Category: সারাদেশ

  • ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়। রবিবার (২১ জুন) সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার হুজরাপুর রেলবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
    গ্রেফতারকৃত নারী হলেন মোসা. সেলিনা বেগম (৬৫)। তিনি হুজরাপুর রেলবাগান এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. লোকমান শেখ।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেলিনা বেগমের হেফাজত থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত সেলিনা বেগম একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।” তিনি আরও জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর অংশ হিসেবে জাতীয় পর্যায়ে বিষয়ভিত্তিক কুইজ (বাংলা) ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়। রোববার (২১ জুন) চাঁপাইনবাবগঞ্জ সদরের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লতিফা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে আলোকিত করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার।

    ​অনুষ্ঠানে বক্তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই ধরনের সাফল্য কেবল বিদ্যালয়ের জন্যই নয়, বরং পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য অত্যন্ত গৌরবের। কুইজ ও বিতর্কের মতো মেধাভিত্তিক প্রতিযোগিতায় আমাদের শিশুরা যেভাবে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
    ​সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব লতিফা হক বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন।

    শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে বিদ্যালয় প্রশাসন ও শিক্ষক মণ্ডলী সর্বদা সচেষ্ট থাকবে।”
    ​অনুষ্ঠানের শেষ অংশে জাতীয় পর্যায়ে গৌরব বয়ে আনা বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মোঃ গোলাম মোস্তফা।

    এছাড়াও বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পর্যায়ে কুইজ (বাংলা) প্রথম স্থান অর্জনকারী ৫ম শ্রেণির শিক্ষার্থী আইমান কানিতা ও বির্তক প্রতিযোগিতা দ্বিতীয় স্থান বিজয়ী দলনেতা ৫ম শ্রেণির শিক্ষার্থী জারিন আফরোজ শিফা। অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ, মরিয়ম নেসা ও মোঃ নেয়ামতুল্লাহ। এ সময় বিদ্যালয়ের আরও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • মাদক ব্যবসায় বাধা, মধ্যরাতে বজলু বাহিনীর হামলা: ভাঙচুরে আহত দুই শিশু, আতঙ্কে এলাকাবাসী


    স্টাফ রিপোর্টারঃ
    গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঢং মিল গেট সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা দুই শিশু আহত হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

    স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, সম্প্রতি এলাকায় কথিত মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন মো. শহিদুল ও সোবাহান। এর জেরে শনিবার গভীর রাতে বজলু বাহিনীর সদস্যরা তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

    অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে ঘরের জানালার থাই গ্লাস ভাঙচুর করে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা দুই শিশু ভাঙা কাচের আঘাতে আহত হয়। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের সৃষ্টি হয়। পরে স্বজনরা আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেন।

    এলাকাবাসীর অভিযোগ, কথিত বজলু বাহিনীর প্রধান বজলু ও তার দুই ছেলে জাহাঙ্গীর, সাগর এবং আরিফসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, বন বিভাগের জমি দখল, প্লট আকারে সরকারি জমি বিক্রি, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, বজলু বাহিনীর ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। ইতোমধ্যে তাদের নির্যাতন ও হুমকির কারণে কয়েকটি পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে বলেও অভিযোগ করেন তারা।
    ভুক্তভোগী মো. শহিদুল বলেন, “মাদক ব্যবসার প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। ঘরের জানালা ভেঙে ফেলেছে। আমার পরিবারের সদস্যরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।”

    এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অষ্টগ্রামে হাবেলি বাড়িতে পবিত্র আশুরা ও মহররম উপলক্ষে (১৯১) তম পাঁচ গায়েলা সভা অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধি:
    কিশোরগঞ্জের অষ্টগ্রামের ঐতিহাসিক হাবেলি বাড়িতে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র আশুরা ও মহররম উপলক্ষে ১৯১তম ২২ মৌজার ‘পাঁচ গায়েলা সভা’ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় মহররমের ৫ তারিখে ঐতিহ্যবাহী হাবেলি বাড়িতে এই সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় সভাটি সমাপ্ত হয়।
    ​এতে সভাপতিত্ব করেন হাবেলি বাড়ির সন্তান সৈয়দ আহমেদুল কবির প্রিন্স। সভাটি সঞ্চালনা করেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও হাবেলি বাড়ির সন্তান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

    ​সভায় বিশ্বমানবতার কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মধ্য অষ্টগ্রাম সাহেব বাড়ির পীরজাদা সৈয়দ মেজবাহুল হোসাইন (শাহজাদা মিয়া)। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— মধ্য অষ্টগ্রাম তাজিয়া কমিটির সভাপতি জিএম সেলিম, আহসান হাবিব, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন সফি, মোঃ আনাস আলী মেম্বার, নূর ইসলাম মেম্বার ও আঃ রহিম কাস্তুল, হাজী অদু মিয়া প্রমুখ।

    ​ঐতিহাসিক এই পাঁচ গায়েলা সভায় অষ্টগ্রাম সদর, দেওঘর, কাস্তুল, বাঙ্গালপাড়া ও পূর্ব অষ্টগ্রাম— এই পাঁচ ইউনিয়নের ২৫টি হোসাইনী মোকামের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    ​সভায় সর্বসম্মতিক্রমে মহররমের মূল আনুষ্ঠানিকতার সময়সূচি নির্ধারণ করা হয়। আগামী ২৫ জুন (৯ই মহররম) দুপুর ১২টা ১ মিনিটে নিশান গাস্ত (চক্কর) এবং রাত ১২টা ১ মিনিটে তাজিয়া গাস্ত অনুষ্ঠিত হবে। ২৬ জুন (১০ই মহররম) বিকেল ৪টায় মধ্য অষ্টগ্রাম স্থানীয় কারবালার উদ্দেশ্যে তাজিয়া নিয়ে রওয়ানা করা হবে এবং সন্ধ্যা ৭টার মধ্যে ১০ দিনব্যাপী মহররমের যাবতীয় আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে।

    ​অষ্টগ্রামের মহররমের এই দীর্ঘদিনের রেওয়াজ নিয়ে আলোচনা করতে গিয়ে সভায় বক্তারা উল্লেখ করেন, অষ্টগ্রামে শিয়া মাজহাবের কোনো লোক নেই; এখানকার সকল অধিবাসীই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী। মহররমের চাঁদ ওঠার পর থেকেই স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা ১০ দিন রোজা রাখেন। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের প্রিয় খাবার মাছ হওয়া সত্ত্বেও, ইমাম হোসাইন (রাঃ)-এর প্রতি ভালোবাসার নিদর্শনে এই দিনগুলোতে তারা প্রিয় খাবার বর্জন করে সাধারণ মানের খাবার গ্রহণ করেন।

    এছাড়া সাধারণ পোশাক পরিধান, খালি মাথায় ও খালি পায়ে চলাচল এবং খাট-পালং ছেড়ে মাটিতে শয়নের মাধ্যমে তারা শোক ও সংযম প্রকাশ করেন। পাশাপাশি প্রতিদিন হোসাইনী মোকামে মাতম, জারি ও মার্সিয়া পরিবেশন এবং মাগরিবে ফাতেহা পাঠ, তাবারক বিতরণ ও ইফতারের আয়োজন করা হয়।

    ​সভায় সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, “আমরা আল্লাহর একত্ববাদের পাশাপাশি নবী মুহাম্মদ (সাঃ)-কে খাতামুন্নাবিয়্যীন মানি এবং খেলাফতে বিশ্বাস করি। গাউসে পাক বড়পীর আব্দুল কাদের জিলানী (রাঃ) সহ অলি-আল্লাহগণকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে ভালোবাসি। সাহাবায়ে কেরাম ও উম্মাহাতুল মুমিনীন আমাদের মাথার তাজ। আমরা নবী (সাঃ) ও আলে নবীগণকে নিজেদের পিতা-মাতা, সন্তান-সন্ততি, ধন-দৌলত এবং নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করি।

    ​তিনি আরও বলেন, “আমরা এই নিয়মগুলো কেবল বাপ-দাদার আমল থেকে চলে আসছে বলে করছি না; আমাদের পূর্বপুরুষেরা হাদীস, কোরআন, ইজমা ও কিয়াসের দলিল ভিত্তিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই আমরা তা অনুসরণ করছি। ইমাম হোসাইনের শাগাদত স্বরবনে শোকানুষ্ঠান কিয়ামত পর্যন্ত জারি থাকবে বলে আমরা বিশ্বাস করি। নবী ও আলে নবী (সাঃ)-এর আদর্শকে ধারণ করে আমল করলেই তা পরকালে কাজে আসবে। কেননা, সকল ইবাদত কবুলের মাধ্যমই হলো নবী ও আলে নবী (সাঃ)-এর ওপর দুরুদ পাঠ করা। রাসুলুল্লাহ সাঃ তো বলেছেন যার সাথে যার ভালবাসা তার সাথেই তার হাশর। আল্লাহ পাক আমাদের সকলকে হোসাইনী আদর্শে আদর্শবান এবং কারবালার চেতনায় উজ্জীবিত করুন।

    ​সভা শেষে ইউনুস আলী মেম্বারসহ এলাকার অসুস্থ ব্যক্তিদের রোগমুক্তি এবং বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • নবীন-প্রবীণের সমন্বয়ে শার্শা সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠন

    শার্শা যশোর প্রতিনিধি:শার্শা সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে গত ২১ জুন তারিখ রোজ বুধবার বিকাল ৩টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় সভাপতিত্ব করেন কবি সালাম গফফার ছন্দ।

    সভার শুরুতে কবি রকি মাহমুদ বলেন, শার্শা সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হতে যাচ্ছে বিধায় অত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা একান্ত প্রয়োজন। তার বক্তব্যের আলোকে কবি আলতাফ হোসেনের প্রস্তাবে এবং কবি এস এম মনিরের সমর্থনে সালাম গফফার ছন্দকে শার্শা সাহিত্য পরিষদের সভাপতি এবং রকি মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচন পূর্বক মোট ২১ (একুশ) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় এবং ঘোষণা পূর্বক পড়ে শোনানো হয়।

    শার্শা সাহিত্য পরিষদ, সারসা, যশোর-এর
    কার্যকরী কমিটি; নিম্নরুপ:-

    ১) কবি সালাম গফফার ছন্দ – সভাপতি।
    ২) কবি মো: রবিওল হোসেন -সি: সহ: সভাপতি।
    ৩) কবি দেবুল কুমার দাস – সহ: সভাপতি।
    ৪) কবি বকুল হক – সহ: সভাপতি।
    ৫) কবি মো: আলতাফ হোসেন- সহ: সভাপতি।
    ৬) কবি রকি মাহমুদ – সাধারণ সম্পাদক।
    ৭) কবি এস এম মনির – সহ: সাধারণ সম্পাদক।
    ৮) কবি আবু রায়হান – সাংগঠনিক সম্পাদক।
    ৯) কবি বাগবুল মাহবুব – সহ: সাংগঠনিক সম্পাদক।
    ১০) কবি মো:রুহুল আমীন – দপ্তর সম্পাদক।
    ১১) কবি মো: আলী হোসেন – সাংস্কৃতিক সম্পাদক।
    ১২) কবি আলী মুনসুর -ক্রীড়া সম্পাদক।
    ১৩) কবি পিনাকী গুপ্ত -নির্বাহী সদস্য।
    ১৪) কবি শাহেরা বেগম – নির্বাহী সদস্য।
    ১৫) কবি হিরোন আহমেদ – নির্বাহী সদস্য।
    ১৬) কবি রেবেকা টপি – নির্বাহী সদস্য।
    ১৭) কবি মো: নাজমুল ইসলাম -নির্বাহী সদস্য।
    ১৮) কবি সাবরিনা মমতাজ – নির্বাহী সদস্য।
    ১৯) কবি নুরজাহান নিরা – নির্বাহী সদস্য।
    ২০) কবি হাবিবুল হাসান – নির্বাহী সদস্য।
    ২১) কবি মো: জাহিদ হাসান – নির্বাহী সদস্য।

  • সেনাবাহিনী সিন্দুকছড়ি জোন কর্তৃক দূর্গম পাহাড়ি এলাকায় বিদ্যালয়ে ভবন সংস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

    খাগড়াছড়ি প্রতিনিধি:
    খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলায় দূর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোন।
    এ উদ্যোগের আওতায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত দক্ষিণ হাফছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন সিন্দুকছড়ি জোন।।

    দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যালয় ভবনটি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে পূর্ণ মেরামত করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশে পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়ে একটি নতুন বারান্দায় সংযুক্ত করা হয়েছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আরও উন্নত ও উপযোগী পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

    শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তার উদ্দেশ্যে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়, যা তাদের শিক্ষা জীবনকে আরও উৎসাহিত করবে।

    বিদ্যালয় সংস্কার ও শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৭৫১৪ লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি, জোন কমান্ডার, সিন্দুকছড়ি জোন। তিনি নব নির্মিত স্থাপনার উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা অর্জন এবং দেশ গঠনে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা হলো জাতির উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি এবং শিক্ষার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

    এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুঁইচিংপ্রু মারমা, সহকারী শিক্ষিকা জোৎস্না চাকমা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সিন্দুকছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    স্থানীয় জনগণ আশা প্রকাশ করেন যে, পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দুর্গম এলাকার জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পাথর ও ভারতীয় যন্ত্রাংশসহ আটক ১


    ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় ট্রাকের ৩২০টি যন্ত্রাংশ ও ১০ টন পাথরসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
    ​
    গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুন ২০২৬ তারিখ রাত ৮:৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জের পিরোজপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাংলাদেশি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশি করে ভারতীয় পাথরের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩২০ পিস ট্রাকের যন্ত্রাংশ জব্দ করা হয়। অভিযানের সময় ট্রাকের ১০ টন পাথরসহ আসামী মোঃ মাহফুজুর রহমানকে (২৩) আটক করা হয়। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। জব্দকৃত মালামালসহ ট্রাকটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে।
    ​
    মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • আজ ঐতিহাসিক বিশ্ব বাবা দিবস,বিশ্বের সকল বাবাদের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ আল আমিন

    স্টাফ রিপোর্টার: আজ ঐতিহাসিক বিশ্ব বাবা দিবস, আজকের এই দিনে বিশ্বের সকল বাবাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের অন্যতম সদস্য ও জাতীয় দৈনিক জনজাগরণ ও জিরো টিভির সাংবাদিক মোঃ আল আমিন।

    তিনি বলেন পৃথিবীর সবচেয়ে ছোট অথচ সবচেয়ে আবেগময় শব্দগুলোর মধ্যে একটি নাম বাবা। এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে থাকে পৃথিবীর সব ভালোবাসা, নিরাপত্তা, সাহস আর নির্ভরতার ও অনুভূতি।

    সেই বাবাদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের দিন আজ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস।

    প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে দিবসটি উদ্‌যাপন করা হয়। সেই হিসেবে এবার দিবসটি পালিত হচ্ছে আজ। যদিও বাবা দিবসের ধারণার জন্ম হয়েছে পশ্চিমা বিশ্বে, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি বিশ্বের প্রায় সব দেশেই জনপ্রিয় হয়ে উঠেছে।

    ইতিহাস বলছে, বিংশ শতাব্দীর শুরুতে বাবা দিবস উদ্‌যাপনের সূচনা হয়। মায়েদের পাশাপাশি বাবারাও সন্তানের জীবনে সমান গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল—এই বার্তা ছড়িয়ে দিতেই দিবসটি চালু করা হয়েছিল।

  • বিশ্বনাথে মানবপাচারের অভিযোগে আছকির-আজবর’র বিরোদ্ধে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের বিচার দাবি

    সিলেট বিশ্বনাথ প্রতিনিধি:
    সিলেটের বিশ্বনাথে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে একই পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। শনিবার (২০ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানান তারা।

    সংবাদ সম্মেলনে উত্তর দশপাইকা গ্রামের আজিম খান (২৩) লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামের ভুক্তভোগী কাউসারের পিতা আইন উদ্দিন (৭৫), লহরী নোয়াগাঁও গ্রামের আব্দুল জলিল (৬০), লহরী গ্রামের মোস্তাব আলী (৩৫), বালাগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামের ভুক্তভোগীর চাচা রিয়াজ উদ্দিন (৫২), মজলিশপুর গ্রামের সবুজ মিয়া (২৫), ওসমানীনগর উপজেলার খয়েরপুর গ্রামের মো. সেবুল মিয়া (৪৫), তাজপুর গ্রামের শাহান আলী (২৪), বিশ্বনাথ উপজেলার পশ্চিম নোয়াগাঁও গ্রামের জিল্লুর রহমান (৩৭), জগদ্বীশপুর গ্রামের আল আমিন (৩০) এবং দশঘর নোয়াগাঁও গ্রামের জুনাব আলী (৪৫)।

    লিখিত বক্তব্যে আজিম খান অভিযোগ করেন, বিশ্বনাথ উপজেলার দশঘর নোয়াগাঁও পশ্চিমপাড়ার বাসিন্দা আজবর আলী (৪৬), তার সৌদি প্রবাসী ভাই আছকির আলী (৫৫), রাজনা বেগম (৩৫), আছিয়া বেগম (৪৫) ও ফাহাদ আলী (২৫) সৌদি আরবে ড্রাইভিং ভিসায় পাঠানোর আশ্বাস দিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময়ে ব্যাংকের আরটিজিএস ও নগদে মোট ৫ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু প্রতিশ্রুত ড্রাইভিং ভিসার পরিবর্তে তিন মাস মেয়াদি অন্য একটি ভিসার পিডিএফ কপি দিয়ে মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স ও প্রশিক্ষণের নামে সম্পূর্ণ টাকা আদায় করা হয়।
    তিনি আরও অভিযোগ করেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে তাকে সৌদি আরব পাঠানোর কথা বলে ঢাকায় নিয়ে গিয়ে মানসিকভাবে নির্যাতন করা হয়। এ সময় তার ব্যবহৃত জিনিসপত্র, সৌদি ৫০০ রিয়াল এবং বাংলাদেশি ৬-৭ হাজার টাকা রেখে দিয়ে বিভিন্ন হুমকি দিয়ে বের করে দেওয়া হয়।

    পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ হলে বিভিন্ন জেলা ও উপজেলার আরও ভুক্তভোগীরা তার সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে প্রায় ২০ জন ভুক্তভোগী একত্রিত হয়ে গত ৮ মার্চ দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের কাছে পাসপোর্ট ও টাকা ফেরতের দাবিতে বিচার প্রার্থনা করেন। চেয়ারম্যানের কার্যালয় থেকে ১৫ এপ্রিল, ৩ মে ও ৯ জুন তিন দফা নোটিশ দেওয়া হলেও অভিযুক্তরা উপস্থিত না হওয়ায় ভুক্তভোগীদের আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

    পরে তারা বৈদেশিক কর্মসংস্থান আইনে মাননীয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত, সিলেটে বিশ্বনাথ সি.আর. মামলা নং-২৪৯/২০২৬ দায়ের করেন।
    সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা মানবপাচারকারী চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণার হাত থেকে রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
    এব্যাপারে দশঘর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খানের সাথে আলাপ কালে তিনি জানান, অভিযুক্তদের কোন সাড়া না পেয়ে আদালতের স্বরনাপন্ন হওয়ার জন্যে তিনি প্রত্যয়ন দিয়েছেন।
    এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

  • বিরামপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার, জিআর চাল বিতরণের উদ্বোধন করলেন মন্ত্রী


    দিনাজপুর জেলা প্রতিনিধি: সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের খাদ্য সহায়তা নিশ্চিত করতে দিনাজপুরের বিরামপুরে সরকারি জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিরামপুর উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন এমপি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ধনী-গরিব, ধর্ম-বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয় নয়—প্রয়োজনের সময় মানবিক সহায়তাই সবচেয়ে বড় বিষয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষভাবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি মো. কামর সেলিম।এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা কৃষকদলের সভাপতি মো. শাহানুর আলম, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শিরোন আলম, কাটলা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির হোসেন, দিওড় ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. রেজওয়ান আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মন্ত্রী সরকারি বরাদ্দের জিআর চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো জরুরি।