Category: অন্যান্য

  • আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

    টেকনাফ,কক্সবাজার প্রতিনিধি:
    টেকনাফে সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক জামালকে দেখতে কক্সবাজারের আল ফুয়াদ হাসপাতালে গেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    বুধবার (২৯ জুলাই) সকালে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন, টিম লিডার শফিকুল ইসলাম ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদসহ নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হয়ে আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন।

    এ সময় তারা সাংবাদিক জামালের দ্রুত সুস্থতা কামনা করেন এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
    সোমবার (২৮ জুলাই ) বিকেল ৪টা ৪৫ মিনিটে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, সাবেক সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা।

    এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে গোলাম জাকারিয়া বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে দেশকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান। বক্তব্য শেষে হোসেনডাঙ্গা এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

  • নওগাঁয় অসহায় ভ্যানচালককে ঘর তৈরি করে দিচ্ছেন এমপি ধলু


    নওগাঁ প্রতিনিধি :
    নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর মানবিক উদ্যোগে অবশেষে মাথার ওপর স্থায়ী পাকা ঘড় পেতে যাচ্ছেন এক নিঃস্ব ভ্যানচালক।

    জানা গেছে, নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ভবানী নগর গ্রামের মৃত আলী জানের ছেলে মো. আব্দুল আজিজ পেশায় একজন সাধারণ ভ্যানচালক। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। সম্বল বলতে ছিল কেবল সামান্য বসতভিটা, যেখানে জরাজীর্ণ অবস্থায় দিন কাটছিল পুরো পরিবারের।

    আব্দুল আজিজের এই অসহায়ত্বের খবর জানতে পেরে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে আব্দুল আজিজকে একটি নতুন ঘর এবং একটি উন্নত মানের পায়খানা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

    সংসদ সদস্যের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপে স্বস্তি ও আনন্দের বন্যা বইছে আব্দুল আজিজের পরিবারে। আবেগপ্লুত কণ্ঠে আব্দুল আজিজ বলেন, “সংসদ সদস্য মহোদয়ের এই উপহার আমার জীবনের বড় এক আশ্রয়। এবার আমরা পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারব।”

    এ বিষয়ে এমপি জাহিদুল ইসলাম ধলু জানান, এলাকার কোনো অসহায় মানুষ যেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। ভ্যানচালক আব্দুল আজিজের ঘর ও পায়খানা তৈরির কাজ দ্রুত শুরু করে নির্ধারিত সময়ের মধ্যেই তা হস্তান্তর করা হবে।

  • সোনাহাট ইউনিয়নে বিশাল মাদকবিরোধী মানববন্ধনের সফল আয়োজন


    কুড়িগ্রাম প্রতিনিধি:
    কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে একটি বিশাল মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধের সমাধান—একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মো. আনোয়ারুল ইসলাম, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ২৫ কুড়িগ্রাম-১ কুড়িগ্রাম জেলা আমীর: জনাব আজিজুর রহমান স্বপন সরকার,ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

    এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    নেতৃবৃন্দের বক্তব্য ও শপথ গ্রহণ
    সমাবেশের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিরা মাদক নির্মূলে জোরালো বক্তব্য রাখেন:

    প্রধান অতিথি (সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম): তিনি তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদকের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং প্রশাসন এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। পরে তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথবাক্য পাঠ করান।

    অন্যান্য নেতৃবৃন্দ (আজিজুর রহমান ও ওসি আজিম উদ্দিন): তারা তাদের বক্তব্যে বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে ঘোষণা দেন।

    এলাকাবাসী ও যুব সমাজের দৃঢ় প্রত্যয়
    মানববন্ধনে অংশ নেওয়া সোনাহাট ইউনিয়নবাসী ও যুব সমাজের পক্ষে জোরালো ঘোষণা দিয়ে বলা হয়:
    “মাদকের বিরুদ্ধে আমরা যুবসমাজ সম্পূর্ণ প্রস্তুত আছি। যেকোনো সময়, যেকোনো জায়গায় আমাদের টিম চলে যাবে মাদক দমন করতে।”

    এলাকার যুবকরা আরও জানান, সমাজ থেকে মাদক সমূলে উৎপাটন না করা পর্যন্ত তাদের এই আন্দোলন ও সজাগ দৃষ্টি অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সোনাহাট ইউনিয়ন গড়তে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

  • বন্যা কবলিত মানুষের পাশে পাবনা ও চট্টগ্রাম সৎসঙ্গের উপহার সামগ্রী বিতরণ


    রাঙ্গুনিয়া (রাঙ্গুনিয়া) প্রতিনিধি
    চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যা কবলিত বানবাসি মানুষের পাশে দাড়িয়েছে শ্রী শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর পাবনা, বাংলাদেশ প্রধান কার্যালয়। চট্টগ্রাম জেলা সৎসঙ্গ শাখার ব্যবস্থাপনায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মতো রাঙ্গুনিয়ার বিভিন্ন মঠ মন্দিরের বন্যা কবলিত এলাকায় অসহায় গরীব ও ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়।

    গত ২৫ জুলাই শনিবার বিকেল ৩ টায় পুর্ব কদমতলী জ্বালা কুমারী মাতৃ মন্দির থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। পরে উত্তর রাঙ্গুনিয়ার বিভিন্ন মঠ মন্দিরে উপহার সামগ্রী পৌছে দেন। সৎসঙ্গের এ উপহার সামগ্রী বিতরন কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে টিমের সদস্যরা জানায়।

    এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর, পাবনা শাখার সাধারন সম্পাদক তাপস চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব সিংহ, সহ সাংগঠনিক সম্পাদক লায়র অনিমেষ রায় চৌধুরী, চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুমন বোস বাদশা, সহ সাধারন সম্পাদক দোলন কুমার দে, কদমতলী শাখার সভাপতি ডাঃ নারায়ন চন্দ্র দাশ সহ আরো অনেক ইস্টপ্রান ভক্তবৃন্দ দাদারা প্রমুখ।

  • ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন


    বিশ্বনাথ প্রতিনিধি:
    যুক্তরাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্রিটিশ-বাংলাদেশী কাউন্সিলর(সাবেক) বিশ্বনাথের ইছমাইল হোসেন সিরাজী উদ্দিন লিডস ইউনিভার্সিটি থেকে ‘পলিটিক্স’ বিষয়ে সর্বোচ্চ সম্মানসহ ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেছেন। গত ২৪ জুলাই শুক্রবার বাবা – মায়ের উপস্থিতিতে বার্ষিক সমাবর্তনে ইউনিভার্সিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই ডিগ্রী অর্জন করেন।

    ইছমাইল উদ্দিন ২০০৪ সালে ১৪ জুলাই ব্রিটেনের ব্রাডফোর্ড সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা ও বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের অধিবাসী যুক্তরাজ্যের ব্রাডফোর্ড সিটির বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ জমির উদ্দিন ও গৃহিণী আছমা খাতুনের জ্যৈষ্ঠ পুত্র। ৬ ভাই বোনের মধ্যে ইছমাইল উদ্দিন বাবা-মায়ের ৩য় সন্তান ।

    ছেলেবেলা থেকে প্রখর মেধার অধিকারী ইছমাইলের মধ্যে তার সহপাঠীরা ও স্কুলের শিক্ষকরা নেতৃত্বের গুণাবলী দেখতে পাওয়ায় তাকে হ্যানসন একাডেমীর ডেপুটি হেড বয় নির্বাচিত করা হয়। এরপর প্রতিভা ও নেতৃত্বের অসাধারণ গুণাবলীর কারণে তাকে ডিক্সনস সিক্সথ ফর্ম’-এর ১ম প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এছাড়া সে লিডস ইউনিভার্সিটির ছাত্রদের স়ংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ইছমাইল ছাত্র থাকা অবস্থায় ব্রাডফোর্ড সিটীসহ যুক্তরাজ্যে বিভিন্ন টাউনে ফিলিস্তিনসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে থাকেন। মানবতার পক্ষে একজন উদীয়মান তরুণ ইছমাইলের জ্বালাময়ী বক্তব্য ব্রাডফোর্ড সহ পার্শ্ববর্তী সিটির সকল শ্রেণীর মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হন।

    ইছমাইলের বয়স যখন মাত্র ১৯ অর্থাৎ ২০২৪ সালে তখন ব্রিটেনের মেইন ষ্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত বড় বড় দলগুলি তাকে সিটি অফ ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দিতে চায়। কিন্তু ইছমাইল কোন দলের পক্ষে নমিনেশন না নিয়ে ব্রাডফোর্ড ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থেকে বোলিং অ্যান্ড বার্কারেন্ড এলাকা থেকে বিপুল ভোটে ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হয়। মাত্র ১৯ বছর বয়সে সারা যুক্তরাজ্যে ১ম ব্রিটিশ-বাংলাদেশী ও সর্বকনিষ্ঠ কাউন্সিলর হয়ে ইতিহাস গড়ার গৌরব অর্জন করেন ।

    তিনি ২০২৪-২০২৫ সাল পর্যন্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইছমাইলের নির্বাচনী এলাকার মানুষের আগ্রহ থাকা স্বত্ত্বেও ব্রিটিশ সরকারের সিভিলে সার্ভিসে পলিসি ডিপ্লোম্যাটিক পদের মত মর্যাদাপূর্ণ চাকুরীর সুযোগ পাওয়ায় আর নির্বাচনে প্রার্থী হননি।
    ইছমাইল উদ্দিনের মত তার ভাই বোনরাও বেশ মেধাবী। তার বড় বোন একজন ইমিগ্রেশন লয়ার, অপর দুই বোন মেডিক্যালের ছাত্রী।

    ইছমাইল উদ্দিন তার এই সাফল্যের জন্য বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। আর তার পিতা বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা ও বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের অধিবাসী যুক্তরাজ্যের ব্রাডফোর্ড সিটির বিশিষ্ট কমিউনিটি নেতা জমির উদ্দিন বলেন, মহান আল্লাহ তায়ালার প্রতি গভীর কৃতজ্ঞতা তিনি আমাকে নেক সন্তান দান করেছেন। ইছমাইল যেন ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করতে পারে এই জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।

  • মাওনা চৌরাস্তা অবৈধ সিএনজি স্ট্যান্ডের দখলে, যানজট ও অতিরিক্ত ভাড়া আদায় দুর্ভোগে যাত্রীগণ


    গাজীপুর প্রতিনিধি:
    মাওনা চৌরাস্তায় শত শত সিএনজিচালিত অটোরিকশা প্রকাশ্যে মহাসড়কের ওপর ও পাশে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করছে

    গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এখন অবৈধ সিএনজিচালিত অটোরিকশার দখলে।

    মহাসড়কের দুই পাশে অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা সিএনজির অবৈধ স্ট্যান্ড, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে প্রতিদিনই সীমাহীন দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ।

    স্থানীয়দের অভিযোগ, সমস্যাটি দীর্ঘদিনের হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

    সোমবার (২৬ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও মাওনা চৌরাস্তায় শত শত সিএনজিচালিত অটোরিকশা প্রকাশ্যে মহাসড়কের ওপর ও পাশে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করছে। নির্ধারিত কোনো স্ট্যান্ড না থাকলেও একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এসব যানবাহন ঘণ্টার পর ঘণ্টা মহাসড়ক দখল করে রাখছে। ফলে সড়কের একটি বড় অংশ সংকুচিত হয়ে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও দূরপাল্লার পরিবহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

    প্রতিদিন সকাল ও বিকেলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, শিল্পাঞ্চলের শ্রমিক এবং দূরপাল্লার যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। কয়েকশ মিটার পথ অতিক্রম করতেই অনেক সময় ২০ থেকে ৩০ মিনিট লেগে যায়। দীর্ঘ যানজটে আটকে থেকে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, বাড়ছে জ্বালানি অপচয় ও জনদুর্ভোগ।

    যাত্রীদের অভিযোগ, যানজটের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ও এখন নিত্যদিনের ঘটনা। নির্ধারিত ভাড়ার কোনো তোয়াক্কা না করে চালকরা ইচ্ছেমতো ভাড়া দাবি করেন। অল্প দূরত্বেও বেশি ভাড়া না দিলে অনেক সময় যাত্রী নিতে অস্বীকৃতি জানান। প্রতিবাদ করলে বাকবিতণ্ডা এমনকি দুর্ব্যবহারের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।

    স্থানীয় বাদল মিয়া বলেন, মাওনা চৌরাস্তা এখন সিএনজির দখলে চলে গেছে। রাস্তার ওপরই তারা স্ট্যান্ড বানিয়ে রেখেছে। প্রতিদিন যানজটে মূল্যবান সময় নষ্ট হচ্ছে, আবার অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে। আগে নয়নপুর থেকে মাওনা চৌরাস্তার ভাড় ছিল ২০ টাকা এখন নিচ্ছে ৪০ টাকা। এত অভিযোগের পরও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

    পোশাক কর্মী রাশেদুল বলেন, প্রতিদিন কাজে যেতে দুর্ভোগ পোহাতে হয়। আগে যে ভাড়া লাগত, এখন তার চেয়ে অনেক বেশি দিতে হচ্ছে। বেশি ভাড়া না দিলে চালকরা যেতে চান না।তিনি আরো বলেন, প্রতিদিন সকাল ৯টা পর্যন্ত ব্যাটারি চালিত ভ্যান গাড়িতে কমপক্ষে ১০ থেকে ১৫ জন নিয়ে যাতায়াত করেন। অটোরিক্সাতো আছেই। প্রতিদিন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ২ নং সিএন্ড বি বাজার থেকে এ সব আন্তরিক জান যত নিয়ে যাতায়াত করে।২ নং সি এন্ড বি বাজারে আজও পর্যন্ত কোনদিন কোন অভিযান পরিচালনা করতে দেখিনি।

    স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ খাইরুল আলম বলেন, যানজটের কারণে অনেক ক্রেতাই দোকানে আসতে পারেন না। ব্যবসায় ক্ষতি হচ্ছে। মাঝে মধ্যে অভিযান হলেও কয়েক দিনের মধ্যেই সব আগের অবস্থায় ফিরে আসে। এতে বোঝা যায়, অভিযানগুলো স্থায়ী কোনো ফল দিচ্ছে না।

    স্থানীয়দের দাবি, মহাসড়কের ওপর হঠাৎ সিএনজি থামিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। দ্রুতগতির যানবাহনের মাঝখানে এমন অনিয়ন্ত্রিত কার্যক্রম যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।

    তাদের অভিযোগ, সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও তা নিয়মিত নয়। ফলে কয়েক দিনের মধ্যেই অবৈধ স্ট্যান্ড ও অতিরিক্ত ভাড়া আদায়ের পুরোনো চিত্র ফিরে আসে। দীর্ঘদিন ধরে একই সমস্যা চললেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় প্রশাসনের দায় এড়ানোর সুযোগ নেই বলে মনে করছেন স্থানীয়রা।

    এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, মাওনা চৌরাস্তায় যানজট নিরসনে পুলিশ নিয়মিত কাজ করছে। অবৈধভাবে মহাসড়ক দখল করে যানবাহন দাঁড় করানো কিংবা যাত্রী ওঠানামা করানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঁইয়া বলেন, অননুমোদিত স্ট্যান্ড পরিচালনা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তার নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।

    তবে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যাত্রীদের প্রশ্ন,অভিযোগ, আশ্বাস ও সাময়িক অভিযানের মধ্যেই যদি সব সীমাবদ্ধ থাকে, তাহলে মাওনা চৌরাস্তার এই দীর্ঘদিনের সংকটের স্থায়ী সমাধান কবে হবে? তাদের দাবি, অবিলম্বে মহাসড়ক থেকে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, নির্ধারিত স্থানে স্ট্যান্ড স্থানান্তর, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর নজরদারিই পারে এই গুরুত্বপূর্ণ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে।

  • এসএসসির রেজাল্ট প্রকাশের তারিখ আগামী ১০ আগস্ট

    বিশেষ প্রতিনিধি:
    এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে, তা নিয়ে প্রশ্ন অনেকের মনেই। অবশেষে চূড়ান্ত তারিখ ঘোষণা করলো বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল।

    এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মবার (২৭ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে একই দিনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

    বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফলাফল কীভাবে সংগ্রহ করা যাবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

  • একই পরিবারের ১১ জন্মান্ধর পাশে এমপি নাসের রহমান;আর্থিক ও চিকিৎসার আশ্বাস

    মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামে একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যের অসহায় জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাদের সহায়তায় এগিয়ে এসেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। লন্ডনে অবস্থানকালে গণমাধ্যমের মারফতে বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত তার ব্যক্তিগত সহকারী ও স্থানীয় প্রশাসনকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে দেশে ফিরেই শনিবার তিনি সরাসরি ওই অসহায় পরিবারটির বাড়িতে ছুটে যান।

    এমপি নাসের রহমান বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দৈনন্দিন জীবনসংগ্রাম, চিকিৎসা ও আবাসনের নানা সমস্যার কথা শোনেন। পরে তিনি পরিবারটির হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।

    পরিদর্শনের সময় এমপি জানান তার উদ্যোগে, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে সফল অস্ত্রোপচারে ইতোমধ্যে পরিবারের ৩ জন সদস্যের ১ জন প্রাপ্তবয়স্ক ও ২ জন শিশুর চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তারা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। পরিবারটিকে সরকারি প্রতিবন্ধী ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা এবং চলাচলের রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

    সংসদ সদস্য প্রতিবন্ধি পরিবারের উদ্দেশ্যে বলেন, আপনাদের কষ্টের কথা জানতে পেরে আমি চুপ করে থাকতে পারিনি। লন্ডনে থাকা অবস্থায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। দেশে ফিরে সবার আগে আপনাদের খোঁজখবর নিতে এসেছি। আপনাদের পাশে আমি আছি, ভবিষ্যতেও থাকব।

  • রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে ৭৫ জন ডব্লিউসিআরসি সদস্যের মাঝে ফলের চারা বিতরণ


    জসিম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
    পরিবেশ রক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা পরিষদ কর্তৃক নিয়ন্ত্রণাধীন খেদারমারা এরিয়া ডব্লিউসিআরসি’র সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়েছে।

    সোমবার(২৭ জুলাই)খেদারমারা ইউনিয়নে আয়োজিত এ চারা বিতরণ অনুষ্ঠানে ৭৫ জন সদস্যের হাতে আম, জলপাই, তেঁতুল,পেয়ারা সহ বিভিন্ন ধরনের ফলের চারা তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি ও লংগদু উপজেলার Community Resilience Facilitator জনাব তৌহিদুল ইসলাম ও খেদারমারা এরিয়ার এলআরএফ এলিনা চাকমা।

    এছাড়াও উপস্থিত ছিলেন খেদারমারা ডব্লিউসিআরসি কমিটির সভাপতি সুজাতা চাকমা, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, কোষাধ্যক্ষ টিংকি চাকমা সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

    চারা বিতরণ শেষে তৌহিদুল ইসলাম বলেন, “সুস্থ জীবন ও সুন্দর পরিবেশ গড়ার ক্ষেত্রে বৃক্ষের ভূমিকা অপরিসীম। জীবন বাঁচানোর তাগিদে বৃক্ষের কোনো বিকল্প নেই।”

    তিনি আরও বলেন, “আজকে আপনাদের হাতে যে ছোট চারাগুলো তুলে দেওয়া হলো, এগুলোকে আপনারা আপনাদের সন্তানের মতো করে যত্ন নিবেন। এই গাছগুলোই আগামী দিনে আপনাদের পরিবারের পুষ্টি চাহিদা মেটাবে এবং পরিবেশকে রক্ষা করবে।”

    এলাকার সচেতন মহল ও পরিবেশবাদীরা জেলা পরিষদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়ক হবে। শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কয়েক বছর পর এই গাছগুলো থেকে ফল পেয়ে পরিবারের আয়ও বৃদ্ধি পাবে।

    উল্লেখ্য, ডব্লিউসিআরসি’র ( Women Community Resilience Committee)। নারীদের দুর্যোগ মোকাবেলা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করাই এই কমিটির মূল লক্ষ্য।