Category: সারাদেশ

  • খানাখন্দে ভরা সড়ক মেরামত করে আলোচনায় বাঁকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার

    খানাখন্দে ভরা সড়ক মেরামত করে আলোচনায় বাঁকা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার

    স্টাফ রিপোর্টার:

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজ করে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনায় এসেছেন।

    সম্প্রতি তিনি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে উপজেলার জোড়া ব্রিজ থেকে বিজিবি ক্যাম্প হয়ে প্রতাপপুর পর্যন্ত যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল ও খানাখন্দে ভরা রাস্তাটি ইট ও আদলা দিয়ে চলাচলের উপযোগী করে মেরামত করে দিয়েছেন।

    রাস্তাটির এই বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে জনসাধারণের এই চরম দুর্ভোগ লাঘবে আবুল বাশারের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তিনি সর্বসাধারণের কাছে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন।

    স্থানীয় বাসিন্দারা জানান, আবুল বাশার সবসময়ই এলাকার মানুষের যেকোনো সমস্যায় এবং সুখে-দুঃখে পাশে দাঁড়ান। দীর্ঘদিন ধরে তিনি নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, যা তাকে সাধারণ মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।

    সমাজসেবা ও মানবউন্নয়নের এই ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাঁকা ইউনিয়নের সাধারণ মানুষের মুখে মুখে এখন তার নাম শোনা যাচ্ছে।

    দলমত নির্বিশেষে সাধারণ মানুষ মনে করছেন, আবুল বাশারের মতো একজন জনবান্ধব, নিঃস্বার্থ ও উন্নয়নকামী মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত হলে বাঁকা ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত হবে।

    এলাকাবাসীর এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাশার জানান, পদের লোভ বা প্রচারের জন্য নয়, বরং মানবিক দায়বদ্ধতা ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি সবসময় কাজ করে আসছেন। ভবিষ্যতে নির্বাচিত হতে পারলে বাঁকা ইউনিয়নকে একটি আদর্শ, উন্নত ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নিজের জীবন উৎসর্গ করবেন।

  • পত্নীতলায় ‘লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত 

    নওগাঁ জেলা প্রতিনিধি : টনওগাঁর পত্নীতলায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক দিনব্যাপী সেমিনার ও প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী স্টল ও প্রদর্শনী পরিদর্শন করেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

    পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন:

    “ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণের এই সময়ে তরুণ প্রজন্ম ও স্থানীয় উদ্ভাবকদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই ধরণের প্রদর্শনী স্থানীয় পর্যায়ে টেকসই ও লাগসই প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    সেমিনার পর্বে বক্তারা স্থানীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং কৃষি ও শিল্প খাতে লাগসই প্রযুক্তির সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরেন।

    প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বিজ্ঞানমনস্ক তরুণরা তাদের নিজেদের উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব ও সাশ্রয়ী প্রযুক্তি প্রদর্শন করেন। অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং খুদে উদ্ভাবকদের নানামুখী উদ্যোগ ও প্রতিভার প্রশংসা করেন।

    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

  • বিরামপুরে মাদক ব্যবসায়ী ও সেবী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

    দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত এক মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

    সোমবার (১৫ জুন ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশের একটি দল অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে

    অভিযানের একপর্যায়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মোঃ সুমন ইসলাম (৩৮)-কে আটক করা হয়।আটক সুমন ইসলাম বিরামপুর উপজেলার পূর্বপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম শহিদুল ইসলাম। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে।আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদক-সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত করে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের বিস্তার রোধে বিরামপুর উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি আইনের হাত থেকে রেহাই পাবে না।

    স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন, সংরক্ষণ কিংবা সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রশাসন আরও জানায়, মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    কোথাও মাদক ব্যবসা বা সেবনের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। জনগণের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

  • ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময়

    ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসানের সঙ্গে রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) রাত ৮টায় রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

     

    রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত এ মতবিনিময় সভায় সদর থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং সাংবাদিক-পুলিশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

     

    সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিক ও পুলিশ একযোগে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

    অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান বলেন, আমি সাংবাদিক বান্ধব মানুষ। তিনি সবসময় সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি আরো বলেন, গরীব অসহায় মানুষ দালাল ছাড়া আমার কাছে সরাসরি আসলে সম্ভবপর সহযোগিতা করব ইনশাল্লাহ। তিনি ঝালকাঠি বাসীর আতিথেয়তা ও সভ্যতার প্রশংসা করেন।

    এ সময় সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা বৃদ্ধি, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত তথ্যপ্রাপ্তি নিশ্চিতকরণ এবং গুজব ও অপপ্রচার রোধে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও আলোচনা হয়। নবাগত অভিসার ইনচার্জ সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে জনবান্ধব ও সেবামুখী কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

     

    মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর থানার এস আই মোঃ গালিব, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি কে এম মঞ্জুরুল ইসলাম, আজিজুর রহমান বশির, যুগ্ম সম্পাদক মোঃ মাসুম খান, আইন সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান, নির্বাহী সদস্য মোঃ মাহবুব হোসেন সৈকত, সফিকুল ইসলাম হিরু, সৈয়দ রুবেল, নাদিম শরীফ ও সিয়ামসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

     

    রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত অভিসার ইনচার্জকে শুভেচ্ছা জানানো হয় এবং ঝালকাঠিতে শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিক ও পুলিশের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

  • সদরপুরের ঢেউখালীতে উঠান বৈঠকে নারীদের ভূমিসেবা ও ভূমির অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি

    সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ডিখান ডাঙ্গী এলাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে গ্রামীণ নারীদের জন্য এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৫ জুন ২০২৬) আয়োজিত এ উঠান বৈঠকে নারীদের ‘ভূমিসেবা ও ভূমিতে নারীর অধিকার’ বিষয়ে সচেতন করা হয়। এতে অংশগ্রহণকারী নারীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা, উত্তরাধিকার আইন অনুযায়ী নারীর অধিকার, নামজারি, খাজনা পরিশোধ এবং ভূমি ব্যবস্থাপনায় বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

    আলোচনা পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। তিনি বলেন, নারীদের ভূমি-সংক্রান্ত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা সহজলভ্য করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

  • সরকারি খাল থেকে ড্রেজারে বালু উত্তোলন, সদরপুরে ৫০ হাজার টাকা জরিমানা

    সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার আকোট বাজার সংলগ্ন এলাকায় সরকারি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (১৫ জুন ২০২৬) অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সদরপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে সরকারি খাল থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিষয়টি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাল, নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং জনস্বার্থের পরিপন্থী। এ ধরনের অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

  • কটিয়াদীতে তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি আশরাফুল হক দাদন-কে বর্ণাঢ্য সংবর্ধনা

    কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আশরাফুল হক দাদন-কে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    ​সোমবার (১৫ জুন) সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক পরিবেশকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

    ​অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবু ছিদ্দিকের সঞ্চালনা ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মোঃ আশরাফুল হক দাদন।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ​”শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি মেধাবী ও সুনাগরিক প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজকে এই অঞ্চলের একটি অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে রূপান্তর করতে আমি শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাব।”

    ​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির অতীত ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন সাবেক গভর্নিংবডি সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সিরাজী।

    ​এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মাঝে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,মোঃ সেলিম হায়দার,​কবির আহমদ,আবুল কালাম আজাদ,​মোঃ রইছ উদ্দিন প্রমুখ।

    সার্বিক নিরাপত্তা ও পড়াশোনার মান বৃদ্ধির তাগিদ দিয়ে সুচিন্তিত বক্তব্য রাখেন মোঃ মুস্তাফিজুর রহমান ও মোঃ মেজবাহ উদ্দিন।

    এছাড়াও ​সংবর্ধনা সভায় নবনির্বাচিত এডহক কমিটির সম্মানিত সদস্য মোঃ খোকন মিয়া এবং শিক্ষক প্রতিনিধি মোছাঃ শাহনাজ বেগমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ​অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত বক্তারা গভীর আশা প্রকাশ করেন যে, নতুন এডহক কমিটির সুদক্ষ ও গতিশীল নেতৃত্বে বোয়ালিয়া তাহেরা নূর হাই স্কুল এন্ড কলেজ পড়ালেখার মান ও সহশিক্ষা কার্যক্রমে আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাবে।

    এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। কুরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ সামসুল আলম।

  • যাত্রাবাড়ীতে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এডভোকেট রিফাতের উদ্যোগে সামাজিক কাজ পরিচালনা

    যাত্রাবাড়ি, ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী থানার অন্তর্গত ৪৮ নম্বর ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ পরিচালনা করেছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এডভোকেট ওয়াকিল উদ্দিন রিফাত।

    উক্ত কাজের অংশ হিসেবে আজ(সোমবার ১৫ই জুন) কাজলা থেকে যাত্রাবাড়ি গামী রাস্তার ফুটপাতে ড্রেনের ভেঙ্গে যাওয়া স্লাব বসান।

    এসময় কাজের গুণগত মান নিশ্চিত করতে এডভোকেট ওয়াকিল উদ্দিন রিফাত নিজে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।

    উন্নয়নমূলক কাজ চলাকালীন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন।

    উক্ত সময়ে উপস্থিত এলাকার সাধারণ মানুষ বলেন, কোনো পদে না থেকেও এডভোকেট রিফাত যেভাবে সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন তা প্রশংসনীয়। এই ধরনের সামাজিক উদ্যোগের ফলে ৪৮ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কিছু স্থানীয় সমস্যার সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন। এবং তার একাজের ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেন।

    পরিদর্শন শেষে এডভোকেট ওয়াকিল উদ্দিন রিফাত জানান, জনগণের সেবক হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান। আগামী দিনেও ৪৮ নম্বর ওয়ার্ডের যেকোনো সংকটে এবং এলাকার সার্বিক উন্নয়নে তার এই জনকল্যাণমূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত(সম্ভাব্য) প্রার্থী হিসেবে এলাকার জনগণ আগামী দিনে আমাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।

  • রাজধানীতে শিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

     

    যাত্রাবাড়ি, ঢাকা প্রতিনিধি: জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের হিজাব, নিকাব ও পর্দাকে লক্ষ্য করে বিএনপি সাংসদ মনিরুল হক চৌধুরীর কুরুচিপূর্ণ মন্তব্য, দলীয় সংসদ সদস্যদের টেবিল চাপড়ে উল্লাস প্রকাশ এবং দেশব্যাপী ছাত্রদল-যুবদলের অব্যাহত ধর্ষণের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

    আজ (১৪ জুন) রাত ৯:৩০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত মিছিলটি রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজার।

    ঢাকা মহানগর নেতৃবৃন্দের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, মহানগর পূর্ব সভাপতি ও ডাকসুর পরিবহণ সম্পাদক আসসিফ আব্দুল্লাহ, দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন, পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ মহানগরীর বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সাইম।

  • কটিয়াদীতে বিশ্ব রক্তদাতা দিবস উদ্‌যাপন: দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও উপহার সামগ্রী বিতরণ

    ​কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রক্তদান সমিতি’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। “নিরাপদ রক্ত বাঁচায় প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

    ​রবিবার (১৪ জুন) কটিয়াদী সরকারি কলেজ চত্বরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং নিয়মিত ও নতুন রক্তদাতাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

    ​সংগঠনের কার্যকরী সমন্বয়ক জিসান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম।

    ​কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য শাহরিয়ার হোসেন রিপন, জুয়েল আহমেদ, রফিকুল ইসলাম বাপ্পী, কাওসার আহমেদ, সাব্বির হোসেন রিয়াদ, বৃষ্টি আক্তার, রাদিন, রাজিব, বিজয়, নিশাদ, ইমরান, হুমায়ুন, আহাদ, সাকিব, রাতুল, তায়েফ, পিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

    ​উদ্বোধনী বক্তব্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন,”বিশ্ব রক্তদাতা দিবসে আমি সকল নিঃস্বার্থ রক্তদাতা ও মানবিক স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর্ত মানবতার সেবায় এ ধরনের মহৎ কাজে তরুণ ও নতুন প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য এই আয়োজন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

    ​সভাপতির বক্তব্যে সংগঠনের কার্যকরী সমন্বয়ক জিসান আজাদ বলেন, “নিরাপদ রক্তের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত রক্তদাতাদের মানসিকভাবে উৎসাহিত করার জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তাছাড়া গ্রামীণ জনপদে নতুন রক্তদাতা সৃষ্টির লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে প্রতিটি গ্রামে এই ধরণের মানবিক আয়োজন অব্যাহত রাখবো।”

    ​আয়োজকরা জানান, দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় দুইশত সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি মানবিক কাজে উৎসাহ জোগাতে দেড়শত জন নিয়মিত ও নতুন রক্তদাতাকে সংগঠনের পক্ষ থেকে একটি করে আকর্ষণীয় টি-শার্ট ও কলম উপহার হিসেবে প্রদান করা হয়। কলেজ চত্বরে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করতে সকাল থেকেই সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।