

তৌফিক তাপস, নওগাঁ :
নওগাঁ শহরের দুটি চালকলে দীর্ঘ সময় ধরে সুগন্ধি চাল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্য অস্থিতিশীল করার অভিযোগে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) দুপুরে পরিচালিত অভিযানে বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেডকে ২০ হাজার টাকা এবং টিকে এগ্রো ইন্ডাস্ট্রিজকে একই অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল আহম্মেদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল আহম্মেদ জানান, দীর্ঘ সময় ধরে সুগন্ধি চাল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্য অস্থিতিশীল করার অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠান দুটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে আর্থিক জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ভোক্তা স্বার্থ রক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।