

মোঃ আল-আমিন,বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পৃথক দুই দিনে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
গত সোমবার (৩ আগস্ট ২০২৬) অষ্টগ্রাম থানার একটি দল উপজেলার ৭ নম্বর খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাপুর মধ্যপাড়া বাজারসংলগ্ন চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কুতুব বাগা (৪৫) ও আরিফুল হক সবুজ (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় অষ্টগ্রাম থানায় এফআইআর নং-০৪, তারিখ ৩ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
থানার রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তারকৃত কুতুব বাগার বিরুদ্ধে অষ্টগ্রাম থানাসহ বিভিন্ন থানায় পূর্বের ৬টি মামলা রয়েছে। এর মধ্যে মাদক ও দণ্ডবিধির বিভিন্ন ধারার মামলা অন্তর্ভুক্ত। অপরদিকে আরিফুল হক সবুজের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় পূর্বের ১টি মামলা রয়েছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬ ) পরিচালিত আরেকটি মাদকবিরোধী অভিযানে উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদজাম (সোনারুহাটি) এলাকায় সুলতান মিয়ার বাড়ির সামনের পাকা সড়ক থেকে মো. সুলতান মিয়া (৫০)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় অষ্টগ্রাম থানায় এফআইআর নং-০৫, তারিখ ৪ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু হয়েছে।
থানার তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত সুলতান মিয়ার বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় পূর্বের ২টি মাদক মামলা রয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে। সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তিনি আরও বলেন, মাদক কারবার ও মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।