Category: সারাদেশ

  • নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার

    স্টাফ রিপোর্ট :  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৯ মে) সকাল পৌনে ছয়টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়।

    নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল ইসলাম হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।

    এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় আইভীর গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দারা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    এসময় আইভীর বাড়ির দিকে যাওয়ার চারটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করে আইভীর সমর্থকরা। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির দিকে রওনা দেয়ার আহ্বান জানায় তারা।

    রাতভর আইভীর বাড়ি ঘিরে রাখে নেতাকর্মীরা। আইভীর গ্রেফতার ঠেকাতে দেওভোগের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে এসে জড়ো হয়।

    এ সময় নেতাকর্মীদের উদ্দেশে আইভী বলেন, তাদের (পুলিশ) বলবা, আমি দিনের বেলা ছাড়া যাবো না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা আমাকে নিতে হবে।

    এদিকে, পুরো এলাকা ঘিরে ফেলার ফলে বাড়ির ভেতরেই গ্রেফতার করতে আসা পুলিশের দলটি আটকা পড়ে। রাত ১২টার দিকে পুলিশের অতিরিক্ত ফোর্স আসে ঘটনাস্থলে। অনেকক্ষণ আইভীর কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনার পর মধ্যরাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করে। মধ্যরাতের পর আইভীকে গ্রেফতার করা হয়।;

  • সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে বিএসএফ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা

    সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে বিএসএফ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা

    নিজস্ব প্রতিনিধি:   সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ নিয়ে বিএসএফ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার তামাবিল সীমান্তের খাসিয়া হাওরে এ ঘটনা ঘটে।

    স্থানীয়দের দাবি, শতবছর ধরে ওই বিরানভূমিটিকে খেলার মাঠ হিসেবে তারা ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি মাঠের বাইরে থাকা একটি ভারতীয় পিলার ভেতরে আনার চেষ্টা করে বিএসএফ। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুই দেশের জরিপ দল সেখানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    বিজিবি জানায়, ছিটমহল চুক্তির অধীনে সেই স্থানে বাংলাদেশ-ভারত যৌথ জরিপ করার কথা ছিল।;

  • নৌপথে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও ২০ জনকে আটক এবং ১০ জনের মরদেহ উদ্ধার

    নৌপথে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও ২০ জনকে আটক এবং ১০ জনের মরদেহ উদ্ধার

    নিউজ ডেস্ক:  গত চার মাসে নৌপথে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পাশাপাশি ২০ জনকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা হয়েছে ১০ জনের মরদেহ, যাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

    বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর কোস্টগার্ড সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা জোনের কমান্ডার ইমতিয়াজ হোসেন।

    তিনি বলেন, নৌপথে পণ্য পরিবহণের নামে পণ্য মজুদ রোধে ১ হাজার ২৫৭টি লাইটার জাহাজে অভিযান চালানো হয়েছে। সতর্ক করা হয়েছে নাবিক ও কর্মচারীদের। একইসঙ্গে নৌপথ নিরাপদ করতে বোটের মাধ্যমে চালানো হচ্ছে টহল কার্যক্রম।

    ইমতিয়াজ হোসেন বলেন, জাটকা নিধন অভিযানের অংশ হিসেবে ১ লাখ ৫৬ হাজার ৫৩০ কেজি জাটকা ও বিপুল পরিমাণে অবৈধ জাল ও ট্রলার জব্দ করা হয়েছে।

    আসন্ন ঈদুল আযহা ঘিরে নৌপথে নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি। এছাড়া লঞ্চঘাট, ফেরিঘাট, পন্টুন সেকশনে টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে কোস্ট গার্ড।;

  • ইউটিউবে মোটরসাইকেল চুরির ভিডিও দেখে দুই যুবক চুরি করতে গিয়ে ব্যর্থ

    ইউটিউবে মোটরসাইকেল চুরির ভিডিও দেখে দুই যুবক চুরি করতে গিয়ে ব্যর্থ

    স্টাফ রিপোর্ট : বেশ কয়েকদিন ধরে ইউটিউবে মোটরসাইকেল চুরির ভিডিও দেখে চুরির কৌশল রপ্ত করেছিলেন দুই যুবক। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন— প্রথমবার চুরি করতে গিয়েই ব্যর্থ হন তারা। জনতার হাতে ধরা পড়ার পর ক্ষমা চেয়ে অকপটে স্বীকার করেন নিজেদের দোষ।

    সোমবার (৫ মে) ঘটনাটি ঘটে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পাশে। এ সময় তাদের কাছ থেকে চুরির জন্য তৈরিকৃত বিশেষ চাবি উদ্ধার করা হয়।

    আটক হওয়া দুই মোটরসাইকেল চোর চক্রের সদস্য হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে রাসেল হোসেন (২০) এবং একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন।

    জানা যায়, বিকেলে দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পেছনে একটি লাল রঙের মোটরসাইকেলের ঘাড়ের তালা ভেঙে ফেলেন দুই যুবক। তবে মোটরসাইকেলটির হাইড্রোলিক তালা ভাঙার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা দুজনকে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    মোটরসাইকেলটির মালিক আরিফুল ইসলাম জানান, তিনি মোটরসাইকেল রেখে পাশে কাজ করছিলেন। এসে দেখেন মোটরসাইকেলের ঘাড়ের তালা ভাঙা। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, দুই চোরকে আটক করা হয়েছে।

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, স্থানীয়রা দুই চোরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।;

  • আরও ৪ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

    আরও ৪ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

    স্টাফ রিপোর্ট : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় দায়ের করা পুলিশের কাজে বাধাসহ আরও ৪ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (৬ মে) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

    আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, কোতোয়ালি থানা পুলিশের কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ ৪ মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। আদালতে শুনানি হয় ও আসামি চিন্ময় কৃষ্ণ দাস কারাগার থেকে ভার্চুয়ালে শুনানিতে যুক্ত ছিলেন। আদালত শুনানি শেষে ৪ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন বলেও জানান তিনি।

    এর আগে সোমবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাতেও শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন একই আদালত।

    এর আগে গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। এ মামলায় চিন্ময় দাসকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।;

  • জামায়াত নেতার বাড়িতে হামলা ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

    জামায়াত নেতার বাড়িতে হামলা ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

    স্টাফ রিপোট :  গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাহাঙ্গীর আলম (৫৭) নামে এক জামায়াত নেতার বাড়িতে হামলা ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারসহ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।

    সোমবার (৫ মে) দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের বাড়ির উঠানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর মিয়া জামালপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের (জামায়াতে ইসলামীর সাথে সংযুক্ত) সাবেক সভাপতি।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলমের ছেলে ইমরান মিয়া বলেন, রাজনৈতিক ও পূর্ব বিরোধের জেরে গত ২৮ এপ্রিল দিবাগত রাতে জামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়ার নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাসায় হামলা করে। হামলাকারীদের মধ্যে আরও আছেন হোসেন আলী ফকির, আমজাদ মিয়া, আব্দুল জোব্বার, আতাউর মিয়া ও মোকাব্বর মিয়াসহ অজ্ঞাত আরও ৭-৮ জন।

    পরে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে বসতঘর ও গোয়ালঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে দুটি ঘর, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং একটি গরু মারা যায়। এছাড়াও তার বাবা জাহাঙ্গীর আলম দগ্ধ হয়ে এখনও হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।

    সংবাদ সম্মেলনে ইমরান মিয়া আরও বলেন, তার বাবাসহ পরিবারের লোকজন জামায়াতের রাজনীতির সাথে জড়িত। এ কারণে পরিকল্পিতভাবে এ ঘটনাটি ঘটানো হয়।

    তিনি আরও জানান, প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করলেও এখনও মামলা নেয়নি পুলিশ। এ সময় দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

    এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি অভিযুক্ত শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর মিয়াকে। এ সময় তাদের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

    সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, জামায়াত নেতা জাহাঙ্গীর মিয়ার বাড়িতে হামলা ও আগুনের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।;

  • কুয়েটের উপাচার্য  হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হযরত আলী

    কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হযরত আলী

     নিউজ ডেস্ক:   খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. হযরত আলী।

    বৃহস্পতিবার (১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম।

    এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ও ১০ (৩) ধারা অনুসারে উক্ত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়া হলো।

    অন্তবর্তীকালীন এই উপাচার্য তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

    উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।;

  • চট্টগ্রামের কেইপিজেড এলাকায় পাহাড় ধসে দুই শিশু নিহত

    চট্টগ্রামের কেইপিজেড এলাকায় পাহাড় ধসে দুই শিশু নিহত

    স্টাপ রিপোর্ট : চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) এলাকায় পাহাড় ধসে দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে কেইপিজেডের বৈরাগ এলাকার এ ঘটনা ঘটে।

    নিহত শিশুরা হলো, আব্দুর রহিমের ছেলে রোহান, ইমরান হোসেনের ছেলে মিসবাহ। আহতরা হলো, মোস্তাক মিয়ার ছেলে সিয়াম ও আবুল কাশেমের ছেলে সিফাত।

    স্থানিয়রা জানান, বৃহস্পতিবার সকালে ওই পাহাড়ের পাদদেশে শিশুরা ফুটবল খেলছিল। এ সময় হঠাৎ চারজন শিশুর উপর পাহাড় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন শিশু মারা যায়। আহত হয় দুইজন শিশু।

    তারা আরও জানান, কেইপিজেড এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কাটার ফলে আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল। গতরাতের বৃষ্টিতে পাহাড়ের মাটি আরও নরম হয়ে যায়। এর ফলে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।;

  • নারায়ণগঞ্জের টেক্সটাইল মিলে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ

    নারায়ণগঞ্জের টেক্সটাইল মিলে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ

    স্টাফ রিপোর্ট :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে ওই মিলের এক কর্মকর্তাসহ তিনজন দগ্ধ হয়েছেন।

    বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে আটটার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    দগ্ধরা হলেন– কারখানার সিনিয়র অফিসার সাইফুল ইসলাম (২৫), নিরাপত্তা কর্মী আব্দুল হান্নান (৫২) এবং কবির হোসেন (৪৫)।

    তিনজনের অবস্থাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

    শিল্পাঞ্চল পুলিশ জানায়, ‘মঞ্জু টেক্সটাইল অ্যান্ড ডাইং কারখানা’র গ্যাস কন্ট্রোল রুমে হঠাৎই বিকট শব্দে রাইজার বিস্ফোরণ হয়। এতে প্রতিষ্ঠানের একটি ভবনে আগুন লেগে যায়। এ সময় দগ্ধ হন কারখানার সিনিয়র অফিসার সাইফুল ইসলামসহ দুই নিরাপত্তা কর্মী। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানা বন্ধ থাকায় গ্যাসের চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটেছে। মে দিবস উপলক্ষ্যে কারখানাটি আজ বন্ধ ছিল।;

  • রাঙামাটির কাউখালীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত

    রাঙামাটির কাউখালীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত

    নিজস্ব প্রতিনিধি:   রাঙামাটির কাউখালীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি থেকে যাত্রীবাহী একটি সিএনজি চট্টগ্রাম যাচ্ছিলো। পথে বিপরীত থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ আরোহীর সবাই। মরদেহগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

    রাঙামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।;