Category: সারাদেশ

  • নওগাঁ ধামইরহাটে (১০) ওয়ারেন্টের পলাতক আসামি আরিফুল গ্রেফতার

    নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ৫টি সিআর সাজা ও ৫টি সাধারণসহ মোট ১০টি ওয়ারেন্টের পলাতক আসামি মোঃ আরিফুল ইসলাম (৩৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফুল উপজেলার পোড়ানগর গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।

    ধামইরহাট থানা পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার জনাব তারিকুল ইসলামের নির্দেশনা ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতার এড়াতে আরিফুল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতো।

    তার বিরুদ্ধে থাকা ৫টি সাজা পরোয়ানার মধ্যে একটিতে ২৯ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড এবং অপরটিতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

  • শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

    বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার সংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

    অভিযানকালে মো. সালাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং একটি হিরো এইচএফ ডিলাক্স (১০০ সিসি) মোটরসাইকেল জব্দ করা হয়।
    বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি, জব্দকৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে আরও জানা যায়, গত তিন মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৪০টি চোরাই মোবাইল ফোন আটক করা হয়েছে।

    এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

  • ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন খান

    ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন খান

    আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:

    ঢাকার আশুলিয়া থানা ছাত্রদলের অধীন ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. হোসেন খান।

    শুক্রবার (০৫ জুন) সকালে আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার ও সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের তৃণমূল পর্যায়ের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

    নবগঠিত কমিটির নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খান প্রতিক্রিয়ায় বলেন, সংগঠনের প্রতি আস্থা রাখার জন্য তিনি কৃতজ্ঞ এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন।

    এদিকে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি গঠনের খবরে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।

  • সাটুরিয়া প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

    সাটুরিয়া প্রতিনিধি:মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১০ জুন) সন্ধ্যায় সাটুরিয়া প্রেসক্লাব হল রুমে দেশীয় ও ঐতিহ্যবাহী হরেক রকমের মৌসুমী ফলের পসরা সাজিয়ে এই আনন্দঘন উৎসবের আয়োজন করা হয়।

    সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা , সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ মনিরুজ্জামান, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ।

    সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় ফল উৎসবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের ডিজিএম মো. ওয়ালিউর রহমান, সাটুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মাখছুদ হোসেন, সাটুরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল মাহমুদ।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো. আনোয়ার হোসেন, মো. সোহেল রানা খান, মুহাম্মদ লুৎফর রহমান, সাটুরিয়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. আপেল মাহমুদ চৌধুরী, ছিনিয়র সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান।

    এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাটুরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক দৈনিক বাংলার প্রতিনিধি, মাহমুদুল হাসান মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনকন্ঠ ও এনটিভির প্রতিনিধি মাহবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক দপ্তর সম্পাদক মো. হদয় মাহমুদ রানা, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. মইনুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মো. খোকন, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি আব্দুস সালাম শফিকসহ আরো অনেকেই।

    বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতির সাথে ফল উৎসবের ঐতিহ্য নিবিড়ভাবে জড়িয়ে আছে। যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝে দেশীয় ফল ও লোকজ ঐতিহ্যের সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে এই ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে সমাজের দর্পণ হিসেবে পরিচিত গণমাধ্যমকর্মীদের এমন সৃজনশীল ও ঐক্যবদ্ধ প্রয়াস স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

    উৎসবে আম, জাম, কাঁঠাল,লিচু,ড্রাগন ফল, তালের আঁশ, আনারসসহ নানা পদের রসালো দেশীয় ফলের সমাহার ঘটে।ফল উৎসবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বাসাবাড়ি পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম আরও বেগবান করতে ‘পৌরবাসীর বর্জ্য বিষয়ক আচরণ পরিবর্তন কার্যধারা প্রণয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১০জুন) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পৌরসভা সূত্রে জানা যায়, শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে পৌরসভা দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ২নং ওয়ার্ডের প্রফেসর পাড়া, শান্তিবাগসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে পৌরসভার পক্ষে এসডিসি এগ্রো লিমিটেডের কর্মীরা পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করছেন।

    এ উদ্যোগের ফলে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও পরিবেশসম্মত হবে বলে আশা করা হচ্ছে। কর্মশালায় বক্তারা বলেন, উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ কমবে, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সহজে ব্যবস্থাপনা করা সম্ভব হবে এবং শহর পরিচ্ছন্ন রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। এ কার্যক্রম পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সব ওয়ার্ডে সম্প্রসারণ করা হবে।

    পৌরসভাকে একটি ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম সফল করতে সকল পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

    কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আহসান হাবীব ও প্রশাসনিক কর্মকর্তা মো. নূরে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • কাঁঠালিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত 

    ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম।

     

    মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বরিশাল এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্প আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হয়।

     

    ক্যাম্পটির উদ্বোধন করেন মানবিক মিরাজ ফাউন্ডেশনের ব্যবস্থাপক পরিচালক মাহফুজ গাজী।

     

    দিনব্যাপী এই কার্যক্রমে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ৩ শতাধিক রোগী বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে।

     

    আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সকলকে এমন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সাটুরিয়ায় কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

    সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে মানিকগঞ্জের সাটুরিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১০ জুন) বেলা ১২টায় বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি-এর সহযোগিতায় সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি হাতে নেয়া হয়।

    পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাজী মোহাম্মদ অনিক ইসলাম। প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শাজাহান সিরাজ, বিশেষ অতিথি ছিলেন মমতাজ সুলতানা অতিরিক্ত উপ পরিচালক

    তাহমিনা শহিদ অতিরিক্ত কৃষি অফিসার

    উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম প্রমুখ।

     

    উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, খাদ্য শস্য উৎপাদনে বৈচিত্র্য আনা কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন বাড়লে কৃষকরা লাভবান হবে। উত্তম কৃষি চর্চা করতে হবে। ভাল ফসল উৎপাদন না করার কারনে বিদেশের মার্কেট ধরতে পারছি না আমরা। নিরাপদ খাবার উৎপাদন করতে পারলে তাহলে বিদেশের বাজার আমরা ধরতে পারবো।

    প্রধান অতিথি কৃষিবিদ শাজাহান সিরাজ বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য। তিনি উপস্থিত কৃষকদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে উত্তর দেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, এ প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে খোরপোষ পর্যায় থেকে বাণিজ্যিকীকরণ, খাদ্য ও পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল করে তুলতে ‘পার্টনার’ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ১শ জন কৃষান-কৃষাণী অংশ নেন। পাশাপাশি স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়।

  • রামগড়ে পুলিশের অভিযানে মাদক সেবনে দায়ের আটক ৯

    খাগড়াছড়ি প্রতিনিধি :খাগড়াছড়ির রামগড়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবন দায়ের ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সিনেমা হল এলাকার গ্রামীণ ব্যাংক ভবনের ছাদ এবং গর্জনতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় গভীর রাতে মাদকের আসর বসিয়ে মাদক সেবনে অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় রামগড় থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে সিনেমাহল এলাকার গ্রামীণ ব্যাংক ভবনের ছাদ থেকে ৬ জন এবং গর্জনতলী এলাকা থেকে আরও ৩ জনকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন— নুর মোহাম্মদ (৩২), পিতা-নুর নবী, গ্রাম-পূর্ব সিলোনিয়া, ছনুয়া বাজার, থানা-ফেনী সদর, জেলা-ফেনী; চন্দন দেবনাথ (৩২), পিতা-মানিক চন্দ্র নাথ, গ্রাম-উত্তর গর্জনতলী; কৃষ্ণ চন্দ্র নাথ (৩৪), পিতা-মৃনাল চন্দ্র নাথ, গ্রাম-উত্তর গর্জনতলী; আকাশ দেবনাথ (২৭), পিতা-নিখিল দেবনাথ, গ্রাম-উত্তর গর্জনতলী, থানা-রামগড়, জেলা-খাগড়াছড়ি; মুন্না চন্দ্র নাথ (২৮), পিতা-শ্রীদাম নাথ, গ্রাম-মাস্টারপাড়া, আবুতরা, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম; ছোটন বিশ্বাস (৩৫), পিতা-দোলন বিশ্বাস, সাং-পশ্চিম দলই, কবিরহাট, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম; মো. আলা উদ্দিন (২৯), পিতা-আবুল হোসেন, মাতা-কামরুন নাহার; মো. আবুল কাশেম (২৪), পিতা-মাহবুবুল হক, মাতা-আমেনা বেগম এবং মিঠুন নন্দি (২৫), পিতা-হারাধন নন্দি, মাতা-আবা বালা নন্দি, সাং-শ্মশানটিলা, ১নং ওয়ার্ড, রামগড়।

    রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) এর ৩৬(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।তিনি আরও বলেন, মাদক নির্মূলে রামগড় থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

  • রাজাপুর-বাদুরতলা সড়কের বেহাল দশা, বৃষ্টিতে খানাখন্দে ভোগান্তিতে ক্ষোভ

    ঝালকাঠি প্রতিনিধি:
    ঝালকাঠির রাজাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের অভাবে রাজাপুর-বাদুরতলা সড়কটি এখন জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে তলিয়ে গিয়ে পুরো সড়ককে মৃত্যুফাঁদে পরিণত করছে। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক ব্যবহার করছেন। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর-বাদুরতলা সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ এ পথ দিয়ে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার কাজ না হওয়ায় বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্ত পানিতে ভরে যাওয়ায় চালকদের পক্ষে রাস্তার অবস্থা বুঝে চলাচল করা কঠিন হয়ে পড়ে।

    সরেজমিনে দেখা যায়, সড়কের একাধিক স্থানে পানি জমে ছোট ছোট পুকুরের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলের সময় কাদাপানি ছিটকে পথচারীদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।

    অটোরিকশা চালক মো. আকাশ হোসেন বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েকবার যাতায়াত করতে হয়। রাস্তার এত খারাপ অবস্থা যে গাড়ি চালানোই কষ্টকর হয়ে গেছে। গর্তে পড়ে প্রায়ই অটোর যন্ত্রাংশ নষ্ট হয়। আয় করার চেয়ে এখন মেরামতের খরচই বেশি হয়ে যাচ্ছে। যাত্রীদেরও নানা অভিযোগ শুনতে হয়।”

    মোটরসাইকেল চালক মো. রাকিব হোসেন বলেন, “বৃষ্টির সময় কোনটা গর্ত আর কোনটা রাস্তা বোঝা যায় না। একটু অসতর্ক হলেই দুর্ঘটনার শিকার হতে হয়। কয়েকদিন আগে আমি নিজেও গর্তে পড়ে আহত হয়েছি। প্রতিদিন অনেক মোটরসাইকেল আরোহী ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

    স্থানীয় বাসিন্দা মো. খোকন জানান, “বছরের পর বছর ধরে রাস্তার এই অবস্থা। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। নির্বাচনের সময় অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু পরে আর কেউ খোঁজ নেয় না। এলাকাবাসী এখন চরম হতাশ।

    আরেক স্থানীয় বাসিন্দা মো. সবুজ বলেন, এটি শুধু একটি রাস্তার সমস্যা নয়, পুরো এলাকার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ রোগী হাসপাতালে নিতে সমস্যা হয়, শিক্ষার্থীরা সময়মতো স্কুলে যেতে পারে না। ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত সংস্কার না করলে পরিস্থিতি আরও খারাপ হবে।

    স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে অনেক যানবাহন এ পথে চলাচল করতে চায় না। ফলে পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে থাকায় ক্রেতাদের চলাচলও কমে যায়, যা ব্যবসার ওপর বিরূপ প্রভাব ফেলছে।

    এলাকাবাসীর অভিযোগ, সাময়িকভাবে কিছু জায়গায় ইট বা খোয়া ফেলে মেরামতের চেষ্টা করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক দিনের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায় সড়কটি। তারা দ্রুত টেকসই সংস্কার কাজের দাবি জানিয়েছেন।

    রাজাপুর-বাদুরতলা সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হওয়ায় দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে সড়কটি সংস্কার করা জরুরি। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

  • খাগড়াছড়ি রামগড়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক

    খাগড়াছড়ি প্রতিনিধি :
    খাগড়াছড়ির রামগড়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

    বুধবার (১০জুন) রামগড় থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে পৌরসভার দারোগাপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

    আটক ব্যক্তি মাহবুব আলম (৩৫)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১নং বাগান বাজার ইউনিয়নের বাংলাবাজার হলুদিয়া গ্রামের মো. নুরুল আলমের ছেলে।
    পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন বাংলাবাজার এলাকা থেকে একটি সিএনজি যোগে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য রামগড়ের দিকে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করেন।

    পরে দুপুর সাড়ে ১২টার দিকে একটি সন্দেহভাজন সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজিতে থাকা দুই ব্যক্তি কৌশলে পালিয়ে গেলেও চালক মাহবুব আলমকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে সিএনজিতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী/২০২০) এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।