Category: সারাদেশ

  • চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

    চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

    আলমাস হোসাইন | স্টাফ রিপোর্টার
    ঢাকার আশুলিয়ার বগাবাড়ী বাজারে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনটির নেতাকর্মী ও শ্রমিকরা।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বগাবাড়ী বাজারস্থ ফেডারেশন অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। সংহতি বক্তব্য দেন শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দু, মনসুর আলী,মাসুদ রানা সুলতান প্রমুখ।

    বক্তারা অভিযোগ করেন, গত ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় মাদক কারবারি মামুন ও তার সহযোগীরা শ্রমিক ইউনিটির কার্যালয়ে এসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

    তাদের দাবি, বেশ কিছুদিন ধরে ওই চক্রটি সংগঠনের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।

    বক্তারা আরও বলেন, হামলাকারীরা হুমকি দিয়ে বলেছে, চাঁদা না দিলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ও থানা কমিটির সভাপতি নাজমুল হককে যেখানে পাওয়া যাবে, সেখানেই গুম করা হবে। এমন হুমকিতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

    সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিক সংগঠনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

  • আশুলিয়ায় শ্রমিক সংগঠনের অফিসে হামলা, চাঁদা না পেয়ে নগদ টাকা লুটের অভিযোগ

    আশুলিয়ায় শ্রমিক সংগঠনের অফিসে হামলা, চাঁদা না পেয়ে নগদ টাকা লুটের অভিযোগ

    আশুলিয়া প্রতিনিধি:
    ঢাকার আশুলিয়ায় একটি শ্রমিক সংগঠনের অফিসে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের।

    অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকার সমির সুপার মার্কেটে অবস্থিত জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি ও বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সংগঠনের কর্মী দুলালী আক্তার ও আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগে বলা হয়, মামুন মন্ডল (৪৫) ও আব্দুস সালাম (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন দীর্ঘদিন ধরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।

    ভুক্তভোগীদের দাবি, বুধবার (১৫এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে অফিসে প্রবেশ করে। তারা দুলালী আক্তারের সঙ্গে অসদাচরণ করে এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে নাজমুল হকের ওপরও হামলা চালানো হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
    এছাড়া, চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

    দুলালী আক্তার বলেন,দীর্ঘদিন ধরে তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করছিল। চাঁদা না দেওয়ায় অফিসে হামলা চালানো হয়েছে।

    নাজমুল হক বলেন,অফিসে হামলার খবর পেয়ে গেলে আমাকে মারধর করা হয় এবং আমার কাছে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায়।

    কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ বলেন, কিছুদিন ধরে মামুন নামের ওই ব্যক্তি আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় অফিসে হামলা চালানো হয়েছে বলে জানতে পেরেছি।

    এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • সাভারের নবীনগরে সেনা শপিং কমপ্লেক্সে শিশুর গলার স্বর্ণের চেইন ছিনতাই

    সাভারের নবীনগরে সেনা শপিং কমপ্লেক্সে শিশুর গলার স্বর্ণের চেইন ছিনতাই

    স্টাফ রিপোর্টার:
    সাভারের নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে পয়লা বৈশাখের ভিড়ের মধ্যে চার বছর বয়সী এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে কমপ্লেক্সের ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী সাংবাদিক আলমাস হোসেন জানান, বাংলা নববর্ষ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি কেনাকাটা করতে কমপ্লেক্সে যান। কেনাকাটা শেষে বের হওয়ার সময় হঠাৎ ভিড়ের মধ্যে তার ছোট মেয়ের গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইনটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

    তিনি অভিযোগ করে বলেন,মার্কেট বন্ধের সময় শুধুমাত্র ২ নম্বর গেট খোলা রাখা হয় এবং অন্য গেটগুলো বন্ধ থাকায় সেখানে তীব্র ভিড় তৈরি হয়। এই বিশৃঙ্খলার সুযোগেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি কোনোভাবেই মার্কেট কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না।

    এ ঘটনায় উপস্থিত অন্য ক্রেতারাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, শপিং কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার না থাকায় চুরি, ছিনতাইসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা পরিবার নিয়ে কেনাকাটায় উদ্বেগ তৈরি করছে।

    এ বিষয়ে সেনা শপিং কমপ্লেক্সের ইনচার্জ মো. হাসান বলেন,ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, উৎসবকেন্দ্রিক ভিড়ের সময় বাড়তি নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি, যাতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।

  • গলায় মরণব্যাধি টিউমার, তিন সন্তানকে বুকে নিয়ে মৃত্যুর অপেক্ষায় আশুলিয়ার শান্তি।

    গলায় মরণব্যাধি টিউমার, তিন সন্তানকে বুকে নিয়ে মৃত্যুর অপেক্ষায় আশুলিয়ার শান্তি।

    আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
    গলায় ভয়াবহ টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন শান্তি খাতুন (৩৫)। যে নারী একসময় স্থানীয় একটি ওয়াশিং কারখানায় কাজ করে তিন সন্তানের মুখে খাবার তুলে দিতেন, আজ তিনি নিজেই একফোঁটা খাবার গিলতে পারছেন না। অসহ্য যন্ত্রণা আর অর্থাভাবে থেমে গেছে তার চিকিৎসা।

    স্বামী মুজা অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছেন। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় দিন কাটছে তার। ছোট সন্তানগুলো শুধু দেখছে—তাদের মা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছেন।

    জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের মেয়ে শান্তি খাতুন স্বামীর সঙ্গে আশুলিয়ায় এসে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন। বর্তমানে তিনি পশ্চিম বাইপাইল এলাকায় একটি টিনসেট বাসায় ভাড়া থাকেন। অসুস্থতার কারণে কাজ বন্ধ, ঘরে নেই কোনো আয়।

    শান্তির ভাই আল-আমীন বলেন,আমরা গরিব মানুষ, যা ছিল সব চিকিৎসায় শেষ। এখন কিছুই নেই। কেউ সাহায্য করলে হয়তো বোনটা বাঁচবে।

    স্থানীয়দের মতে, দ্রুত চিকিৎসা পেলে তার জীবন রক্ষা সম্ভব।

    সমাজের সহানুভূতিশীল মানুষের সহযোগিতাই বাঁচাতে পারে এক মায়ের জীবন এবং তার তিন সন্তানের ভবিষ্যৎ।

  • আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক

    আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক

    আলমাস হোসেন | স্টাফ রিপোর্টার
    ঢাকার আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ রুবেল (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে আশুলিয়ার জামগড়ার ছয়তলা নামক এলাকার একটি গার্মেন্টস কারখানার ৩ নম্বর গেট সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।

    আটক রুবেল বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা গ্রামের ইউসুফের ছেলে। সে চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় অস্ত্রসহ এক সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রুবেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

    আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য বলে স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে অপহরণ, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

    পুলিশ আরও জানায়, আটক রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে। তারা বলছেন, এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হলে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে।

    আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

  • দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আশুলিয়া থানার রুবেল হাওলাদার

    দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আশুলিয়া থানার রুবেল হাওলাদার

    আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
    আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার, পিপিএম। টানা সাফল্য, দক্ষ নেতৃত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
    মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
    জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর আশুলিয়া থানার দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি রুবেল হাওলাদারের নেতৃত্বে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার, মামলা গ্রহণ ও জনসেবামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। তার পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও কার্যকর পদক্ষেপের কারণে তাকে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
    এ সম্মাননা অর্জনের পর আশুলিয়াবাসীর প্রশংসায় ভাসছেন এই পুলিশ কর্মকর্তা। স্থানীয়দের মতে, তার নেতৃত্বে আশুলিয়া থানায় জনসেবার মান বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে।
    প্রতিক্রিয়ায় ওসি মোঃ রুবেল হাওলাদার বলেন, “ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান স্যারের নেতৃত্বে আশুলিয়া থানার সকল অফিসার ও ফোর্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশুলিয়াবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা আশুলিয়াকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
    উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারিও তিনি প্রথমবারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো একই সম্মান অর্জন করে তিনি নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন।

  • বাইপাইলে নেই যানবাহন, বৃষ্টিতে ভিজে অপেক্ষায় ঈদযাত্রীদের দুর্ভোগ

    বাইপাইলে নেই যানবাহন, বৃষ্টিতে ভিজে অপেক্ষায় ঈদযাত্রীদের দুর্ভোগ

    আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
    ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও আশুলিয়ার বাইপাইল এলাকায় দেখা দিয়েছে তীব্র যানবাহন সংকট। এর সঙ্গে যোগ হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বাড়ি ফেরা যাত্রীরা।

    বুধবার (১৮ মার্চ) বিকেলে বাইপাইল এলাকায় গিয়ে এমন দুর্ভোগের চিত্র দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক যাত্রী পরিবহন পাচ্ছেন না। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে আছেন, আবার অনেকেই ভিজে একাকার হয়ে পড়েছেন বৃষ্টিতে।

    ঠাকুরগাঁওগামী যাত্রী আমেনা বলেন, দুপুর থেকে ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। দাঁড়িয়ে থাকার মতো জায়গাও নেই, বৃষ্টিতে ভিজে গেছি।

    রংপুরগামী যাত্রী শামীম বলেন, পরিবারের চারজনকে নিয়ে অপেক্ষা করছি। এবার গাড়ির খুব সংকট। গাড়ি পেলেই ভাড়া একটু বেশি হলেও চলে যেতাম।

    পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির সংকটের কারণেই অনেক গাড়ি সড়কে নামতে পারছে না। চালক আব্দুর রহিম জানান, পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টে নিজের গাড়ির জন্য তেল সংগ্রহ করেছি। তবে বেশিরভাগ গাড়িই তেলের অভাবে ছাড়তে পারছে না।

    এদিকে বাইপাইলের আজিজ ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পাম্পটি বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, সকাল থেকেই স্টেশনটিতে কোনো ধরনের জ্বালানি সরবরাহ নেই। সংশ্লিষ্টদের দাবি, ডিজেল ও অক্টেন শেষ হয়ে গেছে। নতুন সরবরাহের জন্য চট্টগ্রামে গাড়ি পাঠানো হলেও তা এখনো পৌঁছায়নি।

    সব মিলিয়ে, যানবাহন সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।

  • আশুলিয়ায় ময়লা সংগ্রহের ব্যবসা ঘিরে উত্তেজনা: ভাঙচুর ও হুমকির অভিযোগ,

    আশুলিয়ায় ময়লা সংগ্রহের ব্যবসা ঘিরে উত্তেজনা: ভাঙচুর ও হুমকির অভিযোগ,

    আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
    আশুলিয়ার ভাদাইল এলাকায় ময়লা সংগ্রহের ব্যবসা কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে ভাঙচুর, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা দখলের উদ্দেশ্যে চাপ দিয়ে আসছিল আশুলিয়া থানা যুবদলের সহ-সভাপতি ইদ্রিস আলী। তার বাবাকে ময়লার ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন।
    সোমবার (১৬ মার্চ) সকালে ঘটনার সূত্রপাত হয় বলে জানান ভুক্তভোগী এমতাজউদ্দিন ভুঁইয়া। এ ঘটনায় তার মেয়ে সাবিনা ইয়াসমিন আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগে উল্লেখ করা হয়, গত দুই থেকে তিন মাস ধরে অভিযুক্ত ব্যক্তি তাদের ময়লা সংগ্রহের কাজ ছেড়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন সকালে শ্রমিকরা কাজে গেলে তাদের বাধা দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদেরও ভয়ভীতি দেখানো হয়।
    ভুক্তভোগীদের দাবি, কাজ শেষে বিকেলে গাড়িটি গ্যারেজে রাখার পর অভিযুক্তের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে গাড়িতে ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে তারা সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা সরে যায়।
    অভিযোগে আরও বলা হয়, থানায় অভিযোগ দায়েরের পর পুলিশকে সঙ্গে নিয়ে অভিযুক্ত ইদ্রিস আলী কার্যালয়ে গেলে সেখানেও ভুক্তভোগীদের প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
    পরিবারটি জানায়, তারা দীর্ঘদিন ধরে স্থানীয় বাসাবাড়ির উচ্ছিষ্ট ময়লা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন। এই ব্যবসা দখলের লক্ষ্যেই তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তাদের অভিযোগ। ঘটনার ভিডিওসহ বিভিন্ন প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও দাবি করা হয়েছে।
    তবে অভিযুক্ত ইদ্রিস আলী এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
    এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • গার্মেন্টস শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে বাইপাইলে মানববন্ধন ও বিক্ষোভ

    গার্মেন্টস শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে বাইপাইলে মানববন্ধন ও বিক্ষোভ

    আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
    আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকের ওপর হামলা ও অপহরণের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
    সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে আল্টিমেট ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কারখানাটির শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।
    ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে একদল মুখোশধারী সন্ত্রাসী আল্টিমেট ফ্যাশন লিমিটেডের শ্রমিক মো. শামীম হোসেনের বাসায় ঢুকে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে। পরে জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। সন্ত্রাসীরা তাকে কাছাকাছি একটি নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে মারধর শুরু করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন।
    একই রাতে প্রায় ৯টা ১৫ মিনিটের দিকে একই কারখানার আরেক শ্রমিক মো. খায়রুল ইসলামের ওপরও দলবদ্ধভাবে হামলা চালিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
    এ ঘটনার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। সংহতি বক্তব্য দেন শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান। এ সময় বক্তব্য রাখেন হামলার শিকার শ্রমিক মো. শামীম হোসেন ও মো. খায়রুল ইসলামসহ অন্যান্য শ্রমিক নেতারা।
    বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় শ্রমিকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
    জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ বলেন, প্রায় চার মাস কারখানা বন্ধ থাকার পরও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করা হয়নি। বাধ্য হয়ে শ্রমিকরা আন্দোলনে নামেন। পরে শিল্প পুলিশের হস্তক্ষেপে মালিকপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ করে। এর জের ধরেই প্রতিবাদী কয়েকজন শ্রমিককে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
    তিনি আরও বলেন, শ্রমিকদের ভয় দেখাতে ও আন্দোলন দমাতে এ ধরনের হামলা চালানো হয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
    কর্মসূচি শেষে শ্রমিকরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

  • কারখানা স্থানান্তরের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, ঈদের আগে পাওনা পরিশোধের দাবি

    কারখানা স্থানান্তরের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, ঈদের আগে পাওনা পরিশোধের দাবি

    আলমাস হোসাইন | ঢাকা প্রতিনিধি
    কারখানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ এবং শ্রম আইন অনুযায়ী ঈদের আগেই শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
    রোববার (১৫ মার্চ) বিকেলে আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কারখানাটির বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।
    শ্রমিকদের অভিযোগ, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত উইলিয়ামস সোয়েটারস লিমিটেড কারখানায় তারা দীর্ঘদিন ধরে কর্মরত। সম্প্রতি কর্তৃপক্ষ হঠাৎ করেই প্রতিষ্ঠানটি প্রায় ৫০ কিলোমিটার দূরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে শ্রমিকদের চাকরি ছেড়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
    শ্রমিকরা জানান, আকস্মিকভাবে এত দূরে কারখানা স্থানান্তরের সিদ্ধান্তে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অধিকাংশ শ্রমিক দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় বসবাস করছেন এবং তাদের সন্তানরা এখানকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। ফলে নতুন এলাকায় গিয়ে বসবাস ও কর্মসংস্থান চালিয়ে যাওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
    এই পরিস্থিতিতে শ্রম আইন অনুযায়ী বকেয়া সকল পাওনা দ্রুত পরিশোধ এবং শ্রমিকদের প্রতি হয়রানি ও চাপ প্রয়োগ বন্ধের দাবিতে তারা বাইপাইল ত্রিমোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
    কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ এবং সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। এ সময় শ্রমিক নেতা মাসুদ রানা সুলতানসহ শ্রমিক প্রতিনিধি মো. শাহাজাহান ও মো. রাজা মিয়া বক্তব্য রাখেন।
    বক্তারা বলেন, ন্যায্য অধিকার আদায়ের দাবি জানাতে গেলেই শ্রমিকদের হুমকি-ধমকি ও বিভিন্ন ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে। দ্রুত এসব কার্যক্রম বন্ধ করে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সব বকেয়া পাওনা ঈদের আগেই পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।