

রায়গঞ্জ সিরাজগঞ্জ উপজেলা সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল খালেক পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি মো. আয়নুল হক।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আলী মর্তুজা, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মোশারফ হোসেন আকন্দ, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. মোজাহেদুল ইসলাম এবং উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাহাদত হোসেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।