
বিপ্লব পোদ্দার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাসরিন সুলতানা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাসরিন সুলতানা ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা এলাকার মিরাজ শেখের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট প্রচণ্ড জ্বর নিয়ে নাসরিন সুলতানাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। একপর্যায়ে শুক্রবার দুপুরে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তিনি মারা যান।
নিহতের স্বজনরা জানান, কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন নাসরিন। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
এদিকে ভাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।