Category: সারাদেশ

  • খুলনায় আজ দুদকের ১৭৭ তম গণশুনানি অনুষ্ঠিত

    খুলনায় আজ দুদকের ১৭৭ তম গণশুনানি অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি চলছে।

    এতে কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী প্রধান অতিথি  ও কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত আছেন।

    গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ খুলনা জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরছেন। একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল অভিপ্রায়।

    গণশুনানিতে জনসাধারণের সমাগমকল্পে খুলনা সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়। ফলে খুলনা সদরের উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে।;

  • চানখাঁরপুলের গণহত্যা: ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল

    চানখাঁরপুলের গণহত্যা: ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল

    অনলাইন ডেস্ক: রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ৬ জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বিভাগ।

    রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করার মধ্য দিয়ে এ বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে এটি দাখিল করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন বিভাগ।

    অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম ও মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। তাদের মধ্যে শেষের চারজন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক রয়েছেন।

    উল্লেখ্য, গত ২০ এপ্রিল এই মামলায় ৮ জনকে অভিযুক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।;

  • হাসিনার আমলের নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে :এনসিপি

    শনিবার রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতা নাহিদ ইসলাম।

    নিজস্ব প্রতিনিধি:হাসিনার আমলে অনুষ্ঠিত সকল নির্বাচন অবৈধ ঘোষণা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
    আজ শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

    তিনি বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মাধ্যমে নির্বাচন করেছিল, যেখানে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল।

    নাহিদ বলেন, শেখ হাসিনার আমলের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ এবং বিরোধী রাজনৈতিক দলগুলো তখন এসব নির্বাচন প্রত্যাখ্যান করেছিল। সেই নির্বাচনগুলোকে আদালতে নিয়ে গিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই বিশৃঙ্খলা এড়াতে আগের নির্বাচনগুলোকে যেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হয়।

    নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ইসির প্রতি এনসিপি আস্থা রাখতে পারছেনা। স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।

    নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ এবং গণপরিষদ ও আইন সভা নির্বাচনের সমন্বিত রোডম্যাপ একত্রে ঘোষণা করতে প্রধান উপদেষ্টাকে বলেছি।

    প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

     ;

  • অফিসার ইনচার্জ পাঁচলাইশ মডেল থানা সিএমপি মোহাম্মদ সোলাইমানকে ফুলেল শুভেচ্ছা

    অফিসার ইনচার্জ পাঁচলাইশ মডেল থানা সিএমপি মোহাম্মদ সোলাইমানকে ফুলেল শুভেচ্ছা

    অফিসার ইনচার্জ পাঁচলাইশ মডেল থানা সিএমপি মোহাম্মদ সোলাইমানকে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অক্লান্ত প্রচেষ্টায়, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা রাখায়, অভিনন্দন মোবারকবাদ ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসা ছাত্র মোঃ মুনতাসির হাসান, ছাত্রের অনুভূতি আল্লাহ সকলকে বিপদমুক্ত রাখুক আমিন ।;

  • মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোঃ মনির হোসেন সরকার

    মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোঃ মনির হোসেন সরকার

    নিজস্ব প্রতিনিধি : রংধনু মিডিয়া এ্যাডভারটাইজিং এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন সরকার কে ৩য় বারের মত মরিচাকান্দা জিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা নির্বাচিত করা হয়েছে। সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, সংশ্লিষ্ট শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি জানান, ১৯৯২ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে মরিচাকান্দা জিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়টি উপজেলা ছাত্রদলের সহ সভাপতি হিসেবে আমি নিজে এবং এলাকাবাসীসহ নিঃস্বার্থে স্কুলটি প্রতিষ্ঠা করি। বিগত ১৬ বছর পতিত স্বৈরশাসকের রোষানলে পরে শুধু নামের কারণে স্কুলটিতে নূন্যতম উন্নয়ন হয়নি। স্কুলটি উন্নয়নের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।;

  • ২শ কেজি গাঁজাসহ দুই নারী আটক

    ২শ কেজি গাঁজাসহ দুই নারী আটক

    কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ২শ কেজি গাঁজাসহ তাসলিমা বেগম (৩৭) ও ইসরাত জাহান (১৯) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ। তারা সম্পর্কে মা ও মেয়ে।

    বুধবার (১৪ মে) ভোরে জেলার আদর্শ সদর উপজেলার মির্জানগর গ্রামের প্রবাসী মোতালেব মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

    কোতোয়ালি থানা পুলিশ জানায়, বুধবার ভোর রাতে মির্জানগর গ্রামের প্রবাসী মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৫ মণ (২০০ কেজি) গাঁজা জব্দ করে পুলিশ। আটক করা হয় ইসরাত জাহান ও তার মেয়ে তাসলিমা বেগমকে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক, হান্নান ও আমজাদ নামের তিন অভিযুক্ত মাদক কারবারি পালিয়ে যায়।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, তাসলিমা বেগমের বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে। এবার মা-মেয়ে দুজনকে আটক হলো। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। আটক মা-মেয়েকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।;

  • নেত্রকোণায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

    নেত্রকোণায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

    নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় বজ্রপাতে রাকিব হাসান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া গ্রামের এ ঘটনা ঘটে।

    নিহত রাকিব হাসান ওই গ্রামের আব্দুল বারিক এর ছেলে। তিনি পেশায় ভাঙারির ব্যবসা করতেন।

    এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রাকিব হাসান ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে পুরাতন লোহা ভাঙা প্লাস্টিকসহ জিনিসপত্র সংগ্রহের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে বাড়ি থেকে তিনি ভ্যান গাড়ি নিয়ে বের হন। কিছু দূর গেলে হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

    নেত্রকোণা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন পুলিশ পাঠানো হয়েছে।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, বজ্রপাতে মারা যাওয়া রাকিবের দাফন কাফনের জন্য পরিবারকে প্রাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।;

  • বায়ু দূষণ! ঢাকা শহরের নিত্যসঙ্গী

    বায়ু দূষণ! ঢাকা শহরের নিত্যসঙ্গী

    অনলাইন ডেস্ক:  বায়ু দূষণ! ঢাকা শহরের নিত্যসঙ্গী। দিনের পর দিন বিশ্বের দূষিত শহরগুলোর শীর্ষে থাকে ঢাকা। ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২ দশমিক ৫ এবং, ক্ষতিকর গ্যাসীয় উপাদানের উপস্থিতি আছে, স্বাভাবিকের চেয়ে ৬-৭ গুণ বেশি।

    ঢাকার বাতাস পরিশৃুদ্ধ করতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মহাখালী, গুলশান ও ফার্মগেটের মতো জনবহুল এবং দূষণপ্রবণ এলাকায় বেশ কয়েকটি আউটডোর এয়ার পিউরিফায়ার বসাবে ডিএনসিসি। এসব যন্ত্র এর আশপাশের ৩০ হাজার ঘনফুট এলাকার বাতাস পরিশুদ্ধ করতে পারবে।পরীক্ষামূলকভাবে ৪-৫টি স্থানে বসানো হবে এই পিউরিফায়ার।

    বাংলাদেশের আগে এয়ার পিউরিফায়ার বা স্মগ টাওয়ার দিয়ে দূষণ রোধের চেষ্টা করছে ভারত, চীনসহ বিভিন্ন দেশ। তবে সেসব দেশে এমন প্রযুক্তি খুব একটা সফলতার মুখ দেখেনি। বাংলাদেশের প্রেক্ষাপটে এর কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন।

    ডিএনসিসির এই এয়ার পিউরিফায়ারের কার্যপ্রণালী অনুযায়ী, এইচডিসিটি ৫১০০০ মডেলের এসব এয়ার পিউরিফায়ার, এর আশপাশের ৩০ হাজার ঘনফুট এলাকার বাতাস থেকে পিএম ২ দশমিক ৫ এবং পিএম ১০ ধুলিকণা ৯০ শতাংশ পর্যন্ত শোষণ করতে পারবে। অর্থাৎ এটি বাতাসে দূষিত গ্যাসীয় পদার্থ শোষণে ব্যর্থ। তবু এই ধরনের উদ্যোগ হাতে নেয়া কতটা যুক্তিযুক্ত এ নিয়ে প্রশ্ন উঠেছে।

    এ বিষয়ে ডিএনসিসি’র প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এটি নিজেদের খরছে নয় বরং স্পন্সর করা হবে। কাজ করলে তা বাস্তবায়ন হবে অন্যথায় হবে না।

    কিছু গণমাধ্যমে এয়ার পিউরিফায়ার নিয়ে ভুল তথ্য প্রচারিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি মনে করি শুধু পিউরিফায়ার দিয়ে পুরো সমস্যার সমাধান সম্ভব এটি ভুল ধারণা। এটি কোনো প্রকল্প নয় বরং একটি পাইলট প্রচেষ্টা। আমরা এর কার্যকারীতা দেখতে চাই।

    এ বিষয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, সাধারণত এটি ইনডোরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। চার ধরনের দূষণ আছে। এয়ার পিউরিফায়ার শুধু ধুলিকণা শোষণ করতে পারে। অন্যগুলোর ক্ষেত্রে এটি খুব বেশি পরীক্ষিত নয়।

    তিনি আরও জানান, এয়ার পিউরিফায়ার কোনো জায়গায় কাজ করতে পারে আবার নাও করতে পারে। নিয়ন্ত্রিতভাবে দুই-একটি জায়গায় ব্যবহার করে দেখা যেতে পারে। তবে এটিকে শতকোটি টাকা বিনিয়োগের প্রকল্প হিসেবে দেখার সুযোগ নেই।

    বিভিন্ন অভিযোগ মাথায় নিয়েই আন্তর্জাতিক দাতা সংস্থা ‘সিআরএস’ এর সাথে এবিষয়ে সমঝোতা স্বারক স্বাক্ষর করবে ডিএনসিসি। তবে ঠিক কবে নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়িত হবে তা এখনও নির্ধারণ হয়নি।;

  • কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক র‍্যাব সদস্য নিহত

    কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক র‍্যাব সদস্য নিহত

    গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। রোববার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত র‍্যাব সদস্যের নাম আবু বক্কর সিদ্দিক (২৭)। তিনি গাইবান্ধা র‍্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাসা কুষ্টিয়া জেলায়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক কর্তব্যরত অবস্থায় রোববার রাতে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লে গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় সাথে থাকা আরেক র‍্যাব সদস্যও আহত হন।

    এ বিষয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল জানান, র‍্যাব সদস্য আবু বক্কর সিদ্দিক (২৭) -কে রোববার রাত ১০.৪৫ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, কালবৈশাখি ঝড়ে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তবে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা তা জানা নেই।;

  • ইজিবাইক-ট্রলির সংঘর্ষে ২ মাস বয়সী শিশু নিহত

    ইজিবাইক-ট্রলির সংঘর্ষে ২ মাস বয়সী শিশু নিহত

    স্টাফ রিপোর্ট :   ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ধান বোঝাই ট্রলির ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে রুহুল আমিন নামে দুই মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির মা সাথী খাতুন গুরুতর আহত হয়েছেন।

    শনিবার (১০ মে) দুপুরে উপজেলার চারাতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার ভালকি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

    নিহত শিশুর বাবা শাহাদাত হোসেন জানান, সাথী খাতুন শিশু সন্তানসহ তার বাবার বাড়ি থেকে ইজিবাইকে করে ফিরছিলেন। পথিমধ্যে চারাতলা বাজারে কাছাকাছি পৌঁছলে একটি ধান বোঝাই ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে শিশু রুহুল আমিন সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।

    ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আইভি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

    হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান বলেন, এখনও এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।;