Category: সারাদেশ

  • সদরপুরে সাংবাদিক সাব্বির হাসানের প্রবাস গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা


    ফরিদপুর প্রতিনিধি:
    আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৫টায় সদরপুর শিল্পকলা একাডেমিতে সদরপুরের বিশিষ্ট সাংবাদিক, উপজেলা প্রেসক্লাব সদরপুর, ফরিদপুরের সভাপতি এবং দৈনিক সমকালের সদরপুর প্রতিনিধি সাব্বির হাসান-এর প্রবাস গমন উপলক্ষে সদরপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাসার মিয়া এবং সঞ্চালনা করেন দৈনিক আমার দেশ-এর সদরপুর প্রতিনিধি মো. শেখ সোবাহান। সংগঠনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সদরপুর সংবাদ-এর সম্পাদক মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত থেকে সাব্বির হাসানের দীর্ঘদিনের পেশাগত অবদান, সততা, নিষ্ঠা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সদরপুরের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর পেশাগত দক্ষতা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং নেতৃত্ব নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয়।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মো. মোশাররফ হোসেন, মো. সাইদুর রহমান লাবলু, মো. ইমারত হোসেন বাচ্চু, এস.এম. আলমগীর হোসেন, মো. মামুনুর রশীদ, মিজানুর রহমান, মো. ওয়াজেদ আলী, জাহিদ হোসেন সজল, সরোয়ার হোসেন, ফরিদুল ইসলাম, মার্জিয়া আক্তার, হাওলাদার লতিফুল হক, কবির হোসাইন, রোকনুজ্জামান ও ফকির আল মামুন, আলমগীর হোসেন প্রমুখ।

    বিদায়ী বক্তব্যে সাব্বির হাসান সদরপুর সাংবাদিক ফোরাম ও উপস্থিত সকল সাংবাদিকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসে অবস্থান করলেও সদরপুরের মানুষের ভালোবাসা এবং সাংবাদিক সমাজের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক সবসময় অটুট থাকবে।

    অনুষ্ঠানের শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য, নিরাপদ প্রবাস জীবন এবং নতুন কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁরা আশা প্রকাশ করেন, দেশের বাইরে অবস্থান করেও তিনি সাংবাদিকতার আদর্শ ও পেশাগত মূল্যবোধ সমুন্নত রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল, জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের দাবি


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

    জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য বাস্তবায়ন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
    শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
    সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক অধ্যায়। তিনি গণভোটের রায় কার্যকর, জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সঙ্গে তিনি পদত্যাগকারী রাষ্ট্রপতিকেও বিচারের আওতায় আনার দাবি জানান।
    সভাপতির বক্তব্যে ইউসুফ আল গালিব বলেন, জুলাই নতুন প্রজন্মের জন্য সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তিনি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
    সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

  • জুমার নামাজ শেষে ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

    চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
    শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে সদর মডেল থানার কল্যাণপুর জামে মসজিদ এলাকায় এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
    তিনি আরও বলেন, মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে ডিএনসির এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

  • বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন এমডি উজিরপুরের কাজী রওনাকুল ইসলাম টিপু

    বরিশাল (উজিরপুর) প্রতিনিধিঃ
    বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী রওনাকুল ইসলাম (টিপু)। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপন(নম্বর:০৫.০০.০০০০.১৪৬.০০.০১১.১৬-৩৭৫) -এ রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেন।
    প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০’-এর ১৯(২) ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি চুক্তিভিত্তিকভাবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।

    এতে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। চুক্তির অন্যান্য শর্ত উভয় পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

    প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (বা সংশ্লিষ্ট প্রধান নির্বাহী), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
    কাজী রওনাকুল ইসলাম টিপু দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডুপাশা গ্রামের প্রয়াত কাজী আবুল হাশেমের পুত্র।

    তাঁর এ নিয়োগকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু ট্রাস্টের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট মহলে দেখা হচ্ছে। তার এই গুরুত্বপূর্ণ নিয়োগে উজিরপুরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারত থেকে ৭ জনকে বাংলাদেশে পুশ-ইনের একটি চেষ্টা বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ব্যর্থ হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
    বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৯/২৪-আর এলাকায় টহলরত সদস্যরা বিএসএফের পক্ষ থেকে ৭ জন পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টার বিষয়টি শনাক্ত করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্ক অবস্থানে থাকা বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্য লাইনে অবস্থানরত ওই ব্যক্তিদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন। বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই ৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি। পরে সীমান্তের উন্মুক্ত অংশ দিয়ে তাদের ভারতীয় ভূখণ্ডের দিকে ফেরত পাঠানো হয়। বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনী সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত দিয়ে যেকোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
    ঘটনার পর সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

  • শিবগঞ্জে ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার (২৪ জুলাই) শিবগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক জেলা আহবায়ক মোঃ জামিউল হক সোহেল। এছাড়াও শিবগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা বলেন, দেশজুড়ে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এবং পরিবেশ সংরক্ষণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
    আয়োজকরা জানান, ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে আগামীতেও উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

  • মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

    মৌলভীবাজার প্রতিনিধি:

    দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। সম্প্রতি ঘোষিত ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, ভূমির স্থায়ী মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে একই সময়ে তারা বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পরিচালনা করেন।

    শুক্রবার (২৪শে জুলাই) সকাল ৯টায় কুলাউড়ার কালিটি চা-বাগানে ‘চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

    কর্মবিরতি শেষে বাগান এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিক। সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিকের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, শ্রমিকনেতা দয়াল অলমিক, বিশ্বজিত দাস, কার্তিক নাইডু ও সীতারাম অলমিকসহ অনেকে।

    সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান ঊর্ধ্বমুখী বাজারদরের সঙ্গে কোনো প্রকার সামঞ্জস্য না রেখে সরকার চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের সঙ্গে এক ধরনের তামাশা।

    বছরে মাত্র ৮ টাকা করে মজুরি বাড়িয়ে বর্তমান সময়ে চা-শ্রমিকদের পক্ষে জীবনযাত্রার ব্যয় মেটানো একেবারেই অসম্ভব। দৈনিক ১৮৭ টাকা মজুরিতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই খেয়ে-পরে বেঁচে থাকার জন্য সম্মানজনক ও ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি।

    এই অঞ্চলে চা-শ্রমিকদের বসবাসের প্রায় ২০০ বছর পার হতে চললেও আজ পর্যন্ত তাদের ভূমির মালিকানা দেওয়া হয়নি। বসতভিটার স্থায়ী মালিকানা না থাকায় তারা রাষ্ট্রীয় নানা নাগরিক সুযোগ-সুবিধা ও অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন।

    চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ বলেন, স্বাধীন দেশের নাগরিক হওয়া সত্ত্বেও চা-জনগোষ্ঠীর মানুষ এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত ও রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। দেশের সবচেয়ে পরিশ্রমী ও অবহেলিত এই জনগোষ্ঠীই সবচেয়ে কম মজুরিতে শ্রম দিচ্ছে। দৈনিক ৫০০ টাকা মজুরির বাড়ানোটাই এখন মূল দাবি। নিজেদের অধিকার আদায়ে সব চা-শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে।

    সমাবেশ শেষে চা-শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কালিটি চা-বাগানের ভেতরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

  • কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন

    নোয়াখালী প্রতিনিধি:

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে এবং দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

    ২৪ জুলাই (শুক্রবার) বিকেলে থানারহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, সিএনজি চালক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ চলাচলকারী যাত্রীরা অংশ নেন। দীর্ঘদিন ধরে সড়কটির ভাঙাচোরা ও খানাখন্দে ভরা অবস্থার কারণে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। অনেক সময় ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে, ফলে সড়কটি কার্যত ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে বলে দাবি বক্তাদের।

    মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় এক বছর ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সড়কে অবাধে চলাচলকারী অতিরিক্ত বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

    বক্তারা আরও বলেন, বালুবাহী ভারী ট্রাকের কারণে নতুন করে নির্মিত সড়কও অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই সড়ক সংস্কারের পাশাপাশি বালুর ট্রাকের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সরকারি অর্থ ব্যয়ে নির্মিত সড়ক বারবার নষ্ট হবে এবং জনদুর্ভোগ অব্যাহত থাকবে।

    মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান অংশগ্রহণকারীরা।

  • প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

    কুবি প্রতিনিধি:
    কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

    শুক্রবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবছার উদ্দীন ইফতি।

    খোজঁ নিয়ে জানা যায়, আগামীকাল ২৫ জুলাই বাদ আছরের পর ‘জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেহা’র আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

    তবে, নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এদিকে প্রশাসন অনুমতি না দিলেও মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের উপস্থিতিতেই অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখা।

    বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি আবছার উদ্দিন ইফতি সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রক্টরের কাছে অনুমতি চেয়ে আমরা আবেদন করেছিলাম। কিন্তু নিরাপত্তা দিতে পারবে না জানিয়ে আমাদের অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না দিলেও আগামীকাল উনি (মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম) আসবেন, আমরা প্রোগ্রাম করব।

    এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, তারা আমাদের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু উনি (মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম) একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, একইসাথে একটা দলের সেকেন্ড ইন কমান্ড। আমরা উনার নিরাপত্তা নিশ্চিত করতে পারব না। এজন্য প্রোগ্রাম আয়োজনের অনুমতি দিইনি।

    অনুমতি ছাড়াও প্রোগ্রাম আয়োজনের বিষয়ে তিনি বলেন, অনুমতি না দেওয়ার পরেও যদি উনারা প্রোগ্রাম আয়োজন করেন, নিরাপত্তাজনিত কোনো কিছু ঘটলে এর কোনো দায়ভার প্রশাসন নিবে না।

  • সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ২টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
    মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/১-এস থেকে প্রায় ৪ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের নলজুরী গ্রামের শান্তির মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত ২টি চোরাই মোবাইল ফোন জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মোবাইল ফোনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।