Category: সারাদেশ

  • দীর্ঘদিনের চাঁদাবাজি ও বিশৃঙ্খলার অবসান: আশুলিয়ায় অটোরিকশা চলাচলে নতুন শৃঙ্খলা ব্যবস্থা

    দীর্ঘদিনের চাঁদাবাজি ও বিশৃঙ্খলার অবসান: আশুলিয়ায় অটোরিকশা চলাচলে নতুন শৃঙ্খলা ব্যবস্থা

    আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি:

    ঢাকার আশুলিয়ার ডিইপিজেড–ভাদাইল আঞ্চলিক সড়কে দীর্ঘদিন ধরে চলে আসা চাঁদাবাজি ও যান চলাচলের বিশৃঙ্খলার বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছেন অটোরিকশা মালিকরা। যানজট নিয়ন্ত্রণ, যাত্রী দুর্ভোগ লাঘব এবং অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে নিজেদের উদ্যোগে নিরাপত্তা প্রহরী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
    স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিল হোসেনের নেতৃত্বে ক্লাবের সদস্য ও এলাকাবাসী সম্মিলিতভাবে সড়কের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখেন। ওই সময় ফুটপাত দখলমুক্ত করা হয়, অটোরিকশাগুলো নির্দিষ্ট লাইনে দাঁড় করানো হয় এবং যাত্রীদের সুবিধার্থে নির্মাণ করা হয় দুটি যাত্রী ছাউনি। এসব উদ্যোগের ফলে দীর্ঘদিনের ভয়াবহ যানজট অনেকটাই নিরসন হয় এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসে।
    অটোরিকশা মালিকদের অভিযোগ, এর আগে এই সড়কে চলাচলকারী প্রতিটি অটোরিকশা থেকে মাসিক তিন থেকে চার হাজার টাকা করে চাঁদা আদায় করা হতো। এতে প্রতি মাসে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা চাঁদাবাজি করত পতিত সরকারের অনুসারী একটি প্রভাবশালী চক্র। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অটোরিকশা চলাচলে বাধা দেওয়া, হুমকি প্রদান এমনকি মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
    অটোরিকশা চালক মো. সাইফুল ইসলাম বলেন,
    আগে প্রতিটি গাড়ি থেকে তিন–চার হাজার টাকা করে চাঁদা দিতে বাধ্য করা হতো। এখন আর সেই অন্যায় মেনে নেব না। আমরা সবাই মিলে মাসে তিনশ টাকা করে দিয়ে নিরাপত্তা প্রহরী রাখার সিদ্ধান্ত নিয়েছি।
    ভাদাইল অটোরিকশা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জানান,
    “আওয়ামী লীগের আমলে আমরা দীর্ঘদিন চাঁদাবাজির শিকার হয়েছি। এখন আর সেই অন্যায় সহ্য করব না। ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের সভাপতির সঙ্গে আলোচনা করেই নিরাপত্তা প্রহরী নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    এলাকাবাসীও অটোরিকশা মালিকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা ইয়ার হোসেন বলেন,
    অটোরিকশা মালিক ও এলাকাবাসীর এই ঐক্য যদি টিকে থাকে, তাহলে শুধু যানজটই নয়—দীর্ঘদিনের চাঁদাবাজির সংস্কৃতিও বন্ধ হবে। ডিইপিজেড–ভাদাইল সড়কে স্থায়ীভাবে ফিরবে শৃঙ্খলা ও স্বস্তি।
    ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিল হোসেন বলেন,
    প্রায় দুই মাস ধরে আমরা যানজট নিরসনে কাজ করছি। একসময় পাঁচ মিনিটের পথ পার হতে এক থেকে দেড় ঘণ্টা লেগে যেত। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছিল। অটোরিকশাগুলো কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না।
    তিনি আরও বলেন,
    এলাকাবাসী ও ক্লাবের সদস্যদের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করা হয়েছে, অটোরিকশাগুলো লাইনে দাঁড় করানো হয়েছে এবং যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। কিন্তু আগের মতো তিন থেকে চার হাজার টাকা করে চাঁদা আদায়ের উদ্দেশ্যে নতুন করে একটি চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা কোনোভাবেই সেই অপচেষ্টা সফল হতে দেব না।

  • শরিফ উসমান হাদী হত্যার বিচারের দাবিতে সাভারে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

    শরিফ উসমান হাদী হত্যার বিচারের দাবিতে সাভারে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

    আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে প্রতিবাদী জনতা।

    শুক্রবার জুমার নামাজ শেষে সাভার এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ ইয়ামিন চত্বরে এসে সমাবেশ ও মহাসড়ক অবরোধের মাধ্যমে শেষ হয়।

    কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

    প্রতিবাদী জনতা বলেন, শরিফ উসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক আসামিদের দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, ভয়ভীতি ও হুমকি দিয়ে ছাত্রজনতার ন্যায্য আন্দোলন দমন করা যাবে না।

    এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

  • বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

    বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

    আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি

    আগামীকাল মহান বিজয় দিবস। এদিন মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে।

    দিবসটি ঘিরে সৌন্দর্যবর্ধন, সংস্কার ও নিরাপত্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন রূপে সেজে উঠেছে স্মৃতিসৌধ এলাকা। একই সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

    মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উপদেষ্টা, কূটনৈতিক, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। দিনভর সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনে মুখর থাকবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

    দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ১০৮ একর আয়তনের জাতীয় স্মৃতিসৌধ এলাকাজুড়ে মাসব্যাপী সৌন্দর্যবর্ধন কার্যক্রম চালানো হয়েছে। অর্ধশতাধিক কর্মীর নিরলস পরিশ্রমে নতুন করে রং করা হয়েছে স্মৃতিসৌধের সাতটি মিনার, পুষ্পবেদী, গণসমাধী ও কৃত্রিম হ্রদ। বাহারি ফুল ও বর্ণিল সাজে সৌধ চত্বর পেয়েছে নতুন নান্দনিক রূপ। একই সঙ্গে শেষ হয়েছে আলোকসজ্জার কাজ।

    সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ও জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শক আনোয়ার খান আনু বলেন, সৌন্দর্যবর্ধন, সিসি ক্যামেরা স্থাপনসহ সব ধরনের প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আগামীকাল থেকে জাতীয় স্মৃতিসৌধ পুনরায় উন্মুক্ত থাকবে।

    নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করীম মল্লিক বলেন, বিজয় দিবসে আগত সাধারণ দর্শনার্থীসহ দেশের গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে প্রায় চার হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণভাবে দিবসটি উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

  • আশুলিয়া থানা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন, সভাপতি সানোয়ার ও সম্পাদক ইসমাইল

    আশুলিয়া থানা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন, সভাপতি সানোয়ার ও সম্পাদক ইসমাইল

    আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি :

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার আওতাধীন আশুলিয়া থানা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. সানোয়ার হোসেনকে সভাপতি এবং মো. ইসমাইল হাবিবকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

    রবিবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের যৌথ স্বাক্ষরে এ কমিটি প্রকাশ করা হয়। অনুমোদিত আংশিক কমিটিতে বিভিন্ন পদে মোট ১১৬ জন নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

    জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে আশুলিয়া থানায় ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও বিস্তৃত হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

    দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর নবনির্বাচিত সভাপতি মো. সানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হাবিব কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং ছাত্রসমাজের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • ক্লুলেস মামলার সফল তদন্ত, সম্মাননা পেলেন এসআই মাহমুদুল হাসান

    ক্লুলেস মামলার সফল তদন্ত, সম্মাননা পেলেন এসআই মাহমুদুল হাসান

    আলমাস হোসাইন (ঢাকা) জেলা প্রতিনিধি:

    ক্লুলেস মামলার তদন্তে বিশেষ অবদান ও দক্ষতায় সম্মাননা পুরস্কার পেলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান।

    সম্প্রতি ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর হাতে এ সম্মাননা পুরস্কার তুলে দেন।

    জানা যায়, মামলাটি দায়ের হওয়ার পর দীর্ঘদিন ধরে কোনো সুস্পষ্ট সূত্র না থাকলেও দৃঢ় মনোবল, বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত পরিচালনা করেন এসআই মাহমুদুল হাসান। তিনি বিভিন্ন প্রযুক্তিগত তথ্য-উপাত্ত বিশ্লেষণ, মাঠ পর্যায়ে অনুসন্ধান এবং তথ্য-প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করেন। তাঁর নেতৃত্বে তদন্ত দলের তৎপরতায় মামলার জট খুলে আসে এবং তদন্ত নতুন গতি পায়।

    এসআই মাহমুদুল হাসান বলেন,এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে তুলেছে। জনগণের জন্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এই সম্মান আমাকে সামনে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।

    ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, একটি ক্লুলেস মামলা সফলভাবে অগ্রসর করতে যে ধৈর্য, নিষ্ঠা ও পেশাদারিত্ব প্রয়োজন—এসআই মাহমুদুল হাসান তা প্রমাণ করেছেন। তাঁর এ অর্জন আশুলিয়া থানা পুলিশের গর্ব।

    আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দ্রুত অপরাধ উদ্ঘাটন এবং জনগণের আস্থা অর্জনে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মত দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • আশুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আশুলিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি:

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় আশুলিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে আশুলিয়ার ডেন্ডাবর হাবিব ক্রিকেট একাডেমি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    দোয়া মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

    সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজক মোহাম্মদ আইয়ুব খান বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি দেশের গণতন্ত্র, মানবাধিকার ও জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের উদ্যোগে এ ধরনের দোয়া ও মানবিক কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে।

    অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বেগম খালেদা জিয়ার জীবনীভিত্তিক ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থীসহ সকল অংশগ্রহণকারীর মাঝে খাবার বিতরণ করা হয়।

    মাহফিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

  • ঢাকা-১৯ আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত

    ঢাকা-১৯ আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন ফয়সাল মাহমুদ শান্ত

    আলমাস হোসাইন (ঢাকা) প্রতিনিধি :

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

    ফয়সাল মাহমুদ শান্ত এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং কর্মশালা সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এমপিওভুক্ত, প্রাথমিক, ইবতেদায়ী, কারিগরি ও নন-এমপিওসহ বিভিন্ন শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি সারাদেশে শিক্ষক সমাজের মাঝে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন।

    তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২৩ সাল থেকে তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।

    শিক্ষাজীবনে তিনি কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’-এর সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তরুণদের সামাজিক সংগঠন ইউথ ফর সোশাল এইড (YFSA)-এর সাধারণ সম্পাদক হিসেবে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখেন। তিনি বাধন, তরী, পিডিএফসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিএনসিসির ক্যাডেট কর্পোরাল ছিলেন।

    জাতীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় ৫০টিরও বেশি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও “ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট” অর্জন তাঁর উল্লেখযোগ্য সাফল্য।
    এ ছাড়া জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জার্নালে রাজনীতি ও নৈতিকতা বিষয়ে তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

    জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানকালে সাভার–আশুলিয়া অঞ্চলে রাজপথে সক্রিয় নেতৃত্ব, কোটা সংস্কার, নিরাপদ সড়ক, জাবির পরিবেশ আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে সংগঠক ও পরিচালকের দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন এনসিপির নেতারা।

  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আলমাস হোসাইন ( ঢাকা) প্রতিনিধি :

    বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে আশুলিয়ার গাজীরচট এলাকায় এক হৃদয়স্পর্শী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুরে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    দোয়া মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় এক শান্ত, ভক্তিভরা পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি মাহফিলকে আরও অনন্য মাত্রা প্রদান করে।

    ধানের শীষের মনোনীত প্রার্থী সালাউদ্দিন বাবুর উপস্থিতি

    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন,
    সারা দেশের মানুষ আজ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে গভীরভাবে উদ্বিগ্ন। ধর্ম-বর্ণ বা রাজনৈতিক মতভেদ ভুলে সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন—এটাই মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার প্রমাণ।

    তিনি আরও বলেন,
    এখানে যারা উপস্থিত আছেন, তাদের সকলের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া করার অনুরোধ জানাচ্ছি। দেশবাসী তাঁর সম্পূর্ণ সুস্থতা কামনায় ঐক্যবদ্ধ।

    নেতাকর্মী ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ

    দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। বয়স্ক, যুবক, নারীসহ নানা শ্রেণি-পেশার মানুষের ভিড়ে মাহফিলটি পরিণত হয় মানবিক আবেগঘন মিলনমেলায়।

    মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

    খাবার বিতরণ

    দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল শৃঙ্খলা, সৌহার্দ্য ও মানবিকতার সুন্দর সমন্বয়।

  • দেশ ও জাতির সেবায় সদা অঙ্গীকারবদ্ধ সশস্ত্র বাহিনী : নৌবাহিনী প্রধান

    দেশ ও জাতির সেবায় সদা অঙ্গীকারবদ্ধ সশস্ত্র বাহিনী : নৌবাহিনী প্রধান

    আলমাস হোসাইন : (ঢাকা) প্রতিনিধি

    বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সবসময় অটুটভাবে দায়িত্ব পালন করে আসছে উল্লেখ করে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, “জাতির যেকোনো প্রয়োজনেই সশস্ত্র বাহিনী সর্বদা পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

    বুধবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-এর সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    নৌবাহিনী প্রধান আরো বলেন, দেশের সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, ঠিক তেমনি জাতীয় দুর্যোগ ও গুরুত্বপূর্ণ সময়গুলোতে দেশসেবার মহৎ অঙ্গীকার নিয়ে বিএনসিসি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।

    অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মাকসুস, অ্যাসিস্ট্যান্ট চিফ অব নেভাল স্টাফ (পার্সোনেল) রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু স‌ঈদ আল মসউদসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • জীবননগরে শীতার্তদের মাঝে মানবিক সংগঠনের কম্বল বিতরণ

    জীবননগরে শীতার্তদের মাঝে মানবিক সংগঠনের কম্বল বিতরণ

    আলমাস হোসাইন : স্টাফ রিপোর্টার 

    মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই মানবিক স্লোগানকে ধারন করে প্রতি বছরের মতো এবারও চুয়াডাঙ্গার জীবননগরে শীতার্ত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে জীবননগর মানবিক সংগঠন।

    শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    সংগঠন সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই জীবননগর মানবিক সংগঠন এলাকার অসহায়, নিঃস্ব ও ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এবারও সংগঠনের সদস্যরা ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দেন।

    কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা এম আর বাবু, সাধারণ সম্পাদক নুর আলম, প্রেসক্লাব সদস্য মাজেদুর রহমান লিটন, জামাল হোসেন খোকন, মুন্সি খোকন, সংগঠনের উপদেষ্টা এম আই মুকুল, মুতাসসিন বিল্লাহ, সংগঠক সামিউল ইসলাম অভি, সদস্য সোহাগ হোসেন, সোহেল রানা, আব্দুর সবুর, আব্দুল হালিম প্রমুখ।

    এ সময় প্রধান উপদেষ্টা এম আর বাবু বলেন,
    মানবিক সংগঠন সবসময়ই অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সংগঠনের প্রধান উদ্যোক্তা এইচ এম হাকিমের নিরলস প্রচেষ্টায় কার্যক্রম আরও গতিশীল হয়েছে। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কাজে সহযোগিতা অব্যাহত রাখব।

    সংগঠনের প্রধান উদ্যোক্তা এইচ এম হাকিম বলেন,
    জীবননগর মানবিক সংগঠন নিয়মিতভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যারা অর্থ, শ্রম ও হৃদয়ের ভালোবাসা দিয়ে আমাদের সহযোগিতা করেছেন—আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। পুরো শীত মৌসুম জুড়ে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

    মানবিকতার উষ্ণতায় জীবননগর মানবিক সংগঠনের সদস্য ও উপদেষ্টারা শীতার্ত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সহায়তার হাত—এভাবেই ছড়িয়ে দিচ্ছেন ভালোবাসা ও মানবতার আলো।