Category: জাতীয়

  • ‌‌আসন্ন গুমানমর্দ্দন ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে পারভেজ মাসুদুর


    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
    আসন্ন গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনমনে আলোচনার শীর্ষে রয়েছেন পারভেজ মাসুদুর রহমান (পিএম রহমান)। তিনি গুমানমর্দ্দন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। ছাত্ররাজনীতি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে তার ধারাবাহিক সম্পৃক্ততা তাকে এলাকায় একটি পরিচিত মুখে পরিণত করেছে।
    পারভেজ মাসুদুর রহমান জানান, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন।

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক পথচলা শুরু করেন। তাঁর ভাষ্য, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে নানা প্রতিকূলতা, মামলা, হামলা, জেল-জুলুম এবং চাপের মুখেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি আরও বলেন, এসব প্রতিকূলতা তাকে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আরও দৃঢ় করেছে।
    তিনি বলেন, “রাজনীতি করেছি সর্বদা জনগণের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য। মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করতে পারাটাই আমার সবচেয়ে বড় স্বার্থকতা। আমি বিশ্বাস করি, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্বই একটি ইউনিয়নের প্রকৃত পরিবর্তন আনতে পারে।

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমার প্রিয় গুমানমর্দ্দন ইউনিয়নের জনগণের কাছে আমি একটি সুযোগ চাই। আপনাদের একটি মূল্যবান ভোট আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিতে পারে। নির্বাচিত হলে গুমানমর্দ্দনের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার পরিকল্পনা রয়েছে। জনগণের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখার চেষ্টা করব।

    স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইউনিয়নজুড়ে পারভেজ মাসুদুর রহমানের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা এবং জনসংযোগ তাঁকে আলোচনায় নিয়ে এসেছে। তরুণ ভোটারদের মধ্যেও তার প্রতি একটি আলাদা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তবে নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণ করবেন ভোটাররাই।

  • স্বস্তি ফিরেছে নেতাকর্মীদের মাঝে: ভালুকা শ্রমিকদল সভাপতি সৌমিক হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার


    ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
    ময়মনসিংহের ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। সেই সঙ্গে তাঁর প্রাথমিক সদস্য পদও ফিরিয়ে দেওয়া হয়েছে।

    ​রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

    ​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ জেলা কমিটির অন্তর্ভুক্ত ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগকে পূর্বে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় কমিটি বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক তাঁকে স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করে।

    ​এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সৌমিক হাসান সোহাগ জানান, ২০২৫ সালের ২৪ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। রবিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সিদ্ধান্তে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত মেনে পুনরায় দলের সেবায় আত্মনিয়োগ করার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।

  • সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
    “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে জেলা প্রশাসন।

    রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এবং সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

    আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

    আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন ঘোষণা করেন। এরপর অতিথিরা বৃক্ষমেলা পরিদর্শন করেন।

  • এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    মৌলভীবাজার প্রতিনিধি:
    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগামী এক বছরের মধ্যে এক লাখ গাছের চারা রোপণের লক্ষ্যে বিশেষ কর্মসূচির উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক লাখ বৃক্ষরোপণ ও চারা বিতরণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ সংসদ সদস্য (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মো. মুজিবুর রহমান চৌধুরী।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল আল মামুন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গরা।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন,“মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা শ্রীমঙ্গল উপজেলায় এক বছরের মধ্যেই দ্রুততম সময়ে এক লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নিয়েছি। শ্রীমঙ্গলে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ১০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে। এ কার্যক্রমে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডগুলোকে সম্পৃক্ত করা হবে, যাতে তৃণমূল পর্যায়ে মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়। একই সঙ্গে ওয়ার্ডভিত্তিক গাছের চারা বিতরণও করা হবে।”

    তিনি আরও বলেন,“পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বনায়ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।”

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক বছরের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে এক লাখ গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম চলমান প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে।

  • নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস।

    সভায় সভাপতির বক্তব্যে ইউএনও প্রিয়াংকা দাস বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

    তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, সামাজিক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।

    সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল দেবনাথ, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ফারহানা নবী, প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা। সভায় উপস্থিত অতিথিরা বিভিন্ন বিষয়ে মতামত ও বক্তব্য প্রদান করেন।

  • গাজীপুর জেলা পরিষদ নিয়ে অভিযোগ ‘ভিত্তিহীন’, দাবি মানববন্ধনকারীদের

    গাজীপুর জেলা পরিষদ নিয়ে অভিযোগ ‘ভিত্তিহীন’, দাবি মানববন্ধনকারীদের

    নিজস্ব প্রতিবেদক ::

    গাজীপুর জেলা পরিষদকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও কথিত অপপ্রচারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা দাবি করেন, জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।

    বক্তাদের দাবি, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর নেতৃত্বে সরকারি বিধি-বিধান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বিভিন্ন ব্যাংকে থাকা ৩৪ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) সোনালী ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। এর মাধ্যমে বর্তমানে জেলা পরিষদের মোট ১১৫ কোটি টাকার এফডিআর গঠন করা হয়েছে।

    তাদের অভিযোগ, এফডিআর স্থানান্তরের বিষয়টি উপেক্ষা করে ৬২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। একই সঙ্গে গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম (উপসচিব)-এর বিরুদ্ধেও মানহানিকর বক্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তারা।

    মানববন্ধনে বক্তারা আরও বলেন, টেন্ডারে সুবিধাবঞ্চিত একটি স্বার্থান্বেষী চক্র জেলা পরিষদকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা গত ৩০ জুন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধন এবং এ-সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদেরও প্রতিবাদ জানান।

    বক্তারা সংশ্লিষ্ট সব পক্ষকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধ করে জনস্বার্থ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ারও আহ্বান জানান তারা।

  • আমতলীতে শিশু শ্রম, বাল্যবিবাহ ও স্কুল ঝরে পড়া প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


    আমতলী (বরগুনা) প্রতিনিধি:
    শিশু শ্রম, বাল্যবিবাহ, অপুষ্টি, ক্ষুধা, স্কুল থেকে শিশুদের ঝরে পড়া প্রতিরোধ এবং পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার আমতলীতে গ্রাম পুলিশদের অংশগ্রহণে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল ১১টায় আমতলী থানার হলরুমে আমতলী এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এনএসএস-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

    সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আমতলী এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমতলী থানার সাব-ইন্সপেক্টর নাসরিন সুলতানা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এডিপির চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস এবং সুজন—সুশাসনের জন্য নাগরিক, আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবু জিহাদ।

    বক্তারা বলেন, শিশু শ্রম, বাল্যবিবাহ, অপুষ্টি ও ক্ষুধা কেবল একটি পরিবারের নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম বড় প্রতিবন্ধক। এসব সামাজিক সমস্যা শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশকে ব্যাহত করে এবং তাদের শিক্ষাজীবন অনিশ্চিত করে তোলে। একটি শিশুর বিদ্যালয় থেকে ঝরে পড়া শুধু তার ব্যক্তিগত ক্ষতি নয়, বরং দেশের মানবসম্পদ উন্নয়নের জন্যও বড় ধরনের চ্যালেঞ্জ।

    সভায় আরও বলা হয়, গ্রাম পুলিশরা তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় শিশু সুরক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম রোধ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে উদ্বুদ্ধ করা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

    প্রধান অতিথির বক্তব্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। শিশু শ্রম ও বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনা সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য তিনি গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

    সভাপতির বক্তব্যে বিভুদান বিশ্বাস বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিশুদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সরকারি বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সহযোগিতায় শিশুদের জন্য আরও নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

    সভায় উপস্থিত গ্রাম পুলিশদের শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, বিদ্যালয়মুখী শিশু বৃদ্ধি, অপুষ্টি মোকাবিলা, ক্ষুধামুক্ত সমাজ গঠন এবং পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি গ্রামীণ জনপদে সচেতনতা বৃদ্ধি এবং আইন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার কৌশল নিয়েও আলোচনা করা হয়।

    অনুষ্ঠানে আমতলী থানার কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

    সভা শেষে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম নিরসন, শিক্ষা অব্যাহত রাখা, স্বাস্থ্যবিধি ও পরিবেশ পরিচ্ছন্নতা এবং দেশের প্রচলিত আইন-বিধি সম্পর্কে তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।

    আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • ওয়ারহাউজ ইন্সপেক্টর মহিউদ্দিনের বিরুদ্ধে নিয়োগ–বদলি বাণিজ্যের অভিযোগ, ব্যবস্থা চায় একাংশ

    ওয়ারহাউজ ইন্সপেক্টর মহিউদ্দিনের বিরুদ্ধে নিয়োগ–বদলি বাণিজ্যের অভিযোগ, ব্যবস্থা চায় একাংশ

    স্টাফ রিপোর্টার:

    বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সাময়িক বরখাস্ত কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বদলি–বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির একাংশের কর্মকর্তা-কর্মচারীরা।

    অভিযোগে বলা হয়েছে, সাময়িক বরখাস্ত ওয়ারহাউজ ইন্সপেক্টর মহিউদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ নিয়োগ ও বদলি–বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, তিনি ফায়ার সার্ভিসের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

    তাদের ভাষ্য, ফায়ার সার্ভিসে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ কার্যক্রম পরিচালিত হওয়ায় কথিত স্বার্থসংশ্লিষ্ট একটি চক্র অসন্তুষ্ট হয়ে বিভিন্ন ধরনের অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

    অভিযোগকারীরা আরও দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অতীতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগও তদন্তের দাবি জানান তারা।

    ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এতে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জনআস্থা আরও সুদৃঢ় হবে।

    এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মহিউদ্দিনের বক্তব্য জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

    এ বিষয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • রায়গঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সিরাজগঞ্জ উপজেলা সংবাদদাতা:
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় অত্র বিদ্যালয়ের প্রশাসনিক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজী মুদ্দীন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ দিক ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সেখ নজরুল ইসলাম।

    প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সেখ নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন ধামাইনগর ইউপি সদস্য নিপেন্দ্র নাথ মাহাতো, গণমাধ্যম কর্মী হাজী মোঃ জাকি উল্লাহ, ৭নং ওয়ার্ড জামায়াতের আমির মোঃ আশরাফ উদ্দিন।

    সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ ও বীরত্বগাথা স্মরণ করে বলেন, নতুন বাংলাদেশ গঠনে এই শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্বপ্ন বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

    অনুষ্ঠানে শিশু শ্রেণী হতে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা, স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। ‎সভায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা।
    ‎

  • জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে সদরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

    ফরিদপুর প্রতিনিধি:
    ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার(ভূমি) রিফাত আনজুম প্রিয়া,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আল-মামুন,বিএনপির আহবায়ক কাজী বদরুত জামান বদু,এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

    সভায় জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

    সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

    দিবসটি উপলক্ষে উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণসভা আয়োজনের সংবাদ পাওয়া গেছে।