Category: সারাদেশ

  • ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ষান্মাসিক শূরা অধিবেশন অনুষ্ঠিত


    ফরিদপুর প্রতিনিধি:
    বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ষান্মাসিক শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) শহরের গোয়ালচামট এলাকার বাবরি মসজিদ কমপ্লেক্সে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

    জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

    সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অধিবেশনে জেলা শাখার অধীন ৯টি উপজেলা শাখার দায়িত্বশীলরা জানুয়ারি থেকে জুন ২০২৬ সময়কালের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া সংগঠনের বিগত ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

    বক্তারা বলেন, ফরিদপুর জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের কাছে খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

    অধিবেশনে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • দিয়াড় মহাবিদ্যালয়ের নতুন রাস্তা ও বাউন্ডারির প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ


    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দিয়াড় মহাবিদ্যালয়ের জন্য নতুন সংযোগ সড়ক ও বাউন্ডারি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিয়াড় মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক সাদিকুল ইসলাম, অধ্যক্ষ সাজেমান আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রকৌশলী রবিউল আওয়াল, দেবীনগর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস (পলাশ)সহ মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯৬ সালে এমপিওভুক্ত হলেও মহাবিদ্যালয়টির এখনো নিজস্ব কোনো প্রবেশ সড়ক নেই। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের ইউনিয়ন পরিষদের রাস্তা ব্যবহার করে যাতায়াত করতে হয়, ফলে দীর্ঘদিন ধরে তারা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া কলেজে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে।

    প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ হারুন বলেন, “আপনারা কলেজের জন্য প্রয়োজনীয় জায়গা নির্ধারণ করুন। আমি দ্রুতই নতুন রাস্তা, বাউন্ডারি নির্মাণসহ মহাবিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ব্যবস্থা করব।”তার এ ঘোষণায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তারা দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

  • ‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার ‎ ‎


    ‎ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
    ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ নাসিরনগর উপজেলা যুবলীগ নেতা শিবলী চৌধুরীকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

    ‎আজ বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুরে নাসিরনগর থানার পুলিশ শিবলী চৌধুরীকে  (৪৩) গ্রেফতার করে। 
    ‎নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শিবলী চৌধুরী (৪৩) নাসিরনগর উপজেলা সদরের বাসিন্দা। কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের নেতা।
    ‎তার বিরুদ্ধে নাসিরনগর থানায় বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

    ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নাসিরনগর থানার  মামলা নং-০২ তারিখ-২/৯/২০২৪ ইং, ধারা -৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৬/৪২৭/৪০৯/ পেনাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইনের এজাহারভুক্ত আসামী।

    ‎উল্লেখ্য , গত ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার এজাহার ভুক্ত আসামি, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুব লীগের নেতা ছিলেন শিবলী চৌধুরী ।
    ‎

  • সিলেটে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকে আগামী ২৫ জুলাই

    বিশ্বনাথ প্রতিনিধি:
    বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা ইউনিয়নের আমতৈল, বৈরাগী ও রামপাশা বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে।

    লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুল মুকসিত আখতার, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান, রামপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মিয়া মোহাম্মদ সাহেদ, ইউনিয়ন জামায়াতের সভাপতি জামায়াত নেতা রজব আলী,মাওলানা আসাব উদ্দিন,তানবির আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    নেতৃবৃন্দ লিফলেট বিতরণের মাধ্যমে সর্বস্তরের জনগণকে আগামী বিভাগীয় সমাবেশে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানান এবং সমাবেশ সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

  • নাচোলে টিসিবির গোডাউনে আগুন নিভাতে গিয়ে মৃত্যু ১

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এক ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটবাকইল এলাকায় একটি দ্বিতল ভবনের নিচতলায় থাকা টিসিবির গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    নিহত নয়ন আলী উপজেলার হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ধার অভিযান চালিয়ে গোডাউনের ভেতর থেকে নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

    অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হলেও প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, আগুন নেভাতে গিয়ে নয়ন আলীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।

  • চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ও আইনবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় আয়োজন করা হয়। এই কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ব্যবহার, আইন মেনে চলা এবং সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। আইন জানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগন্যালের সঠিক ব্যবহার এবং যানবাহন পরিচালনায় আইন মেনে চলার মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকব, অন্যকেও নিরাপদ রাখতে পারব।” এ সময় শিক্ষার্থীদের মাদক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং ও ব্যাড টাচ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    কর্মশালায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরে এবং সংশ্লিষ্ট বিষয়ে উত্তর পান। পরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হলে সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর-১ (শহর ও যানবাহন) পুলিশ পরিদর্শক মো. সফিকুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর-২ সদর ট্রাফিক শাখার মো. আজিজ ফেরদৌস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

  • নওগাঁ পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি


    তৌফিক তাপস নওগাঁ :
    নওগাঁয় পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক গোলাম মো: আযমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা। আজ বিকেলে জেলা টেলিভিশন জার্নালিস্ট আ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও জেলা প্রশাসকের মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এই লিখিত অভিযোগ দেন।
    অভিযোগে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হাঁসাইগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নিয়ে প্রতিবেদন তৈরী করছিলেন স্থানীয় সাংবাদিকরা। তারই অংশ হিসেবে গত ১৯ জুলাই দুপুরে তথ্য চিত্র সংগ্রহ এবং বক্তব্য নিতে গেলে উপ পরিচালক গোলাম মো: আজম সহযোগিতার বিপরীতে সাংবাদিকদের সাথে অ-শোভন আচর করেন এবং প্রকাশ্যে মামলার হুমকি দেন। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পরেছে। এ ঘটনায় তারা উপ পরিচালক গোলাম মোহাম্মদ আজমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি করে বিভিন্ন কর্মসূচী ঘোষনা করেছে।

    স্মারকলিপি প্রদানকালে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট আ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম তরফদার, কার্যকরি সদস্য ও জৈষ্ঠ সাংবাদিক মো: কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ চৌধুরী, একে সাজু ও অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অ-শোভন আচরন করার অভিযোগে সাংবাদিকদের দেয়া স্মারকলিপি গ্রহন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে পরিবার পরিবল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেয়া অভিযোগটি যথাযথভাবে প্রেরণ করা হবে।

  • রায়গঞ্জে এলজিইডির রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ


    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
    সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূইয়াগাঁতী থেকে ধানগড়া সেন্টার পয়েন্ট পর্যন্ত ৫.৩৪৫ কিলোমিটার এলজিইডির রাস্তা নির্মানে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা সম্প্রসারণ করণে শুধু মাত্র এজিং ধরে রাখতে মাটির পরিবর্তে বালির বস্তা চাপা দেওয়া হচ্ছে।

    চুক্তি মূল্য প্রায় ১০ কোটি টাকার মধ্যে সম্প্রসারণের জন্য প্রায় ২০ লক্ষ টাকা মাটির কথা উল্লেখ থাকলেও কাজে তা ব্যবহার করা হয়নি। নানা মুখী অনিয়মের মধ্যে দুই ও তিন নং ইট ও ইটের খোয়ার ব্যবহার। চুক্তিতে ২০২৫ সালের মধ্যে রাস্তার কাজ শেষ করার তারিখ থাকলেও ১ বছরের মেয়াদ বাড়িয়েও কাজ সমাপ্ত হয় নাই। স্থানীয়রা জানান, কিছুদিন পরে বস্তুা পচে সামান্য বৃষ্টিতে রাস্তা ভেঙ্গে যাবে। উপজেলা মুখী যোগাযোগের একমাত্র রাস্তাটি এভাবে অনিয়মের মধ্যে শেষ করা হচ্ছে।

    এই বিষয়ে সাব ঠিকাদার আব্দুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল আলম বলেন, এখন মাটি পাওয়া যাচ্ছে না,আপাতত বৃষ্টির পানি ঠেকানোর জন্য বালি ভর্তি বস্তুা দিয়ে এজিং ঠিক রাখা হচ্ছে।

  • রাঙ্গামাটির লংগদুতে অস্ত্র-চাঁদার টাকাসহ (জেএসএস) কালেক্টর আটক

    লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:
    রাঙ্গামাটির লংগদু উপজেলায় চাঁদা আদায়ের সময় অস্ত্র, নগদ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ সন্তু লারমা-সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) এক কথিত কালেক্টরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যারচর শিবারেগা এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি ছিপন চাকমা (২৬) দীর্ঘদিন ধরে এলাকায় কৃষক ও স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কৃষকদের সবজি বাগান নষ্ট করা, হুমকি দেওয়া এবং কৃষিকাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    বৃহস্পতিবার সকালে তিনি আবারও কৃষকদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করলে ক্ষুব্ধ স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। পরে তার কাছ থেকে একটি অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ ও নগদ টাকা উদ্ধার করে বিজিবির কাছে সোপর্দ করা হয়।

    এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

  • গাজীপুরের শ্রীপুরে পাকা সড়কে গর্তে পানি, দুর্ভোগে হাজারো যাত্রী


    গাজীপুর জেলা প্রতিনিধি:
    গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক দীর্ঘ দুই বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। পিচ ও খোয়া উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষার বৃষ্টিতে এসব গর্ত পানিতে ভরে যাওয়ায় সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারী হাজারো মানুষকে।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গাজীপুর ও মাওনা ইউনিয়নের কয়েকটি গ্রাম ছাড়াও টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা এলাকার হাজারো মানুষের জন্য মাওনা চৌরাস্তার সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি।

    বর্ষায় সড়কের বিভিন্ন অংশ কাদায় পরিণত হয়। গর্তে জমে থাকা পানির নিচে রাস্তার গভীরতা বোঝা না যাওয়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। প্রায় প্রতিদিনই অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যান উল্টে আহত হচ্ছেন চালক ও যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী এবং বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা।

    আনন্দবাজার এলাকার বাসিন্দা রতন মিয়া বলেন, “জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না হলে চলমান বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও ভয়াবহ হবে। নানা শ্রেণি-পেশার মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই আর আশ্বাস নয়, দ্রুত স্থায়ী সংস্কারকাজ শুরুর দাবি জানাচ্ছি।”

    চকপাড়া গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান ইকবাল বলেন, “হাজারো মানুষের জীবন-জীবিকার সঙ্গে এই সড়কটি জড়িত। প্রতিদিন বহু মানুষ কারখানায় কাজে যান, কেউ অটোরিকশা বা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, আবার ব্যবসায়ীদেরও নিয়মিত এই পথ ব্যবহার করতে হয়। ফলে সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

    অটোরিকশাচালক নাসির উদ্দীন বলেন, “সড়কের কয়েকটি অংশের অবস্থা এতটাই খারাপ যে প্রায়ই গাড়ি উল্টে যায়। সপ্তাহে অন্তত দুবার গাড়ি গ্যারেজে নিয়ে মেরামত করতে হয়।”

    কলেজ শিক্ষার্থী মাহির বলেন, “প্রায়ই অটোরিকশা উল্টে যায়। এতে জামাকাপড় কাদা-পানিতে নষ্ট হয়ে যায়। মাঝেমধ্যে ভাঙা অংশে ইট ফেলে দায়সারা মেরামত করা হলেও তাতে কোনো স্থায়ী সমাধান হয়নি।”

    এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) শ্রীপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদ আহমেদ বলেন, “সড়কটির স্থায়ী সংস্কারের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।”