Category: জাতীয়

  • গাজীপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

    গাজীপুর প্রতিনিধি :
    গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার এবং জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

    এরপর পর্যায়ক্রমে জেলা মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড এবং জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে জুলাই চত্বরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এছাড়া গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে শওকত হোসেন সরকারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা আলাদাভাবে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

    কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) বেলায়েত হোসেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাসসুম, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

    পুষ্পস্তবক অর্পণ শেষে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তাগণ।

  • জুলাই শহীদ দিবসে অষ্টগ্রামে আলোচনা সভা, শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস ইউএনওর


    ‎
    ‎মোঃ আল-আমিন,বিশেষ প্রতিনিধি :
    ‎

    ‎কিশোরগঞ্জের অষ্টগ্রামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    ‎
    ‎বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা-র সভাপতিত্বে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
    ‎
    ‎আলোচনা সভায় ২০২৪ সালের ছাত্র-নাগরিক অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে শহীদদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
    ‎
    ‎সভায় আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ মিয়া, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
    ‎
    ‎অনুষ্ঠানে ২০২৪ সালের ছাত্র-নাগরিক অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত অষ্টগ্রামের দুই যুবক তনয় দাস ও ইমন এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদ দুই যুবকের মায়েরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
    ‎
    ‎শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা বলেন,জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। সরকারি নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী আপনাদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে আমার পক্ষ থেকে যা যা করা সম্ভব,আমি তা করে যাব। আপনাদের যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।
    ‎
    ‎এ সময় উপস্থিত সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সম্মান জানান।
    ‎
    ‎সভা শেষে বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

  • আধুনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ


    লোহাগাড়ার প্রতিনিধি:
    চট্টগ্রামের লোহাগাড়ায় ৯টি ইউনিয়নের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ। ভেঙে গেছে মাটির ঘর ও গ্রামীণ সড়ক গুলো। দেখা দিয়েছে খাদ্যের সংকটও।

    তারই ধারাবাহিকতায় উপজেলার আধুনগরের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

    ১৫জুলাই (বুধবার) বিকেলে আধুনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আধুনগরের ৮নাম্বার ওয়ার্ডস্থ মিয়া পাড়া এলাকায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী।

    আধুনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমামুল আবেদিন চৌধুরী রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমুদুর রহমান, লোহাগাড়া উপজেলা যুবদল সাবেক সহ সভাপতি এস,এম রেজাউল বছির চৌধুরী,সোবহান সওদাগর,চন্দন বড়ুয়া, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বেলাল উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুবদল নেতা সোহরাব উদ্দিন আবু হেনা, এমএস শিহাব,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সায়েমুল ইসলাম সিয়াম,তারেক ,কামাল ,এমরান সওদাগর, সদস্য ইকবাল হোসেন, মোঃ নবী হোসেন,মোঃ রুবেলসহ আধুনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) ইয়াসির আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও মো. নাদিরুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শবনম আক্তার ও মো. আওরঙ্গজেব, উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর আলম, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, সহকারী শিক্ষক গোলাম হামিদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

    অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    আয়োজকরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম, পরিবেশ সচেতনতা এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

  • ভালুকায় ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

    ​ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
    জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণে সচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ই জুলাই) সকালে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

    ​অনুষ্ঠানটিতে বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চামিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসাতুল হুদা মাদ্রাসার প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা।

    ​বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকার সাবেক কারানির্যাতিত নেতা ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হামিদুর রহমান।
    ​
    অনুষ্ঠানে মোঃ হামিদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহবানে সারা দেশে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় সারাদেশে বৃক্ষ রোপণ ও বিতরণের উদ্বোধন করায় ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমি বনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাদ্রাসাতুল হুদা,মাহার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চামিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা রোপন ও ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমি আজকের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি যত্নবান হওয়ার বার্তা দিতে চাই।

    ​তিনি আরও বলেন, একটি সুন্দর ও সবুজ পৃথিবী গড়তে প্রতিটি নাগরিকের অন্তত একটি করে গাছ লাগানো উচিত। আজকের রোপণ করা প্রতিটি চারা যেন বড় হয়ে আমাদের পরিবেশকে সমৃদ্ধ করে, সেই প্রত্যাশা করছি।

    ​কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন ময়মনসিংহ বিভাগের (৪ জেলা) ডিরেক্টর এবং ভালুকা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল। তিনি তার বক্তব্যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

    ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ নাসিমা শাহরিন রুম্পা, বনগাঁও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা সানোয়ার হোসেন, যুবদল নেতা আনোয়ার হোসেন। এছাড়াও বিদ্যালয়ের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী আনন্দঘন পরিবেশে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

  • প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিলো নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইমান কানিতা


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী আইমান কানিতা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ অর্জন করেছে। এ উপলক্ষে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (১৫ জুলাই) ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আইমান কানিতার হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ তুলে দেন।

    এ সময় তিনি আইমান কানিতার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল মিলন উপস্থিত ছিলেন। নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, “আইমান কানিতার এই গৌরবময় অর্জন শুধু আমাদের বিদ্যালয়ের জন্য নয়, পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গর্বের। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।”

    আইমান কানিতার এই জাতীয় স্বীকৃতিতে চাঁপাইনবাবগঞ্জ বাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলার সর্বস্তরের মানুষ তার অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

  • সিরাজগঞ্জের রায়গঞ্জে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে জন সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন


    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলায় বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

    ১৪ জুলাই মঙ্গলবার বিকাল পাঁচটায় উপজেলার ক্ষিরতলায় জেলা তথ্য, গণযোগাযোগ অধিদপ্তর ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনায়, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলীর আয়োজনে এই চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

    স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ কাজী মুদ্দীন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ঘোষক জেলা তথ্য অফিস মোঃ বাবুল হোসেন, সিনে অপারেটর রেজাউল করিম, এপি প্রোগ্রাম অপারেটর আব্দুর রউফসহ জেলা তথ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    উক্ত চলচ্চিত্রের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হয়ে একসাথে একযোগে কাজ করাসহ বাল্য বিবাহ ও অল্প বয়সে বিয়ের কুফল সম্পর্কে জানতে পারে।

    ‘আমার গ্রাম, আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত’- শ্লোগানকে ধারণ করে বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয় চলচ্চিত্রের মাধ্যমে

    স্থানীয় লোকজনসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, বিভিন্ন মন্দিরের পুরোহিত, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত থেকে চলচিত্রটি উপভোগ করেন।

  • উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত

    নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
    হেক্স ইপার এর সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশন এর থ্রাইভ প্রকল্পের অধিণে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষ্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
    আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন।

    এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,
    উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, প্রকল্পের টেকনিক্যাল অফিসার-মোঃ আনোয়ার হোসেন, ফারহানা উর্মি প্রমূখ।

    সভায় বক্তারা বলেন, নিয়ামতপুর উপজেলায় কাজ করার অনেক সুযোগ আছে। সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানকেও কাজ করতে হবে। একই ব্যাক্তিকে যাতে একাধিক সহায়তার আওতায় না নিয়ে আসা হয় অর্থাৎ ওভারল্যাপিং যাতে না হয় এজন্য এনজিওদের সরকারি সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করার কথা বলেন।

  • বাঘাইছড়িত টিন কেটে দুর্ধর্ষ চুরি, জাহাঙ্গীরের দোকান থেকে ৭০ হাজার টাকার মালামাল লুট


    বাঘাইছড়ি প্রতিনিধি:
    গভীর রাতে দোকানের টিন কেটে ভেতরে ঢুকে প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুট করেছে চোরের দল। ঘটনাটি ঘটেছে বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি মুসলিম পাড়ায়।

    ভুক্তভোগী দোকানদারের নাম জাহাঙ্গীর। তিনি দুরছড়ি মুসলিম পাড়ার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ই জুলাই (শনিবার)রাত ১০টায় দোকানের বেচা-কেনা শেষ করে জাহাঙ্গীর দোকান বন্ধ করে বাড়িতে চলে আসেন। এরপর ওই রাতেই ঘটে এই দুর্ধর্ষ চুরি।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, চোরেরা দোকানের দরজার উপরের টিন কেটে ভেতরের শিকল খুলে ভেতরে প্রবেশ করে। এরপর দোকানের সব মালামাল এলোমেলো করে প্রয়োজনীয় পণ্য নিয়ে যায়।

    জাহাঙ্গীর বলেন, রাত ৩টার দিকে নুর আলম আমাকে ফোন করে জানায় দোকানের দরজা খোলা। শুনে আমি হতবিহ্বল হয়ে যাই। এসে দেখি দোকানের ভেতর সব তছনছ। প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে।

    কাউকে সন্দেহ করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি কাউকে সন্দেহ করছি না। তবে প্রকৃত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”

    এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের দাবি, “আজ দোকানে চুরি হয়েছে, কাল ঘরবাড়িতে ডাকাতি হবে। এখনই অপরাধ দমন না করলে ভবিষ্যতে চরম মাশুল দিতে হবে। প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি।”

    স্থানীয়দের ধারণা, চুরির সময় ইংল্যান্ড বনাম নরওয়ের ফুটবল বিশ্বকাপের ৩য় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছিল। রাস্তায় মানুষের আনাগোনা থাকায় চোরেরা বেশি সময় থাকতে পারেনি, তাই আরও বড় লুট করতে পারেনি।

    এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছে।

  • কুবিতে নানা আয়োজনে জুলাই প্রতিরোধ দিবস পালিত


    কুবি প্রতিনিধি:
    জুলাই বিপ্লবে প্রথম সহিংস পুলিশি হামলা ও হামলার প্রতিবাদের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘প্রথম প্রতিরোধ দিবস’ পালিত হয়েছে।

    রবিবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রতিরোধ দিবসের অনুষ্ঠানটি আয়োজিত হয়।

    অনুষ্ঠানে ‘প্রতিরোধ দিবস’ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি অধ্যাপক ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তারিন বিনতে এনাম এবং আইসিটি বিভাগের প্রভাষক মবিনুর রহমান।

    এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

    পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর জাতীয় সংগীত ও জুলাই আন্দোলনে শহিদ কুবি ছাত্র আবদুল কাইয়ুমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে দেশাত্মবোধক গান এবং জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীরত্ব খচিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও জুলাই আন্দোলনে কুবি শিক্ষার্থীদের সাহায্য করা স্থানীয় লোকদের স্মৃতিচারণের মাধ্যমে আলোচনা সভাটি শুরু হয়।

    শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্যে জুলাই পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি ও ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হয়। এছাড়াও নতুন ক্যাম্পাসের সঙ্গে পুরাতন ক্যাম্পাসের সংযোগের জন্য একটি সংযোগ সড়কের দাবিও উপস্থাপন করা হয়।

    এসময় বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “২৪ এর আন্দোলন শুধু সরকার পতনের নয়, এটি রাষ্ট্র সংস্কারের আন্দোলন। আমরা এমন রাষ্ট্র চাই যেখানে আইনের শাসন হবে, মেধার মূল্যায়ন হবে, গবেষণা, মানবতা ও জাতীয় উন্নয়ন রাষ্ট্রের ভিত্তি হবে। যাতে পরবর্তী প্রজন্ম গর্ব করে বলতে পারে এই দেশ আমাদের, এই দেশ ন্যায়ের, এই দেশ মানবতার। এই দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের সবার।”

    উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ​”ইতিহাস আমাদের শুধু অতীতকে মনে করায় না, ভবিষ্যতের পথও দেখায়। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, সত্যে অবিচল থাকা এবং গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই প্রতিরোধের প্রকৃত শিক্ষা। আমরা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে মতের ভিন্নতা ও প্রতিযোগিতা থাকলেও সহিংসতা, বৈষম্য বা পারস্পরিক অসম্মান থাকবে না।”

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম বলেন, “​আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ‘স্টুডেন্ট ফার্স্ট’। জুলাইতে ছাত্রীরা তাদের ভাইদেরকে আগলে রেখেছিল, তাদের ভাইদেরকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছিল। তাদের ভূমিকাকে স্মরণীয় করে রাখতে ছাত্রীদের জন্য আমরা একটি কর্নার তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি, নাম হবে ‘অরুণিমা কর্নার’। কর্নারটিতে থাকবে, স্বাস্থ্যসম্মত ওয়াশরুম, নামাজ পড়ার স্থান এবং ক্লাসের ফাঁকে বিশ্রাম নেয়ার ব্যবস্থা। প্রয়োজনে সেখানে ব্রেস্ট ফিডিং কর্নারেরও ব্যবস্থা করা হবে বলেন জানান।”

    মুখ্য আলোচক অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, “জুলাইয়ের এই সফলতার মূল মন্ত্র ছিলো ঐক্য। দলমত নির্বিশেষে দেশ-বিদেশের সকল মানুষ একনায়কতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে। রাষ্ট্রের বিরোধী এই ক্ষমতার বিরুদ্ধে এই ঐক্যবদ্ধ শক্তি দাঁড়িয়েছিল বলেই এই দিবস সফল হয়েছে।

    তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের অগ্রগতির জন্য প্রয়োজন শিক্ষার মানের উন্নয়ন। কুবির শিক্ষার্থীদের খাবার, আবাসন এবং যাতায়াত সুবিধার অগ্রগতির জন্য বর্তমান প্রশাসনের গুরুত্ব দেয়ার প্রতি আহ্বান করছি।”

    সরকারি চাকুরি প্রাপ্তির বিষয়ে সায়মা ফেরদৌস বলেন, এখন পেছনের দরজা দিয়ে চাকুরি পাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। দায়িত্ব নেওয়ার দুই বছর হয়েছে, এসব বন্ধ করতে পেরেছি। সফলভাবে প্রশ্নফাঁস রোধ হয়েছে, দায়িত্ব নেওয়ার দুই বছরে এ ধরনের ঘটনা ঘটেনি।

    ​জুলাই প্রতিরোধ দিবস অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “ উপাচার্য, উপ-উপাচার্য, আজকের অনুষ্ঠানের সম্মানিত মুখ্য আলোচক এবং আমার সকল সহকর্মী, শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাঁদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”