Category: অপরাধ

  • সুন্দরবন কুরিয়ার পার্সেলে মাদক, ডিএনসির অভিযানে গ্রেপ্তার ১

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লাগামী একটি কুরিয়ার পার্সেলে আমের ক্যারেটের ভেতরে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ১০০ বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে শাপলা সিনেমা হলের সামনে চাঁপাইনবাবগঞ্জ কানসাট সড়কের পূর্ব পাশে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এ অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আসমাউল হক ওরফে জুয়েল (২০)। তিনি শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কুমিল্লাগামী একটি কুরিয়ার পার্সেল তল্লাশি করে আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আসমাউল হককে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। এ

    ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

  • কুবিতে পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

    কুবি প্রতিনিধি:
    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন ‘পূজা উদ্‌যাপন পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র আয়োজনে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন সনাতন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২২ জুলাই) সকাল ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে পূজা উদ্‌যাপন পরিষদ, কুবির সভাপতি সজীব বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক পার্থ চক্রবর্তী, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তমা সাহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

    এসময় অনুষ্ঠানে ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘সবাই মেধার স্বাক্ষর রেখেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। তাই তোমাদের প্রতি আমার দুটি প্রত্যাশা রয়েছে। প্রথমত, ভালো ফলাফল অর্জনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং সনাতনী শিক্ষার্থীদের গর্বিত করা। দ্বিতীয়ত, লোভ ও আবেগকে নিয়ন্ত্রণে রাখা। বিশ্ববিদ্যালয়ে এসে অনেকেই ভুল পথে পরিচালিত হয়, তাই কোনো প্রকার ফাঁদে পা দেওয়া যাবে না। আমি আশা করি, তোমরা ভবিষ্যতে ভালো অবস্থানে পৌঁছাবে।’

    পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, ‘২০০৭ সালে তখন সাতটি বিভাগের ১৪–১৫ জন শিক্ষার্থীকে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পূজা উদ্‌যাপন পরিষদের যাত্রা শুরু হয়েছিল। আমাদের উদ্দেশ্য ছিল সনাতনী শিক্ষার্থীদের নিজেদের অবস্থান নিজেদেরই তৈরি করা। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের লক্ষ্য অর্জন করা সম্ভব। যে-কোনো সমস্যায় তোমরা নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করবে।’

    পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সজীব বিশ্বাস বলেন, ‘নবীন শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের শক্তি। বিশ্ববিদ্যালয় জীবন শুধু পড়াশোনার নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির চর্চারও জায়গা। পূজা উদ্‌যাপন পরিষদ সবসময় সনাতনী শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা আশা করি, নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে একটি সম্প্রীতিময় ক্যাম্পাস গড়ে তুলবে।’

  • ১০০ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

    মোঃ নাজিম উদ্দিন:
    ​ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ​গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জনের বাড়ি গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামে। চক্রটি সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় প্রাইভেটকারে করে মদ পাচার করে ময়মনসিংহের দিকে নিয়ে আসছিল।

    ​ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ঐ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল অবৈধ ভারতীয় মদ এবং পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। ​

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। আটককৃতদের মধ্যে বিশেষ করে শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামের নাজমুল এই চক্রের মূল হোতা। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সিন্ডিকেটে নেতৃত্ব দিয়ে আসছে। ​কোতোয়ালী মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হবে।

  • উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ


    উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা বাজারে মৎস্য বিভাগের বিশেষ অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। বুধবার ২২ জুলাই দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও বোডা জাল উদ্ধার করা হয়। মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০ (সংশোধিত-২০২৫) এর ধারা ৫ (১) অনুযায়ী পরিচালিত এ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সহযোগীতা ও পরামর্শে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার।

    অভিযানে অংশগ্রহণ করেন ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী শৈলেন ঘরামী এবং উজিরপুর মডেল থানার এসআই মোঃ ফাহাদ সহ পুলিশের সদস্যরা। উজিরপুর উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে মোট ১৯২টি চায়না দুয়ারি জাল, ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮৯টি বোডা জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব নিষিদ্ধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হারতা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে নিষিদ্ধ জালের বেচাকেনা চলছিল।

    এসব জাল ব্যবহার করে নদ-নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে নির্বিচারে মাছ ও মাছের পোনা আহরণ করা হচ্ছিল। ফলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক মৎস্য সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে। উল্লেখ্য, উপজেলার বিভিন্ন নদ-নদী ও খালে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকারের বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করে মৎস্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।

    তারা অবৈধ জালের বিক্রি ও ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিষয়টি নিয়ে জনমত সৃষ্টি হলে মৎস্য বিভাগের পক্ষ থেকে হারতা বাজারে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বাজারে মজুদ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে নিষিদ্ধ জাল বিক্রি, মজুদ বা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।

    উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, “মৎস্য সম্পদ রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল বিক্রি, মজুদ কিংবা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যতই প্রভাবশালী বা ক্ষমতাধর হোক না কেন, কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, “মৎস্য সম্পদ দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।

    নিষিদ্ধ জালের ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয় সচেতন মহল মৎস্য বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু বাজারে অভিযান চালালেই হবে না, নদী-খাল ও মাছ ধরার এলাকাগুলোতেও নিয়মিত নজরদারি বাড়াতে হবে। তাহলেই নিষিদ্ধ জালের ব্যবহার কমবে এবং দেশের মৎস্য সম্পদ রক্ষা করা সম্ভব হবে।

    স্থানীয়দের প্রত্যাশা, হারতা বাজারে পরিচালিত এ অভিযানের ধারাবাহিকতা বজায় থাকলে উপজেলার অন্যান্য এলাকাতেও অবৈধ জালের বেচাকেনা ও ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন পরিবেশ সুরক্ষিত হবে।

  • চকপাড়া সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৯৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ চকপাড়া বিওপির নায়েক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/৮-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রিফুজিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে টহল দল মালিকবিহীন অবস্থায় ৯৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিরাপগুলো জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

  • রাঙ্গুনিয়ার অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ


    রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
    চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম এর তত্ত্বাবধানে, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সমন্বিত অভিযানে শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু ওয়াসিফা জান্নাত তাসকিন-কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অপহরণের ঘটনায় জড়িত ৩ জন আসামীকে গ্রেফতার এবং অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

    ঘটনার সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পশ্চিম সরফভাটা ইমাম আজম আবু হানিফা (রঃ) স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ওয়াসিফা জান্নাত তাসকিন (৭), পিতা- দেলোয়ার হোসেন, গত ২০ জুলাই ২০২৬ তারিখ সকালে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়। স্কুল ছুটির পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

    অনুসন্ধানের একপর্যায়ে ভিকটিমের এক সহপাঠী জানায়, এক ব্যক্তি নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে শিশুটিকে বলে যে, তার বাবা হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। এই মিথ্যা ও প্রতারণামূলক কৌশলে শিশুটিকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়া হয়।

    এ ঘটনায় ভিকটিমের পিতা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের সরাসরি নির্দেশনায় ডিবি ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সমন্বয়ে একাধিক টিম উদ্ধার অভিযান শুরু করে।

    তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দিন-রাতব্যাপী অভিযান পরিচালনা করে মোঃ রাকিব (২২), মোঃ ফয়সাল (৩২) এবং মোঃ জাহাঙ্গীর আলম (৫৫)কে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে অপহৃত শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ফয়সাল ভিকটিমের পিতার আপন মামাতো ভাই। সে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে অপহরণ করে তার পিতার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে এবং এই কাজে তার পরিচিত সিএনজি চালকদের সম্পৃক্ত করে। মুক্তিপণের অর্থ আসামীদের মধ্যে ভাগ করে দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে তাদের এ অপরাধে যুক্ত করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
    চট্টগ্রাম জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষায় এবং যেকোনো অপরাধ দমনে সর্বদা সতর্ক, পেশাদার ও আন্তরিক। শিশু অপহরণসহ সকল গুরুতর অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কায় অন্যের দোকান নিজের বলে দাবি করে জোরপূর্বক তালা দেওয়ার অভিযোগ

    সিরাজগঞ্জ প্রতিনিধি:
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা বাজারে প্যানেল চেয়ারম্যানের নির্দেশে রফিকুলের দোকান ঘর, নিজের দাবি করে জোরপূর্বক তালা দেওয়ার অভিযোগ উঠেছে আবু সাঈদ মাস্টারের ছেলে রাকিবের বিরুদ্ধে। তথ্য সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে জমির মালিক হন মৃত গণি ফকিরের ছেলে রফিকুল ইসলাম। তারা দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছিল। আবু সাঈদ ৫ শতক জমি রফিকুল ইসলামের নিকট থেকে দীর্ঘদিন আগে ক্রয় করে। অত্র জায়গাতে তারা বাড়ি নির্মান করে বসবাস করছে।

    হঠাৎ রাকিব দাবি করে ১ শতক জায়গা কম হয়েছে। বিধায় ১ শতক জমি রফিকুল ইসলাম গং দের নিকট দাবি করে। জায়গায় তাদের বুঝিয়ে না দেওয়ায় তারা জোরপূর্বক দোকান ঘরে তালা দেয়। আবু সাঈদের ছেলে রাকিব বলেন,জায়গা নিয়ে ইতিপূর্বে অনেক দরবার হয়েছে কিন্তু ১ শতক জায়গা আমাদের দেওয়া হয় নাই।

    গত রবিবার শালিসি বৈঠকে রফিকের ছেলে ও স্ত্রী হাজির না হওয়ায় উক্ত ঘরে তালা ঝুলিয়ে দিয়েছি। মৃত গণি ফকিরের মেয়ে লতা খাতুন জানান,ঘুড়কা বাজারের জায়গা জমি দোকান ঘরের মালিক রফিকুল ইসলাম, শালিসি বৈঠক শুক্রবার হওয়ার কথা ছিল,কিন্তু বৈঠকের আগেই তারা দোকানে তালা ঝুলিয়ে দেয়। এ ব্যাপারে ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশের আলী বলেন,রবিবারের পরির্বতে শুক্রবার শালিসি বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সাঈদ পক্ষ আমার কথা না শুনেই তারা দোকানে তালা দিয়েছে।

    তালা দেওয়া বিষয়ে আমার কোন হস্তক্ষেপ নেই। এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন,অভিযোগের বিষয়ে আমার জানা নেই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • গাজীপুরের টঙ্গীতে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী পিপাসা আক্তার গ্রেপ্তার

    ‌

    স্টাফ রিপোর্টার:
    গাজীপুরের টঙ্গীর মাছিমপুর কলাবাগান এলাকায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী পিপাসা আক্তার (২২)-কে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

    নিহত আবুল কালাম জামালপুর জেলার মেলান্দহ উপজেলার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। গ্রেপ্তার পিপাসা আক্তার একই উপজেলার আব্দুল করিমের মেয়ে।

    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জীবিকার তাগিদে প্রায় এক মাস আগে সপরিবারে টঙ্গীতে আসেন আবুল কালাম। তিনি টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান বস্তিতে বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

    সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পিপাসা আক্তার ওড়না দিয়ে স্বামীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।

    ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন পিপাসা আক্তারকে আটক করে পুলিশে খবর দেয়। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং আবুল কালামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

    টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বাংলাদেশ ক্রাইম কে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার পিপাসা আক্তারকে মঙ্গলবার গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • চট্টগ্রামের দক্ষিন রাঙ্গুনিয়ায় ২টি বন্দুক ও কার্তুজসহ গ্রেপ্তার ৩ ‎


    ‎রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
    ‎‎চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পুলিশের বিশেষ অভিযানে দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুইটি তাজা ১২ বোর কার্তুজ ও দুইটি খালি কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
    ‎
    ‎পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার মামলা নং-০৫, তারিখ ২১ জুলাই ২০২৬, অস্ত্র আইনের ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
    ‎
    ‎গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আরিফ (২৬) সরফভাটা ইউনিয়নের ওয়ার্ড সৈয়দুরখীল এজাহার মিয়া ফকিরের বাড়ির মৃত সুলতান আহাম্মদের ছেলে।  মো. মনির হোসেন (২৩) সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়খোলা মিরেরখীল মৃত মোঃ কামালের ছেলে ও কিশোর মো.  রাকিব (১৫)  সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়খোলা মিরেরখীল – মোঃ হোসেনের ছেলে।
    ‎
    ‎মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) বিকেলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার বিশেষ অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সরফভাটা ইউনিয়নের ছৈয়দুরখীল এলাকায় ইউসুফের চায়ের দোকানের পেছনে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়।
    ‎
    ‎তল্লাশিকালে আরিফের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, মনির হোসেনের কাছ থেকে আরও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং রাকিবের কাছ থেকে দুইটি তাজা ১২ বোর কার্তুজ ও দুইটি ব্যবহৃত (খালি) ১২ বোর কার্তুজ উদ্ধার করে পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়।
    ‎
    ‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে পাহাড়ি এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে দক্ষিণ রাঙ্গুনিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল বলে স্বীকার করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
    ‎
    ‎
    ‎এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হিলাল উদ্দিন আহমদ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
    ‎
    ‎

  • ভোলাহাটে এনজিও কর্মীর বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিজ বাড়িতে একা পেয়ে ছয় বছরের এক কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক এনজিও কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই ) বেলা ১১:৩০ ঘটিকার সময় ভোলাহাট থানার রাধানগর কলোনী এলাকায় এই ঘটনা ঘটে। ​

    গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ রাকিবুল ইসলাম (২৩)। সে পিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা, পোঃ শাড়িকতলা) গ্রামের মোঃ দেলোয়ার তালুকদারের ছেলে এবং ভোলাহাটে ‘রিক’ (RIC) নামক একটি এনজিওর মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিল। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রাধানগর কলোনীর বাসিন্দা মোঃ জুয়েল মিয়া ও মোসাঃ সুলতানা বেগমের ছয় বছরের শিশুকন্যা বাড়িতে একা ছিল। এ সময় এনজিওর কিস্তির টাকা তুলতে ওই বাড়িতে যান মাঠ কর্মী রাকিবুল ইসলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে সে শিশুটিকে ধর্ষণ করে।

    ​পরবর্তীতে ঘটনার জানাজানি হলে দ্রুত অভিযান চালিয়ে ভিকটিম শিশুকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত আসামি রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ​ভোলাহাট থানার ইনচার্জ মোঃ আব্দুল বারিক জানান, ভিকটিম উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।