
নিজস্ব প্রতিবেদক ::
দেশে মাদক নিয়ন্ত্রণ ও নিরাময়ে প্রধান দায়িত্বপ্রাপ্ত সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এ বদলি ও পদায়নকে কেন্দ্র করে অনিয়ম, প্রভাব খাটানো এবং সিন্ডিকেটের মাধ্যমে বাণিজ্যের অভিযোগ উঠেছে। অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও বদলির ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মহাপরিচালক (ডিজি) হিসেবে মো. হাসান মারুফ দায়িত্ব গ্রহণের পর অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রমে একটি প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব বেড়েছে। অভিযোগকারীদের দাবি, অতীতে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন—এমন কয়েকজন কর্মকর্তা বর্তমানে বদলি ও পদায়ন-সংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ডিএনসির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা মেট্রো, ঢাকা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ কর্মস্থলে পদায়নকে কেন্দ্র করে প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। তাঁদের ভাষ্য, এসব সিদ্ধান্তে প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রভাব বিস্তার করছেন বলে অধিদপ্তরের অভ্যন্তরে আলোচনা রয়েছে।
একজন কর্মকর্তা বলেন, “সরকার পরিবর্তনের পর আমরা আশা করেছিলাম দীর্ঘদিন বঞ্চিত সৎ ও যোগ্য কর্মকর্তারা মূল্যায়ন পাবেন। কিন্তু বাস্তবে আগের মতোই কিছু প্রভাবশালী কর্মকর্তা বদলি ও পদায়নের প্রক্রিয়ায় সক্রিয় রয়েছেন।”
অনুসন্ধানে আরও অভিযোগ পাওয়া গেছে, গত কয়েক মাসে পরিদর্শক ও সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের ব্যাপক রদবদল করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, গুরুত্বপূর্ণ কর্মস্থলে পদায়নের জন্য অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগের স্বাধীন যাচাই সম্ভব হয়নি।
এদিকে গত ১০ মে মহাপরিচালক মো. হাসান মারুফের পদত্যাগের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরা তাঁর বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক অভিযোগ উত্থাপন করেন। তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মহাপরিচালক মো. হাসান মারুফের মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এছাড়া প্রতিবেদনে যেসব কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের বক্তব্যও প্রকাশের চেষ্টা করা হয়েছে। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
*(চলবে)*