


মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী,ফরিদপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’।
এ উপলক্ষে বুধবার কলেজের ভূগোল বিভাগের দ্বিতীয় তলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে “জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রত্যাশা পূরণে করণীয়” শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এনামুল হক।
হিসাববিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারী-এর সভাপতিত্বে এবং দর্শন বিভাগের প্রভাষক বেলায়েত হোসেন ইমরোজ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রোকেয়া-র সঞ্চালনায় আলোচনা সভার সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম।
এরপর ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনজুর এরশাদ খাঁন “ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী: প্রেক্ষিত, অর্জন, চ্যালেঞ্জ ও বাংলাদেশের ভবিষ্যৎ- একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা ” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধের ওপর গবেষণাধর্মী ও বিশ্লেষণমূলক বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আফসার উদ্দিন। এ সময় ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হাসান সরদার।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, রাষ্ট্র গঠনে তরুণ সমাজের ভূমিকা এবং প্রত্যাশা বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোকপাত করেন।
আলোচনা সভা শেষে “জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রত্যাশা পূরণে করণীয়” শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।