Category: অন্যান্য

  • উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা, হাজার ভক্তের বর্ণাঢ্য র‍্যালি

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ায় প্রায় পাঁচ হাজার ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি বারঘরিয়া ব্রিজ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিজুড়ে ধর্মীয় সঙ্গীত, হরিনাম সংকীর্তন এবং উৎসবমুখর পরিবেশে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
    র‍্যালিতে বারঘরিয়া, মহারাজপুর, রানীহাটি ও বালিয়াডাঙ্গা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় পাঁচ হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী ভক্ত অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি প্রণব কুমার পাল, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পালসহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা।

    আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি এবং উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা উদযাপনের অংশ হিসেবে এ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।
    উল্লেখ্য, গত ১৬ জুলাই শুরু হওয়া নয় দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুক্রবার উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব জগতের অধীশ্বর। তাঁর কৃপা লাভে মানুষের মুক্তি ঘটে এবং পুনর্জন্মের বন্ধন থেকে পরিত্রাণ মেলে। এই বিশ্বাস থেকেই প্রতিবছর জগন্নাথ দেবের প্রতিমা রথে স্থাপন করে রথযাত্রা এবং নির্ধারিত সময় শেষে উল্টো রথযাত্রার আয়োজন করা হয়।

    এদিকে উল্টো রথযাত্রা। উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে হরিনাম সংকীর্তন, অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত আলোচনা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়েছে।

  • শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের অভিযোগের পর উধাও সাব-রেজিস্ট্রার শাহিন আলম

    যশোর প্রতিনিধি:
    যশোরের শার্শা সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি খাস জমি ব্যক্তি মালিকানায় রেজিস্ট্রি, রাজস্ব ফাঁকি এবং দলিল নিবন্ধনে অনিয়মের অভিযোগে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া সাব-রেজিস্ট্রার মো. শাহিন আলমকে গত ২১ জুন ২০২৬-এর পর থেকে জনসমক্ষে দেখা যাচ্ছে না বলে স্থানীয় সূত্রের দাবি। এতে তার বর্তমান অবস্থান, চলমান তদন্তের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

    এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি খাস জমি ব্যক্তি মালিকানায় রেজিস্ট্রি, রাজস্ব ফাঁকি এবং দলিল নিবন্ধনে অনিয়মের অভিযোগ উঠে আসে। অভিযোগের পর নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনায় জেলা রেজিস্ট্রার কার্যালয় মো. শাহিন আলমকে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। একই সঙ্গে অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্তের উদ্যোগ নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    স্থানীয়দের দাবি, দায়িত্ব থেকে অব্যাহতির পর থেকে শাহিন আলমকে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসে আর দেখা যায়নি। তিনি বর্তমানে কোথায় কর্মরত, ছুটিতে রয়েছেন কি না অথবা অন্য কোনো প্রশাসনিক দায়িত্বে যোগ দিয়েছেন কি না—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
    এদিকে অভিযোগের তদন্তের অগ্রগতিও জনসমক্ষে প্রকাশ না হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এসব আলোচনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

    জেলা রেজিস্ট্রার কার্যালয়, নিবন্ধন অধিদপ্তর এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তদন্তের সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

    স্থানীয় সচেতন মহলের মতে, জনস্বার্থসংশ্লিষ্ট এ ঘটনায় তদন্তের অগ্রগতি, অভিযুক্ত কর্মকর্তার প্রশাসনিক অবস্থান এবং অভিযোগের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান দ্রুত প্রকাশ করা প্রয়োজন। এতে গুজবের অবসানের পাশাপাশি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

    তবে শাহিন আলমের অনুপস্থিতির কারণ রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত, নাকি এটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ—এ বিষয়ে কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়।

    তথ্যসূত্র: রূপালী বাংলাদেশে প্রকাশিত প্রতিবেদন, স্থানীয় সূত্র এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে প্রাপ্ত তথ্য।

    দৈনিক বাংলাদেশ ক্রাইম নিউজ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার চেষ্টা অব্যাহত রাখবে। বক্তব্য পাওয়া গেলে তা হুবহু ও যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

  • বাংলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান কবিতা পাঠ অনুষ্ঠিত

    যাত্রাবাড়ি-ঢাকা প্রতিনিধি:
    জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে বাংলা একাডেমিতে জুলাই গণ্যঅভ্যূথান-২০২৬ স্বরচিত কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে দেশের প্রায় ৯০ জন কবি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও প্রেক্ষাপট নিয়ে নিজেদের লেখা স্বরচিত কবিতা পাঠ করেন।

    সভাপ্রধানের বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, “যে কোনো বড় ধরনের গণ-অভ্যুত্থানে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ থাকে। চব্বিশের গণ-অভ্যুত্থানও এর ব্যতিক্রম নয়।” তিনি আরও উল্লেখ করেন যে, গণ-অভ্যুত্থান নিয়ে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে জুলাই আন্দোলন বিষয়ে নানামাত্রিক মূল্যায়নের সুযোগ সৃষ্টি করবে।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ।

  • সুন্দরবন কুরিয়ার পার্সেলে মাদক, ডিএনসির অভিযানে গ্রেপ্তার ১

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লাগামী একটি কুরিয়ার পার্সেলে আমের ক্যারেটের ভেতরে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ১০০ বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে শাপলা সিনেমা হলের সামনে চাঁপাইনবাবগঞ্জ কানসাট সড়কের পূর্ব পাশে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এ অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আসমাউল হক ওরফে জুয়েল (২০)। তিনি শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কুমিল্লাগামী একটি কুরিয়ার পার্সেল তল্লাশি করে আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আসমাউল হককে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। এ

    ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

  • দিয়াড় মহাবিদ্যালয়ের নতুন রাস্তা ও বাউন্ডারির প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ


    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দিয়াড় মহাবিদ্যালয়ের জন্য নতুন সংযোগ সড়ক ও বাউন্ডারি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিয়াড় মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক সাদিকুল ইসলাম, অধ্যক্ষ সাজেমান আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রকৌশলী রবিউল আওয়াল, দেবীনগর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস (পলাশ)সহ মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯৬ সালে এমপিওভুক্ত হলেও মহাবিদ্যালয়টির এখনো নিজস্ব কোনো প্রবেশ সড়ক নেই। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের ইউনিয়ন পরিষদের রাস্তা ব্যবহার করে যাতায়াত করতে হয়, ফলে দীর্ঘদিন ধরে তারা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া কলেজে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে।

    প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ হারুন বলেন, “আপনারা কলেজের জন্য প্রয়োজনীয় জায়গা নির্ধারণ করুন। আমি দ্রুতই নতুন রাস্তা, বাউন্ডারি নির্মাণসহ মহাবিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ব্যবস্থা করব।”তার এ ঘোষণায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তারা দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

  • নাচোলে টিসিবির গোডাউনে আগুন নিভাতে গিয়ে মৃত্যু ১

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এক ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটবাকইল এলাকায় একটি দ্বিতল ভবনের নিচতলায় থাকা টিসিবির গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    নিহত নয়ন আলী উপজেলার হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধার অভিযান চালিয়ে গোডাউনের ভেতর থেকে নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

    অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হলেও প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, আগুন নেভাতে গিয়ে নয়ন আলীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।

  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ও আইনবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় আয়োজন করা হয়। এই কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ব্যবহার, আইন মেনে চলা এবং সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। আইন জানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগন্যালের সঠিক ব্যবহার এবং যানবাহন পরিচালনায় আইন মেনে চলার মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকব, অন্যকেও নিরাপদ রাখতে পারব।” এ সময় শিক্ষার্থীদের মাদক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং ও ব্যাড টাচ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    কর্মশালায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরে এবং সংশ্লিষ্ট বিষয়ে উত্তর পান। পরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হলে সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর-১ (শহর ও যানবাহন) পুলিশ পরিদর্শক মো. সফিকুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর-২ সদর ট্রাফিক শাখার মো. আজিজ ফেরদৌস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

  • রায়গঞ্জে এলজিইডির রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ


    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
    সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূইয়াগাঁতী থেকে ধানগড়া সেন্টার পয়েন্ট পর্যন্ত ৫.৩৪৫ কিলোমিটার এলজিইডির রাস্তা নির্মানে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা সম্প্রসারণ করণে শুধু মাত্র এজিং ধরে রাখতে মাটির পরিবর্তে বালির বস্তা চাপা দেওয়া হচ্ছে।

    চুক্তি মূল্য প্রায় ১০ কোটি টাকার মধ্যে সম্প্রসারণের জন্য প্রায় ২০ লক্ষ টাকা মাটির কথা উল্লেখ থাকলেও কাজে তা ব্যবহার করা হয়নি। নানা মুখী অনিয়মের মধ্যে দুই ও তিন নং ইট ও ইটের খোয়ার ব্যবহার। চুক্তিতে ২০২৫ সালের মধ্যে রাস্তার কাজ শেষ করার তারিখ থাকলেও ১ বছরের মেয়াদ বাড়িয়েও কাজ সমাপ্ত হয় নাই। স্থানীয়রা জানান, কিছুদিন পরে বস্তুা পচে সামান্য বৃষ্টিতে রাস্তা ভেঙ্গে যাবে। উপজেলা মুখী যোগাযোগের একমাত্র রাস্তাটি এভাবে অনিয়মের মধ্যে শেষ করা হচ্ছে।

    এই বিষয়ে সাব ঠিকাদার আব্দুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল আলম বলেন, এখন মাটি পাওয়া যাচ্ছে না,আপাতত বৃষ্টির পানি ঠেকানোর জন্য বালি ভর্তি বস্তুা দিয়ে এজিং ঠিক রাখা হচ্ছে।

  • মানবতার ঐক্য, মানবসেবায় লক্ষ্য: সমাজসেবায় নিরলস কাজ করে যাচ্ছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ


    বিশেষ প্রতিনিধি:
    মানবতার সেবাই মানুষের সর্বোচ্চ ধর্ম—এই বিশ্বাসকে ধারণ করে দেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ। সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই অসহায়, সুবিধাবঞ্চিত এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।

    সংগঠনটির মূল স্লোগান “মানবতার ঐক্য, মানবসেবায় লক্ষ্য”। এই স্লোগানকে সামনে রেখে শত শত তরুণ স্বেচ্ছাসেবক দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাদের লক্ষ্য একটাই—মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং সমাজে সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা।

    প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় রোগীদের জন্য রক্ত সংগ্রহ, বন্যা, অগ্নিকাণ্ড ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ, এতিম ও দরিদ্র পরিবারের সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, ইফতার ও খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

    সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটির প্রতিনিধি দল দুর্গম এলাকায় পৌঁছে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করছে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, ফাইলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে কোনো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।
    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় শক্তিশালী স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের সমাজসেবায় সম্পৃক্ত করে একটি মানবিক, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলাই সংগঠনের অন্যতম লক্ষ্য।

    স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, “মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষ যদি নিজের অবস্থান থেকে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। আমাদের সংগঠন সব সময় মানবতার কল্যাণে কাজ করে যাবে এবং মানুষের বিপদে-আপদে পাশে থাকবে।

    তিনি আরও বলেন, “আমরা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, শুধুমাত্র মানবতার সেবার উদ্দেশ্যে কাজ করছি। দেশের প্রতিটি তরুণকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাই। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

    সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ এবং দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সমাজের বিত্তবান, দাতা প্রতিষ্ঠান এবং মানবিক ব্যক্তিদের এসব উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

    মানবতার কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ। তাদের বিশ্বাস—”মানবতার ঐক্য, মানবসেবায় লক্ষ্য” শুধু একটি স্লোগান নয়, বরং একটি মানবিক আন্দোলন, যা মানুষের জন্য, মানবতার জন্য এবং একটি সুন্দর বাংলাদেশের জন্য।

  • সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছীতে ট্রাকচাপায় এক মাছ ব্যবসায়ীর মৃত্যু


    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী মৎস্য আড়তের সামনে ট্রাকচাপায় আবুবক্কর (৪৭) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আবুবক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছী বাজারে মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রির উদ্দেশ্যে ফিরছিলেন আবুবক্কর। এ সময় তার বহন করা একটি পাঙাশ মাছ সড়কে পড়ে যায়। মাছটি তুলতে তিনি সড়কে নামলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকেআটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।

    রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।