

মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম (দরবার হল)-এ দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু-কিশোর, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ।
এছাড়া উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লা, সদরপুর উপজেলা জামায়াতের আমীর মো. দেলোয়ার হোসেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, জবাবদিহিতা ও নাগরিক দায়িত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিশু-কিশোর ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা ও এতিমখানা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া, গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা এবং দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।