তিনি।

    তিনি আরও বলেন, বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে, দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই। রোহিঙ্গা ইস্যুতে খলিলুর রহমান বলেন, রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে। এটা সহজ না হলেও সরকার তা বাস্তবায়ন করবে।

    সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয়। ইতিহাস তাই বলে।

    এ সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা যুদ্ধকে উদাহরণ হিসেবে দেখান উপদেষ্টা।;

  • মাধ্যমিক পর্যায়ে প্রতিবন্ধী, এতিম এবং দুস্থ ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তির নিশ্চয়তা দেবে সরকার

    মাধ্যমিক পর্যায়ে প্রতিবন্ধী, এতিম এবং দুস্থ ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তির নিশ্চয়তা দেবে সরকার

    নিউজ ডেস্ক:   মাধ্যমিক পর্যায়ে প্রতিবন্ধী, এতিম এবং দুস্থ ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে সরকার। শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে দেয়া হবে এ আর্থিক সহায়তা।

    শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, নদীভাঙন পরিবারের সন্তান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান এই ভর্তি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এ জন্য শিক্ষার্থীদের তাদের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে।

    ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও সমমান শ্রেণিতে ভর্তি হওয়া অথবা অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। আগামী ২২ মে আবেদন শেষ হবে।

    আগ্রহী শিক্ষার্থীদের https://www.eservice.pmeat.gov.bd/admission ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

    একই সঙ্গে ওয়েবসাইটে ভর্তি সহায়তার জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্রের ফরম এবং আবেদন প্রক্রিয়াও বিস্তারিত নির্দেশনা দেয়া রয়েছে।;