Category: Uncategorized

  • রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা :

    সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মধ্যপাড়া এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের হামলায় আহত আব্দুর রহমান (১৯) নামের এক যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৪ জুলাই রাতে এ হামলার ঘটনা ঘটে।

    নিহত আব্দুর রহমান রায়গঞ্জ পৌর এলাকার মো. ফিরোজ আহমেদের ছেলে। এই ঘটনায় হাছান শেখ নামের আরও একজন আহত হয়েছেন, যিনি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই রাত ৮টার দিকে স্থানীয় বাসিন্দা টিটোন (৪৫) মাদক সেবন করে বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় আব্দুর রহমান তাকে বাধা দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে টিটোন ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহমান ও হাছান শেখকে আঘাত করে গুরুতর জখম করেন।

    পরিবারের সদস্যরা জানান, স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে প্রথমে বগুড়ায় নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পরপরই তার বাড়িতে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

    ওসি আরও বলেন, “ঘটনাটি কয়েকদিন আগের হলেও এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে হাসিব (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুরে মহারাজপুর ইউনিয়নের আকন্দোবাড়িয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিট থেকে ১টার দিকে পিকনিকে এসে মহানন্দা নদীতে গোসল করতে নামে তিন বন্ধু। এ সময় নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও হাসিব নামে একজন এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ হাসিব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকার ফিল্টার হাট গ্রামের বাসিন্দা বাশিরের ছেলে। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছে।

  • বন্যাকবলিত লোহাগাড়া পরিদর্শনে মাননীয় অর্থমন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী

    লোহাগাড়ার চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে আজ লোহাগাড়া আধুনগর সর্দানি পাড়ায় সফর করেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাতকানিয়া লোহাগাড়া ১৫ আসনের সংসদ সদস্য জননেতা জনাব নাজমুল মোস্তাফা আমিন। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

  • রাঙ্গুনিয়ায় খেলা দেখা নিয়ে পুলিশ-দর্শক সংঘর্ষ, আহত ৫

    রাঙ্গুনিয়া প্রতিনিধি:
    চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আজিজনগর এলাকায় বিশ্বকাপ সেমিফাইনাল খেলা দেখা শেষে পুলিশ ও দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
    বুধবার (১৬ জুলাই) রাত প্রায় ৩টার দিকে রাঙ্গুনিয়া থানার একটি টহল টিমের সঙ্গে এ ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শীদের দাবি, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ শেষে স্থানীয় দর্শকরা আনন্দ-উল্লাস করছিলেন। এ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করলে অন্তত পাঁচজন আহত হন। পরে কয়েকজনকে পুলিশের গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হলে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।
    এ বিষয়ে দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) রাকিব বলেন, “খেলা দেখা নিয়ে আমাদের টহল টিমের সঙ্গে স্থানীয় কয়েকজনের ভুল বোঝাবুঝি হয়। একপর্যায়ে কয়েকজন দায়িত্বরত পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। বিষয়টি নিয়ে ওসি স্যার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
    ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

  • জুলাই শহিদদের স্মরণে কুবিতে জাতীয় ছাত্রশক্তির দোয়া ও মাহফিল

    কুবি প্রতিনিধি:

    ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে শহিদদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’র কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. খলিলুর রহমান। দোয়া মাহফিলে জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেন।

    এ সময় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও ছাত্র-জনতার স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।

    এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সংগঠক এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক নাঈম ভূঁইয়া বলেন, ‘আমাদের এই দোয়া ও মাহফিলের মূল উদ্দেশ্য হলো জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা এবং জুলাই শহিদের যে আদর্শ ও ত্যাগ তার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ, বৈষম্যহীন, সামাজিক মর্যাদার এবং ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনে আমরা কাজ করতে অঙ্গীকারবদ্ধ।’

  • নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অংশ নিলেন পুলিশ সুপার


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় নাচোল থানা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
    কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার এআইজি (ডেভেলপমেন্ট) মো. ইব্রাহিম খলিলও উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের কার্যালয়ে সরকারি কার্যক্রম শেষে তিনি নাচোল থানার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একটি গাছের চারা রোপণ করেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও বৃক্ষরোপণে অংশ নেন। বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাচোল থানা প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

    ফরিদপুর প্রতিনিধি:
    ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের সার্ভিস ঘাট এলাকায় জেলের মাছ ধরার চায়না দোয়ারীতে আটকা পড়ে একটি মেছো বাঘের বাচ্চা ধরা পড়েছে। বিরল এ বন্যপ্রাণীকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) সকালে সার্ভিস ঘাট এলাকার জেলে একলাস বেপারী মাছ ধরার জন্য পেতে রাখা চায়না দোয়ারী তুলতে গেলে ভেতর থেকে জোরে গর্জনের শব্দ শুনতে পান। কাছে গিয়ে তিনি দেখতে পান, একটি পাখি খেতে গিয়ে বাঘের বাচ্চার মতো দেখতে একটি প্রাণী দোয়ারীর ভেতরে আটকা পড়েছে। প্রথমে ভয় পেলেও পরে তিনি স্থানীয় লুৎফরকে খবর দেন। পরে দুজনে মিলে প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন। এ সময় প্রাণীটির থাবার আঁচড়ে তারা দুজনই আহত হন। পরে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করেন।

    প্রথমে অনেকেই প্রাণীটিকে বন্য বিড়াল বলে ধারণা করলেও পরে অভিজ্ঞ ব্যক্তিরা এটিকে মেছো বাঘের বাচ্চা হিসেবে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা প্রাণীটিকে দেখতে ভিড় করেন। স্থানীয় সচেতন ব্যক্তিরা প্রাণীটিকে বিরক্ত না করে নিরাপদে রাখার আহ্বান জানান এবং বিষয়টি বন বিভাগকে অবহিত করেন।

    খবর পেয়ে চরভদ্রাসন বন বিভাগের কর্মকর্তা ফজলে করিম ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি মেছো বাঘের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যান। তিনি জানান, প্রাণীটিকে প্রথমে চরভদ্রাসন প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। এরপর জেলা বন বিভাগের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক সময়ে নদী ও জলাভূমি এলাকায় খাদ্যের সন্ধানে এসে অসাবধানতাবশত প্রাণীটি জেলের দোয়ারীতে আটকা পড়ে।

    বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মেছো বাঘ বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ প্রাণী সাধারণত মাছ, ব্যাঙ ও অন্যান্য জলজ প্রাণী শিকার করে এবং নদী, খাল, বিল ও জলাভূমি সংলগ্ন এলাকায় বসবাস করে। তাই এ ধরনের প্রাণী দেখা গেলে সেটিকে আটক বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে জানানো উচিত।

    এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে, যাতে বিরল প্রাণীগুলো নিরাপদে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরে যেতে পারে।

  • প্রাইভেট ক্লিনিকে মালিকানা থাকায় রামেক হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. জহির রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

    সরকারি হাসপাতালে চাকুরি করেও প্রাইভেট হাসপাতালের মালিকানা থাকার অভিযোগের প্রমাণ মেলায় বিভাগীয় মামলা হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. জহির রায়হানের বিরুদ্ধে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন ও তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এই বিভাগীয় মামলা করেছেন।

    অভিযোগ উঠেছে, চাঁপাইনবাবগঞ্জের বসুন্ধরা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকানা থাকার অভিযোগের সত্যতা মেলায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তবে ডা. মো. জহির রায়হান ও ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, ভুল করে তার নাম এসেছে বিভাগীয় মামলায়।

    গত ০৮ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে তাকে পত্রপ্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে চাকরি থেকে বরখাস্ত অথবা উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

    এছাড়াও একই প্রজ্ঞাপনে ডা. জহির রায়হান ব্যক্তিগত শুনানি চান কি না, তা লিখিতভাবে জানাতে নির্দেশ প্রদান করা হয়েছে। এমনকি ডা. জহির রায়হানের প্রাইভেট ক্লিনিকের শেয়ার থাকার অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণ মেলায়, এটিকে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

    এদিকে, বসুন্ধরা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. মইদুল হক জানান, বিভাগীয় মামলাটি ভুল করে হয়েছে। খসড়া টা ভুল করে চলে এসেছিল। পরে তা সংশোধন করা হয়েছে। সপ্তাহের প্রত্যেক মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ডা. জহির রায়হান বসুন্ধরা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা প্রদান করেন বলেও জানান তিনি।

    এবিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. জহির রায়হান বলেন, ওই ক্লিনিকে আমার কোন মালিকানা নেই। বিভাগীয় মামলার বিষয়টি আমিও দেখেছি, এটির লিখিত জবাব দিতে হবে। ভুলক্রমে আমার নাম চলে এসেছে। কিন্তু কিভাবে আমার নাম আসলো বুঝতে পারছি না। বিভাগীয় মামলার বিষয়ে আমার সাথে কেউ যোগাযোগ করেনি, আমি এটি ওয়েবসাইটেই দেখেছি।

  • চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানাধীন চুনতি জাঙ্গালিয়া চেকপোস্টে পুলিশি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি প্রাইভেটকারসহ ৩ জন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ


    লোহাগাড়ার চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া থানাধীন চুনতি জাঙ্গালিয়া চেকপোস্টে পুলিশি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি প্রাইভেটকার সহ তিনজন অস্ত্রধারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    এ সময় তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ২টি দেশীয় তৈরি এলজি (অস্ত্র) উদ্ধার করা হয়।

    গত মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সরকারি মহিলা কলেজের গেটের সামনে মহাসড়কে এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন পর্যায়ক্রমে ১) লক্ষ্মীপুর জেলার রামগতি থানার গাছির বাড়ীর বাসিন্দা মৃত রব পাটোয়ারীর ছেলে হোসাইন আহম্মেদ (৪২)। ২) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়ার বাসিন্দা আবদু শুক্কুরের ছেলে আয়াত উল্লাহ(২৮)। ৩) ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ কোনাপাড়া, সরতাজ বাহের এলাকার বাসিন্দা নবী হোসেন এর পুত্র মো: আসাদুজ্জামান(৩৮)।

    পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে চুনতি জাঙ্গালিয়া চেকপোস্টে দায়িত্ব পালনকালে কক্সবাজারমুখী একটি সিলভার রঙের প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-১৭-৩০৬৫) থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক সংকেত অমান্য করে অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

    তাৎক্ষণিকভাবে পুলিশ গাড়িটির পেছনে ধাওয়া করে এবং চুনতি সরকারি মহিলা কলেজের গেটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর ব্যারিকেড দিয়ে গাড়িটি থামাতে সক্ষম হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে পেছনের সিটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। একই সাথে গাড়িতে থাকা ৩ আরোহীকে গ্রেফতার এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।

    সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সকালে পুলিশ স্কটের মাধ্যমে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

  • গুগলে ‘চোরের দলের খেলা কবে’ লিখলেই ভেসে উঠছে আর্জেন্টিনার নাম


    কুবি প্রতিনিধি :

    সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই নতুন এক কৌতূহলের জন্ম হয়েছে। গুগলে বাংলায় ‘চোরের দলের খেলা কবে’ লিখে সার্চ করলেই অনেকের সামনে ভেসে উঠছে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের ম্যাচসূচি। বিষয়টি নজরে আসার পর থেকেই ফেসবুক, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয়েছে মিম, ট্রোল আর হাস্যরসের রমরমা আয়োজন।

    প্রথম দেখায় বিষয়টি বেশ বিস্ময়কর মনে হতে পারে। কেউ যদি আর্জেন্টিনার নামই উল্লেখ না করেন, তাহলে গুগল কীভাবে বুঝে ফেলছে যে সার্চটি তাদের সম্পর্কেই? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হয় ফুটবল ইতিহাসের এক বহুল আলোচিত অধ্যায়ে।

    ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের ৫১তম মিনিটে দিয়েগো ম্যারাডোনা রেফারির চোখ এড়িয়ে হাত দিয়ে বল জালে পাঠান। গোলটি বৈধ ঘোষণা করা হয়, আর পরে ম্যারাডোনা নিজেই ঘটনাটিকে আখ্যা দেন ‘হ্যান্ড অব গড’অর্থাৎ ‘ঈশ্বরের হাত’ নামে। ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোলগুলোর একটি হিসেবে ঘটনাটি আজও আলোচনায় আসে। সেই ম্যাচের পর থেকেই প্রতিপক্ষ সমর্থকদের একাংশ আর্জেন্টিনাকে নানা ব্যঙ্গাত্মক উপাধিতে ডাকতে শুরু করে।

    সময়ের সঙ্গে সেই খোঁচা ও ঠাট্টা নতুন রূপ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে বাংলাদেশসহ উপমহাদেশের ফুটবল সংস্কৃতিতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বন্ধুত্বপূর্ণ বাকযুদ্ধ দীর্ঘদিনের। সেই ট্রোল সংস্কৃতি থেকেই ‘চোরের দল’ শব্দবন্ধটি জনপ্রিয়তা লাভ করে এবং ধীরে ধীরে অসংখ্য পোস্ট, মন্তব্য, মিম ও ভিডিওতে ছড়িয়ে পড়ে।

    তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে গুগল নিজে থেকে আর্জেন্টিনাকে এই নামে চিহ্নিত করেনি। বরং এর পেছনে কাজ করছে সার্চ ইঞ্জিনের জটিল অ্যালগরিদম এবং তথাকথিত ‘সার্চ বোম্বিং’ প্রক্রিয়া।

    ইন্টারনেটে যখন বিপুল সংখ্যক মানুষ কোনো নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশকে একটি বিষয়, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে বারবার যুক্ত করে ব্যবহার করেন, তখন সার্চ ইঞ্জিন সেই সম্পর্ককে গুরুত্ব দিতে শুরু করে। ব্লগ, সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইটের লেখা কিংবা অসংখ্য সার্চ কোয়েরির মাধ্যমে যদি ‘চোরের দল’ এবং ‘আর্জেন্টিনা’ বারবার একসঙ্গে উপস্থিত হয়, তাহলে গুগলের স্বয়ংক্রিয় ব্যবস্থা ধরে নেয় ,দুটি বিষয়ের মধ্যে ব্যবহারকারীদের দৃষ্টিতে একটি সম্পর্ক রয়েছে।

    ফলে কেউ যখন ‘চোরের দলের খেলা কবে’ লিখে সার্চ করেন, গুগল সেই সম্ভাব্য সম্পর্কের ভিত্তিতে আর্জেন্টিনার ম্যাচসূচি দেখাতে পারে।

    ডিজিটাল যুগে তথ্যের পাশাপাশি রসিকতা, ট্রোল এবং জনমতও যে অ্যালগরিদমকে প্রভাবিত করতে পারে, এই ঘটনাটি তার একটি আকর্ষণীয় উদাহরণ। ফুটবল মাঠের পুরোনো এক বিতর্ক, সমর্থকদের চিরন্তন খুনসুটি এবং ইন্টারনেট সংস্কৃতিসহ সব মিলিয়ে তৈরি হয়েছে অদ্ভুত ডিজিটাল রসিকতা।

    তাই গুগলে এমন ফলাফল দেখে অবাক হওয়ার কিছু নেই। এটি ফিফার কোনো স্বীকৃতি নয়, গুগলেরও আনুষ্ঠানিক অবস্থান নয়। বরং এটি দেখিয়ে দেয়, কোটি মানুষের অনলাইন কথোপকথন কখনো কখনো প্রযুক্তির বিশাল অ্যালগরিদমকেও নিজের মতো করে প্রভাবিত করে।