Category: জাতীয়

  • দ্বিতীয় ধাপে গঠিত পাঁচ সংস্কার কমিশনের সবগুলোরই মেয়াদ বাড়ানো হয়েছে

    দ্বিতীয় ধাপে গঠিত পাঁচ সংস্কার কমিশনের সবগুলোরই মেয়াদ বাড়ানো হয়েছে

     

    নিউজ ডেস্ক: রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে দ্বিতীয় ধাপে গঠিত পাঁচ সংস্কার কমিশনের সবগুলোরই মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।  বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    কমিশনগুলো হলো, নারী বিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশন।

    প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, সংস্কার কমিশনগুলোর কাজ সুসম্পন্ন করার স্বার্থে মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    এই পাঁচ সংস্কার কমিশনের মধ্যে গত ২২ মার্চ গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

    এর আগে, গত মাসের ১৮ ফেব্রুয়ারি এই ৫ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ায় সরকার। তবে সেই মেয়াদ শেষ হওয়ার চারদিন আগেই নতুন করে আবার তা বাড়ানো হলো।

    প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে এই পাঁচ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল।;

  • যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা নয় : নাহিদ ইসলাম

    যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা নয় : নাহিদ ইসলাম

    নিউজ ডেস্ক: যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা নয়। কিন্তু বিগত ১৫ বছরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হওয়াদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে মোদি বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

    নাহিদ ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে। দেশটির সহায়তায় দলটি ক্ষমতায় ছিল। তাদের খুশি করতেই নতজানু পররাষ্ট্রনীতি করাই ছিলো শেখ হাসিনার কাজ। দেশটি প্রতিবেশি বলে তাদের সাথে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তবে তাদের সাথে সমতা-ন্যায্যতার ভিত্তিতে সর্ম্পক হবে। সীমান্ত হত্যার আজও কোনো বন্দোবস্ত হয়নি। পানির ন্যায্যতা পাইনি। বাংলাদেশের জনগণের প্রাপ্য দেশটিকে বুঝিয়ে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড, মোদিবিরোধী ও জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত। এই সবকিছুর বিচার নিশ্চিত করতে হবে। কারণ বিচার এখন না হলে আর হবে কিনা বলা যাচ্ছে না।

    সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন, ভারতে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানাই। দেশটির মিডিয়া ৫ আগষ্ট পরবর্তী সময়ে গুজব ছড়াচ্ছে। এসবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিলো।;

  • জাতিসংঘে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত

    জাতিসংঘে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত

    নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদে মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের ক্ষেত্র, পদ্ধতি, কাঠামো ও সংগঠন সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

    বুধবার (২৬ মার্চ) এ প্রস্তাব হয় গৃহীত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী উন্মুক্ত বিতর্ক পর্বে হস্তক্ষেপ করে প্রস্তাবের ওপর ভোটের আহ্বান জানান, কারণ রাশিয়া এতে কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছিল, যা বাংলাদেশ গ্রহণ করেনি।

    সাধারণ পরিষদের সভাপতি ভোটগ্রহণের উদ্যোগ নেন এবং প্রস্তাবটি ১৪১ ভোটে গৃহীত হয়। এই প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি, তবে ১০টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।

    প্রসঙ্গত, এ প্রস্তাব গ্রহণ রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, বিশেষ করে এমন সময়ে যখন ঢাকা আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে।;

  • চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    নিউজ ডেস্ক: চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি দেশটির হাইয়ান বিমানবন্দরে অবতরণ করে।

    বিমানবন্দরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও দেশটির হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিওনগাই বো প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

    এর আগে, বুধবার দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। এর আগে চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠকও করেন তিনি।

    এদিকে গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, এ সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধান উপদেষ্টা আগামী ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় দ্য বোরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার এ সফরে কোনো চুক্তি সই হবে না। তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানা গেছে।;