Category: অপরাধ

  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান

    নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
    ২৪ জুন(বুধবার) সন্ধ্যায় উপজেলার বসুরহাট বাজার ও সিরাজপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

    জানা গেছে, বসুরহাট বাজারে অবস্থিত ‘আজমেরী হোটেল’-এ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
    অন্যদিকে, সিরাজপুর ইউনিয়নের তালের চারা এলাকায় ‘আবুল স্টোর’-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে কোক, জুস, বিস্কুট, চিপস, চানাচুর, সরিষার তেল, ড্রাই কেক, ঝালমুড়ি, ইন্সট্যান্ট নুডলস ও বিরিয়ানি মশলাসহ প্রায় ২৫ রকমের পণ্য রয়েছে। এই অপরাধে আবুল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
    জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি: উদ্ধার একে-৪৭

    খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির জেলা রামগড়- মাটিরাঙ্গা উপজেলায় সীমান্তবর্তী তৈকাথান-প্রেমতলা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় ইউপিডিএফের এক সদস্য ববিন ত্রিপুরা (৩৫ নিহত হয়েছে। অপর একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী।
    বুধবার (২৪ জুন) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে উপজেলার প্রেমতলা সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর সশস্ত্র সদস্যদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। কিছু সময় গোলাগুলি চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তি ববিন ত্রিপুরা (৩৫)। তিনি রামগড় উপজেলার মাজারা টিলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন সুনিল ত্রিপুরা। তিনি কমল বিকাশ ত্রিপুরা ও তিরবালা ত্রিপুরার ছেলে। তার বাড়ি দাতারাম পাড়ায়।

    স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত সুনিল ত্রিপুরা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
    এদিকে, গোলাগুলির পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ করা হয়েছে ।

  • নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী অভিযানে ১০ বোতল এস্কাফ (Eskuf) উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ।
    বুধবার (২৪ জুন ) সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার উত্তর সাকুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. জুয়েল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর সাকুপাড়া গ্রামের মৃত ওবায়দুর রহমান ও মৃত আমেনা বেগমের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ১০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান , মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জ শহরে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে পৌর এলাকার মেডিকেল রোড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জের ধরেই এই নৃশংস ঘটনাটি ঘটেছে।

    ​নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে।

    ​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রজব আলীর সাথে দীর্ঘদিন ধরেই তার এক বন্ধুর মাদকসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে মেডিকেল রোড এলাকায় তাদের মধ্যে বিষয়টি নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে অভিযুক্ত বন্ধু নিশান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।

    ​স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রজব আলীকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ​ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, মাদককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    ​এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে চরভদ্রাসনে বিএনপি ও অঙ্গসংগঠনের মৌন মিছিল


    চরভদ্রাসন ফরিদপুর প্রতিনিধি:
    ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

    সোমবার (২৩ জুন) বেলা ১২টার দিকে চরভদ্রাসন উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রশাসনিক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা), উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা ও রহমত দেওয়ান, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    পথসভায় বক্তারা বলেন, “ফ্যাসিবাদের দোসররা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অপপ্রচারের মাধ্যমে রাজনীতিকে কলুষিত করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ তাদের এসব ষড়যন্ত্র সম্পর্কে সচেতন। বাংলার জমিনে ফ্যাসিবাদ ও তার দোসরদের আর কোনো স্থান হবে না।”

    বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

    অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুল হক-এর তত্ত্বাবধানে ডিবির একটি দল গত সোমবার (২২ জুন) রাতে অভিযান পরিচালনা করে। ডিবির এসআই (নিঃ) মো. ফয়সাল হাসান-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের বাগচর এলাকার রামকৃষ্ণপুর গ্রামের মমিন মোড় সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালায়। অভিযানের সময় মো. শরীফুল ইসলাম বাবু (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত শরীফুল ইসলাম বাবু সদর উপজেলার চরবাগডাঙ্গা গড়াইপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

    জেলা পুলিশ কর্মকর্তা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান, ৪ জনকে জরিমানা


    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বন বিভাগ। রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)-এর নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সোমবার (২২ জুন) বিকেল ৫টায় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগচর গ্রামের মোল্লান মোড়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    অভিযান চলাকালে করাত-কল বিধিমালা-২০১২ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়াই কয়েকটি করাত-কল পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ সময় আইন অমান্য করে করাত-কল পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত চার ব্যক্তিকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

    জরিমানাপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগচর গ্রামের আমির হোসেনের ছেলে মো. মোক্তার হোসেন (৩ হাজার টাকা), মুনসুর আলীর ছেলে মো. আত্তাব উদ্দিন (৫ হাজার টাকা), আব্দুল লতিবের ছেলে শুকুরুদ্দীন (৫০০ টাকা) এবং মো. দাউদ আলীর ছেলে আবু বাক্কার (১০ হাজার টাকা)।
    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।

    অভিযানে সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বন বিভাগ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন বিভাগের সহকারী বনসংরক্ষক নায়েমা আক্তার জানান, পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদের সুরক্ষা এবং সরকারি বিধিমালা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ করাত-কলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনজ সম্পদের অবৈধ ব্যবহার ও পরিবেশের ক্ষতি রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হবে। অবৈধ করাত-কল পরিচালনার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে বলেও তারা উল্লেখ করেন।

  • নেত্রকোনায় মাদ্রাসা ফাঁকি দিয়ে অনুদান হাতানোর অভিযোগ খালিয়াজুরী প্রেসক্লাব আহবায়কের বিরুদ্ধে


    নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. হাবিবুল্লাহর বিরুদ্ধে প্রেসক্লাবের অনুদানের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম এবং কর্মস্থল নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসায় নিয়মিত অনুপস্থিত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি উঠেছে। প্রেসক্লাবের একাধিক সদস্য ও স্থানীয় সচেতন মহল এসব অভিযোগের নিরপেক্ষ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস হলেও মো. হাবিবুল্লাহ প্রায় দুই বছর ধরে আহ্বায়কের দায়িত্ব আঁকড়ে ধরে আছেন। পদে থেকে ক্লাবের সাধারণ সভা কিংবা নির্বাচন দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। ফলে সংগঠনের নিয়মিত কার্যক্রম, আর্থিক জবাবদিহিতা ও সাংগঠনিক স্বচ্ছতা বাধাগ্রস্ত হয়েছে বলে দাবি সদস্যদের।

    প্রেসক্লাবের একাধিক সদস্যের অভিযোগ, গত দুই বছরে বিভিন্ন সরকারি ও বেসরকারি উৎস থেকে প্রায় পাঁচ লাখ টাকা অনুদান সংগ্রহ করা হলেও এর আয়-ব্যয়ের কোনো পূর্ণাঙ্গ হিসাব সদস্যদের সামনে উপস্থাপন করা হয়নি। তারা অনুদানের অর্থের উৎস, ব্যয় ও ব্যবস্থাপনা বিষয়ে দুদকের অনুসন্ধান দাবি করেছেন।

    প্রেসক্লাব সদস্য মামুন ইয়ার চৌধুরী বলেন, ‘প্রেসক্লাবের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা থাকা জরুরি। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।’ স্থানীয় সূত্রে জানা যায়, মো. হাবিবুল্লাহ নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার এমপিওভুক্ত কর্মচারী। পাশাপাশি তিনি ময়মনসিংহ ও নেত্রকোনা থেকে প্রকাশিত একাধিক দৈনিক পত্রিকার খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি এবং উপজেলা জামায়াতে ইসলামীর নেতা হিসেবে পরিচয় বহন করেন। অভিযোগ রয়েছে, সাংবাদিকতা ও বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে তিনি নিয়মিতভাবে মাদ্রাসায় দায়িত্ব পালন করেন না।

    উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হাসান চৌধুরী পিন্টুসহ স্থানীয় একাধিক ব্যক্তি ও শিক্ষক তার কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ তুলেছেন।নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপার হারুন অর রশিদ বলেন, ‘হাবিবুল্লাহ সপ্তাহের কয়েকটি কর্মদিবসে মাদ্রাসায় অনুপস্থিত থাকেন। বিষয়টি সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীমকে অবহিত করা হয়েছিল।

    তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মো. হাবিবুল্লাহ। তিনি বলেন, ‘আমি প্রায় ২১ মাস ধরে প্রেসক্লাবের দায়িত্ব পালন করছি। খুব শিগগিরই সাধারণ সভা আহ্বান করা হবে। অনুদানের অর্থ ব্যবহারে কোনো অনিয়ম হয়নি। সাংবাদিকতা বা প্রেসক্লাব থেকে আমি কোনো আর্থিক সুবিধাও গ্রহণ করি না।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল বারী বলেন, ‘এমপিওভুক্ত কোনো কর্মচারীর সাংবাদিকতা বা সাংবাদিক সংগঠনের দায়িত্ব পালনের বিষয়ে তাৎক্ষণিকভাবে আমার জানা নেই।

    এদিকে অভিযোগের বিষয়ে এখনো কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেনি। তবে প্রেসক্লাবের অনুদানের অর্থের হিসাব প্রকাশ, মাদ্রাসায় অনুপস্থিতির অভিযোগ যাচাই এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সদস্যরা ও স্থানীয় সচেতন মহল।

  • বিমানবন্দরে রেলওয়ে স্টেশনে বন্ধহচ্ছে না টিকিট রিসেলিং সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব


    মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি:
    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলওয়ে স্টেশন-এ যাত্রীসেবার মান উন্নত হলেও টিকিট সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে টিকিট রিসেলিং এবং অবৈধ অর্থ আদায়ের ঘটনা নিয়মিত ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    অভিযোগ অনুযায়ী, কিছু নিরাপত্তা বাহিনীর সদস্য ট্রেনে যাত্রীদের টিকিট চেক করে বৈধ টিকিট সংগ্রহ করে তা ট্রেনের এটেনডেন্টদের কাছে বিক্রি করছেন। পরে সেই টিকিট অন্য যাত্রীদের কাছে সরবরাহ করা হচ্ছে, যাতে তারা কমলাপুর রেলওয়ে স্টেশন-এ নির্বিঘ্নে বের হতে পারে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

    যদিও নিয়ম অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যদের টিকিট চেক করার এখতিয়ার নেই, অতীতে টিকিট চেকার (টিসি) সংকটের কারণে তারা এ কাজে যুক্ত ছিলেন। বর্তমানে পর্যাপ্ত টিসি থাকা সত্ত্বেও অভিযোগ রয়েছে, তাদের একটি অংশও নানা অনিয়মে জড়িত।

    যাত্রীদের অভিযোগ, অনলাইন টিকিট দেখালে অনেক সময় টিসিরা ক্রেতার জাতীয় পরিচয়পত্রের কপি দাবি করেন। তা দেখাতে না পারলে জরিমানার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়। বিশেষ করে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে বেশি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এমনকি শিশুদের জন্য অতিরিক্ত টিকিটের অজুহাতেও টাকা নেওয়া হচ্ছে।

    এছাড়া, কিছু ক্ষেত্রে টিকিট ছাড়াই যাত্রীদের কাছ থেকে অর্থ নিয়ে তাদের গেট পার করে দেওয়ার অভিযোগ রয়েছে। আবার টিকিট না কেটেই অর্থ নেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

    এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে-এর ঢাকা বিভাগের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার মো. মহব্বতজান জানান, অভিযোগ পাওয়ার পর কিছু টিসিকে বদলি করা হয়েছে। তবে হেড টিসি মো. মনির দাবি করেন, টিকিট রিসেলিংয়ে টিসিরা নয়, বরং নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা জড়িত।

    তিনি আরও বলেন, অনেক সময় ভুয়া বা ফটোকপি টিকিট ধরা পড়লে জরিমানা করা হয়। তবে অভিযোগ রয়েছে, এই নিয়মের আড়ালে বৈধ যাত্রীদেরও হয়রানি করা হচ্ছে।

    সংশ্লিষ্টদের মতে, টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে অর্থ নিয়ে পরে কয়েকজনকে একত্র করে একটি টিকিট করা হয়—এমন ব্যাখ্যা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

    ভুক্তভোগী যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘ দেড় ঘন্টা অবরোধ করে রাখে ক্ষুব্ধ এলাকাবাসী


    খাগড়াছড়ি প্রতিনিধি:
    খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় গ্রামীণ সড়কের উন্নয়ন কাজে ১১ আনসার ব্যাটালিয়নের বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘ দেড় ঘন্টা অবরোধ করে রাখে ক্ষুব্ধ এলাকাবাসী। ফলে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন খাগড়াছড়ি ও চট্টগ্রামগামী যাত্রীরা।

    রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত গচ্ছাবিল আনসার সদর দপ্তর সংলগ্ন সড়কে এই অবরোধ করে এলাকাবাসী।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গচ্ছাবিল আনসার ক্যাম্প সংলগ্ন গচ্ছাবিল গুচ্ছগ্রামের একটি প্রাচীন কাঁচা গ্রামীণ রাস্তা সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে এই উন্নয়ন কার্যক্রম শুরু হলে তাতে বাধা দেয় পাশ্ববর্তী ১১ আনসার ব্যাটালিয়নের সদস্যরা। তাদের দাবি, সড়কটি আনসার ক্যাম্পের সীমানার আওতাভুক্ত। পক্ষান্তরে, স্থানীয়দের দাবি এটি তাদের দীর্ঘদিনের ব্যবহৃত জনগুরুত্বপূর্ণ রাস্তা এবং এই উন্নয়ন কাজ ব্যাহত হলে পুরো গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

    উন্নয়ন কাজে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গচ্ছাবিল গুচ্ছগ্রামের শত শত বাসিন্দা। নারী-পুরুষ শিশু-বৃদ্ধ নির্বিশেষে স্থানীয় জনতা বিকাল থেকেই খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে অবস্থান নেন। তারা আনসার ব্যাটালিয়নের এই উন্নয়নবিরোধী ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দিতে থাকেন এবং অবিলম্বে রাস্তার উন্নয়ন কাজ চালু করার দাবি জানান।

    মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় কয়েকজন প্রবীণ ও জনপ্রতিনিধি বলেন, আমাদের ট্যাক্সের টাকায় সরকার রাস্তা করে দিচ্ছে, সেখানে আনসার বাহিনী কেন বাধা দেবে এই রাস্তা আমাদের যাতায়াতের একমাত্র মাধ্যম। এটা বন্ধ হলে আমাদের স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রোগীদের যাতায়াত একেবারেই বন্ধ হয়ে যাবে। আমরা এর স্থায়ী সমাধান চাই।

    প্রধান সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ১১ আনসার ব্যাটালিয়ন পরিচালক (সিও) দেওয়ান মাতলুবুর রহমান, মানিকছড়ি সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুহতাসিম আলভী রাইম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মীর হোসেনসহ স্থানী রাজনৈতিক নেতৃবৃন্দ।

    তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি নিয়ে আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষের সাথে বসে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।